ইথানল মেশানো পেট্রল বড় ক্ষতি করছে গাড়ির, যা যা জানতে হবে
E20 নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে ৷ কেন এই মামলা ? কেনই বা ক্ষুব্ধ গাড়িচালকদের একাংশ ? বিশ্লেষণে ইটিভি ভারতের সৌমি বিশ্বাস ৷

Published : September 10, 2025 at 4:07 PM IST
হায়দরাবাদ, 6 সেপ্টেম্বর: দেশের পেট্রল পাম্পগুলিতে ইথানল মেশানো পেট্রলের পাশাপাশি পরিশোধিত পেট্রল বিক্রির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী অক্ষয় মালহোত্রা ৷ এই জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয় দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ ।
ইথানল ব্লেন্ডেড পেট্রল (EBP) ব্যবহারের ফলে দু'চাকা থেকে শুরু করে চারচাকা গাড়িগুলির ক্ষতি হচ্ছে, গতি কমে যাচ্ছে ৷ এনিয়ে ব্যবহারকারীদের ক্ষোভ বহু দিনের ৷ এই অভিযোগে কান দেয়নি কেন্দ্রীয় সরকার ৷ তাই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী ৷ কিন্তু সেখানেও সুরাহা মিলল না ৷ এদিকে বিরোধী দলগুলিও এই ইস্যুতে সরব হয়েছে ৷ কিন্তু শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের ইথানল মেশানো পেট্রলেই সম্মতি দিয়েছে ৷

ইথানল ব্লেন্ডেড পেট্রল কী (Ethanol Blended Petrol, E20) ?
80 শতাংশ পেট্রলের সঙ্গে 20 শতাংশ ইথানল মিশিয়ে তৈরি হয় ইথানল ব্লেন্ডেড পেট্রল ৷ একে E20 বলা হয় ৷ ইথানল হল জৈব জ্বালানি বা বায়ো ফুয়েল ৷ চিকিৎসার কাজে এর ব্যাপক ব্যবহার ৷ সাধারণত পচে যাওয়া ভাত, সবজি, আখ, জোয়ার, বাজরা, ভুট্টা অর্থাৎ কৃষিজাত বর্জ্য থেকে ইথানল উৎপন্ন হয় ৷ ইথানল ব্লেন্ডেড পেট্রলে (EBP), পেট্রলের সঙ্গে ইথানলকে মেশানো হয় ৷
ইথানল ব্লেন্ডেড পেট্রল (EBP) প্রোগ্রামের সূচনা
দেশে প্রথম EBP প্রকল্প চালু হয়েছিল 2003 সালের জানুয়ারি মাসে ৷ সেই সময় দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ৷ পেট্রোলিয়াম মন্ত্রী রাম নায়েক ৷ জীবাশ্ম জ্বালানির বিকল্প ও পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে ইথানল ব্লেন্ডেড পেট্রল ব্যবহারের সূচনা ৷ পরিবেশ দূষণ সংক্রান্ত একাধিক চুক্তি মেনে দেশে গ্রিন হাউজ গ্যাস ও কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনো-অক্সাইডের মতো দূষিত বাতাস নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নেয় সরকার ৷
এছাড়া দেশের একাধিক সেক্টরের উন্নয়নও EBP প্রকল্পের সঙ্গে যুক্ত ৷ ইথালন কৃষিজাত বর্জ্য থেকে উৎপন্ন হয় ৷ কাজেই এর সঙ্গে কৃষকদের স্বার্থ জড়িয়ে ৷ ইথানল মেশানো পেট্রলকে জ্বালানি হিসেবে ব্যবহারের নেপথ্যে বৈজ্ঞানিক যুক্তি- ইথানলের অণুতে (C₂H₆O) বেশি সংখ্যায় অক্সিজেনের উপস্থিতি ৷ অক্সিজেনের উপস্থিতি ইঞ্জিনকে জ্বালানি সম্পূর্ণরূপে দহন করতে সাহায্য করে ৷ তাতে কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোক্সাইডের নির্গমন 30 শতাংশ পর্যন্ত কমে ৷

2021 সালে এই ইথানল মেশানো পেট্রলের বিভিন্ন দিকগুলি নিয়ে গবেষণা করে একটি রিপোর্ট পেশ করে নীতি আয়োগ ৷ সেখানে এই জ্বালানির ইতিবাচক দিকগুলি তুলে ধরা হয় ৷ EBP নিয়ে গাড়ি ব্যবহারকারীদের গতি কমা থেকে শুরু করে গাড়ির যন্ত্রাংশের ক্ষতি হওয়ার মতো অভিযোগগুলি খারিজ করে দেওয়া হয় ওই রিপোর্টে ৷
বিদেশে অবশ্য ইথানল মেশানো পেট্রলের ব্যবহার শুরু হয়েছে সেই সাতের দশক থেকে ৷ ব্রাজিল 1976 সাল থেকে দেশে EBP চালু করেছে ৷ এখন দক্ষিণ আমেরিকার এই দেশে 27 শতাংশ ইথানল মেশানো পেট্রল বিক্রি হয় এবং তা বৈধ ৷ আমেরিকাতেও ইথানল মেশানো পেট্রল বিক্রি হয় ৷ ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটি দেশ ইতিমধ্য়ে এই জ্বালানি বিক্রির পথে হেঁটেছে ৷
পাঁচ বছর আগে লক্ষ্যপূরণ
2014 সালে 1.5 শতাংশ ইথানল মেশানো পেট্রল বিক্রি হত ৷ সেই থেকে ধাপে ধাপে ইথানলের পরিমাণ ক্রমশ বাড়িয়ে 2030 সালের মধ্যে 20 শতাংশে পৌঁছনোর লক্ষ্যমাত্রা রেখেছিল কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু নির্ধারিত সময়ের 5 বছর আগে অর্থাৎ 2025 সালের জুলাই মাসে তা পূরণ হয়ে গিয়েছে ৷

বর্তমানে দেশের পেট্রল পাম্পগুলিতে 20 শতাংশ ইথানল মেশানো পেট্রল বা E20 বিক্রি হচ্ছে । এই E20 কিনতে একপ্রকার বাধ্য হচ্ছেন ক্রেতারা । কারণ, পাম্পগুলিতে ইথানল-মুক্ত পেট্রল মিলছে না । এই নিয়ে আপত্তি তুলে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী ।
জনস্বার্থ মামলা
জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামনি সুপ্রিম কোর্টে সরকার কেন ইথানল মেশানো পেট্রল চালু করেছে, তার ইতিবাচক দিকগুলি তুলে ধরেন ৷ তিনি জানান, ইথানল ব্লেন্ডেড পেট্রল থেকে দেশের কৃষকরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন ৷ 2021 সালে নীতি আয়োগের রিপোর্টের কথাও তিনি উল্লেখ করেন ৷
পাশাপাশি অভিযোগ করেন, দায়ের হওয়া মামলা নেপথ্যে একটি বড় লবি কাজ করছে ৷ শুনানির একটি পর্যায়ে তিনি জানতে চান, "তাহলে কি এখন থেকে দেশের বাইরের লোকজন বলে দেবে, ভারত কী ধরনের জ্বালানি ব্যবহার করবে ?" শেষমেশ মামলাটি খারিজ করে দেয় দেশের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

আইনজীবীর আবেদন
অক্ষয়ের আবেদন ছিল, দেশের বহু নাগরিকই জানেন না যে তাঁরা পেট্রলপাম্পগুলি থেকে 20 শতাংশ ইথানল মেশানো পেট্রল বা E20 কিনছেন ৷ কারণ সেখানে ক্রেতাদের জন্য এই সংক্রান্ত কোনও নোটিশ বোর্ড নেই । এছাড়া শুধুমাত্র E20 বিক্রি হওয়ায় অন্য কোনও ধরনের পেট্রল (পরিশোধিত) কেনার সুযোগও নেই । এই পেট্রল ব্যবহারের ফলে গাড়িগুলির ক্ষতি হচ্ছে । বিশেষত 2023 সালের আগে তৈরি হওয়া গাড়ির যন্ত্রাংশগুলির জন্য E20 উপযোগী নয় । ফলে গাড়ির যন্ত্রাংশের প্রভূত ক্ষতি হচ্ছে । সঙ্গে গাড়ির গতিও কমে যাচ্ছে । ইথানল মেশানো পেট্রল ব্যবহারের ফলে ইঞ্জিন থেকে শুরু করে অন্য কোনও যন্ত্রাংশের ক্ষতি হলে, সেই দায় নিতে চাইছে না বিমা কোম্পানিগুলি । তাছাড়া কোনও ক্রেতা পেট্রলের দামে ইথানল মেশানো পেট্রল কেন কিনবেন ? সেই প্রশ্নও তোলা হয় ৷ শুনানির সময় মামলাকারীর পক্ষে প্রবীণ আইনজীবী শদন ফরাসাত বলেন, "আমরা E20-র বিরোধিতা করছি না ৷ নিজেদের বক্তব্য পেশ করতে আমরা আরেকটা সুযোগ চাই ৷"
আবেদনকারী দাবি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে কয়েকটি নির্দেশ দিক
- পেট্রোলিয়াম মন্ত্রক সব পেট্রল পাম্পে ইথানল-মুক্ত পেট্রল বিক্রি নিশ্চিত করুক ৷
- ইথানল মেশানো পেট্রল বিক্রি করলে, তা পরিষ্কার করে লিখে জানানো বাধ্যতামূলক করা হোক ৷
- গাড়িতে ইথানল মেশানো তেল সরবরাহের সময় ক্রেতাকে জানানো হোক, এই জ্বালানি ব্যবহার করলে তাঁর গাড়িতে কী কী প্রভাব পড়বে ৷
- 2019 সালের কনজিউমার প্রটেকশন অ্যাক্ট-এর আওতায় এই নির্দেশগুলি কার্যকর করতে উপভোক্তা মন্ত্রককে নির্দেশ দেওয়া হোক ৷
- E20 ব্যবহারে সব গাড়িতে ভালো ফল মেলে না । যে গাড়িগুলিতে সমস্যা, সেগুলি নিয়ে সারা দেশে একটি সমীক্ষা হোক । গাড়িগুলির কীভাবে যান্ত্রিক ক্ষতি হচ্ছে এবং ক্ষমতা হ্রাস হচ্ছে তা খতিয়ে দেখা হোক ৷
বিজেপি সরকার কেন এই E20-র উপর জোর দিচ্ছে ?
তেল ব্যবহারের দিক থেকে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে ৷ ভারত প্রয়োজনের 85 শতাংশ তেল আমদানি করে । রাশিয়া ভারতে 36 শতাংশ তেল রফতানি করে ৷ বাকি তেল আসে ইরাক, সৌদি আরব, আমেরিকা থেকে ৷ সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশও তেল রফতানির বরাত পেয়েছে ৷
India hits 20% ethanol blending in petrol five years ahead of target.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) July 23, 2025
From just 1.5% in 2014 to 20% in 2025, this clean energy leap has:
>> Saved Rs 1.36 lakh crore in forex
>> Paid Rs 1.18 lakh crore to farmers
>> Cut 698 lakh tonnes of CO₂ emissions
PM @narendramodi ji’s… pic.twitter.com/AkjNz1qZnZ
গত 12 অগস্ট কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে EBP প্রকল্পের ইতিবাচক দিকগুলি তুলে ধরা হয় ৷ এনডিএ সরকার অবশ্য আবেদনকারী আইনজীবীর অভিযোগ উড়িয়ে দিয়েছে এবং সরকারের বক্তব্য ইথানল মেশানো পেট্রল নিয়ে কোনও সমস্যা হচ্ছে না ৷ সরকারের যুক্তি ব্রাজিল অনেক দিন আগে থেকে এই ধরনের জ্বালানি ব্যবহার শুরু করেছে ৷ সেদেশে এরকম কোনও জটিলতা দেখা দেয়নি ৷
গত 12 অগস্ট একটি বিবৃতিতে বিজেপি সরকার জানিয়েছে-
- ভারত 2070 সালের মধ্যে শূন্য কার্বন নির্গমনের লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় ৷ তাই EBP প্রকল্প চালিয়ে যাওয়া হবে ৷
- নীতি আয়োগ ইথানল নির্গমন নিয়ে সমীক্ষা করে দেখেছে- আখ ও ভুট্টা থেকে তৈরি ইথানল ব্যবহারের ফলে গ্রিন হাউজ গ্যাসগুলির নিঃসরণ যথাক্রমে 65 শতাংশ ও 50 শতাংশ কম হয় ৷
- এর ফলে কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে। এর আগে অপরিশোধিত তেল কিনতে যে খরচ হচ্ছিল, সেই টাকা এখন কৃষকদের জন্য ব্যয় করতে পারছে সরকার ।
- ইথানল সাপ্লাই ইয়ার (ESY) 2014-15 থেকে শুরু করে 2024-25 সাল পর্যন্ত তৈল বিপণনকারী কোম্পানিগুলির ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামের ফলে বিদেশি বিনিয়োগে 1,44,087 কোটি টাকা সাশ্রয় সম্ভব হয়েছে ৷ 245 লক্ষ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি কম ব্যবহার হয়েছে ৷
- 736 লক্ষ মেট্রিক টন কম কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়েছে, যা 30 কোটি গাছ লাগানোর সমান ৷
- নীতি আয়োগ-এর অভ্যন্তরীণ মন্ত্রক কমিটি (আইএমসি) গাড়ির গতি কমার বিষয়টি খুব ভালো ভাবে পরীক্ষা করে দেখেছে ৷ এনিয়ে গবেষণা করেছে IOCL, ARAI ও SIAM (Society of Indian Automobile Manufacturers) ।
- ব্রাজিল E27 ব্যবহার করছে । 1976 সাল থেকে সে দেশে ইথানল মেশানো পেট্রল বিক্রি হচ্ছে ৷ সেখানে এখন আর পরিশোধিত পেট্রল পাওয়া যায় না ৷ সেখানে কোনও সমস্যা নেই ৷ টয়োটা, হুন্ডাই, হন্ডার মতো গাড়ি নির্মাতা সংস্থাগুলি ব্রাজিলে গাড়ি বিক্রি করছে ৷ তারাই ভারতেও গাড়ি তৈরি করছে । কাজেই EBP নিয়ে কোনও অসুবিধে হওয়ার কথা নয় ৷
ইথানল মেশানো পেট্রলের দাম
2020-21 সালে নীতি আয়োগ ইথানল মেশানো পেট্রল নিয়ে রিপোর্ট তৈরি করেছিল ৷ সেই সময় ইথানলের দাম পেট্রলের থেকে কম ছিল ৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইথানলের দাম বৃদ্ধি পেয়েছে ৷
ইথানল সাপ্লাই ইয়ার 2024-25-এর 31 জুলাই ইথানলের গড় ক্রয়মূল্য ছিল লিটার প্রতি 71.32 টাকা ৷ এর সঙ্গে পরিবহণ খরচ ও জিএসটি যুক্ত করতে হবে ৷ তেল বিপণনকারী কোম্পানিগুলি পেট্রলের সঙ্গে 20 শতাংশ ইথানল মিশিয়ে E20 তৈরি করে ৷
গুড় ভিত্তিক ইথানলের দাম ইথানল সাপ্লাই ইয়ার (ESY) 2021-22 ছিল 46.66 টাকা প্রতি লিটার ৷ চলতি বছরে এই দাম বেড়ে হয়েছে 57.97 টাকা ৷ ভুট্টা দিয়ে তৈরি ইথানলের দাম 52.92 টাকা প্রতি লিটার থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 71.86 টাকা ৷ ভারতে গাড়িতে E20 জ্বালানি ব্যবহারে বিমার মেয়াদের উপর কোনও প্রভাব পড়ে না ৷
পেট্রোলিয়াম মন্ত্রীর বক্তব্য
গত 1 সেপ্টেম্বর পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী একটি প্রতিবেদনে জানিয়েছেন, "2014 সালে পেট্রলে ইথানল ব্লেন্ডিং-এর হার ছিল 1.5 শতাংশ ৷ 2025 সালে সেই পরিমাণ 20 শতাংশে পৌঁছেছে ৷ এর ফলে 1.25 লক্ষ কোটি টাকা বিদেশি বিনিয়োগে সাশ্রয় হয়েছে । 1 লক্ষ কোটি টাকা সরাসরি কৃষকদের কাছে যাচ্ছে ।"
আবেদনকারী আইনজীবী E20 পেট্রল বিক্রিতে কোনও নিষেধাজ্ঞা চাননি । সরকারের বক্তব্য শুনে সুপ্রিম কোর্টে মামলাটি খারিজ হয়ে যায়। এর ফলে অনেক গাড়িচালকই হতাশ হয়েছেন । সরকার 30 শতাংশ ইথানল, পেট্রলে মেশানোর পরিকল্পনা করছে, যা শুধু সময়ের অপেক্ষা ।
This is the energy density of various fuels including E10, E20 and E27. The unit is Mega Joules per kilogram, which means how much energy/heat one kilogram of fuel produces when burnt.
— Congress Kerala (@INCKerala) September 1, 2025
E20 has about 8% less energy than petrol, and E27 about 10% less. That means mileage drops… pic.twitter.com/oRHf4kr84g
কংগ্রেসের অভিযোগ
দেশে E20 চালু নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ বিরোধী শিবিরের অভিযোগ, E20 পেট্রলের থেকে 8 শতাংশ এবং E27 (27 শতাংশ ইথানল মেশানো পেট্রল) 10 শতাংশ কম শক্তি উৎপন্ন করে ৷ অর্থাৎ ইথানল মেশানো পেট্রল ব্যবহারে গাড়ির গতি কমে যায় ৷
পেট্রল হাইড্রোফোবিক অর্থাৎ জলের উপর ভাসে, মিশে যায় না ৷ পেট্রলের ট্যাঙ্কে কয়েক ফোঁটা জল পড়লে তা ট্যাঙ্কের তলায় চলে যায় এবং পেট্রল থেকে জল আলাদা করা সম্ভব ৷ ইথানলের চরিত্র ঠিক উল্টো অর্থাৎ হাইগ্রোস্কোপিক ৷ ইথানল বাতাস বা ট্যাঙ্ক থেকে জল শুষে নেয় ৷ ইথানল ও জল ভালোভাবে মিশে গেলে শুধু পাতন (ডিসটিলেশন) প্রক্রিয়ায় পৃথক করা সম্ভব ৷ অ্যালকোহল যুক্ত পানীয়ের ক্ষেত্রে এটা পরিষ্কার দেখা যায় ৷ এর ফলে জ্বালানি ব্যবহারে সমস্যার মুখোমুখি হতে হয় ৷
মাটির তলায় জ্বালানির ট্যাঙ্কগুলি জলের তলায় চলে গেলে সেখানে পরিশোধিত পেট্রল থেকে জলকে আলাদা করা যায় ৷ কিন্তু ইথানল মেশানো পেট্রল থেকে পেট্রলকে পৃথক করা যায় না ৷ তখন জল মেশানো পেট্রলই ক্রেতার গাড়ি বা বাইকে চলে যায় ৷ আর E20 জ্বালানিতে জল থাকলে জ্বালানির ঘনত্ব কমে যায় ৷ ফলে গাড়ির গতি কমে যায় এবং ইঞ্জিন স্টার্ট নিতেও সমস্যা হয় ৷
পরিশোধিত পেট্রল ব্যবহারের কথা ভেবে দেশের 95 শতাংশ গাড়ি তৈরি হয়েছে ৷ কিন্তু দীর্ঘদিন ধরে E20 ব্যবহারের ফলে গাড়িগুলির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হবে ৷ 1 লিটার পেট্রলে কোনও গাড়ি যে দূরত্ব অতিক্রম করতে পারে, তাকে গাড়ির মাইলেজ বলে ৷ E20 জ্বালানির জন্য মাইলেজ 8-10 শতাংশ কমে যাওয়ায় বেশি পেট্রল লাগে এবং খরচও বাড়ে ৷ বাস্তবে এক লিটার পেট্রলে যে দূরত্ব যাওয়ার কথা, এখন তার থেকে কম রাস্তা যাওয়া সম্ভব হচ্ছে ৷ কমছে ইঞ্জিনের আয়ু ৷ ফলে গাড়িটি বিক্রি করতে গেলে বাজারে কম দাম পাওয়া যাবে ৷
এই প্রসঙ্গে সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ির কড়া সমালোচনা করেছে কংগ্রেস ৷ দেশের প্রাচীনতম দলটির অভিযোগ, 2017 সালে কেন্দ্রীয় মন্ত্রী কথা দিয়েছিলেন, ইথানল মেশানো পেট্রলের দাম হবে 15 টাকা প্রতি লিটার ৷ এখন প্রতি লিটার E20-র দাম 120 টাকা ৷ আরও বেশি ইথানল মেশালে দাম আরও বৃদ্ধি পাবে ৷
শুধু গাড়িটির স্বাস্থ্য ভালো রাখতে যদি কেউ ইথানল-মুক্ত পেট্রল চায়, তাহলে তাকে XP100-র মতো উচ্চ-অকটেন জ্বালানি কিনতে হবে ৷ যার মূল্য 160 টাকা প্রতি লিটার ৷ তাই পরিশোধিত পেট্রলের দাম প্রতি লিটারে 160 টাকা ৷
তাহলে উপায় ?
সুপ্রিম কোর্ট E20-র ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে ৷ সুতরাং, এই জ্বালানি থেকে মুক্তি পাওয়ার আর কোনও রাস্তা রইল না ৷ ভারত সরকার সময়ের আগেই পেট্রলে 20 শতাংশ ইথানল মেশানো E20 লক্ষ্যমাত্রা পূরণ করেছে ৷ আগামিদিনে দেশে 30 শতাংশ ইথানল মেশানো পেট্রল অর্থাৎ E30 চালুর ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার ৷ এই পরিস্থিতিতে বাইক বা চার চাকার কোনও গাড়ি কেনার সময় খেয়াল রাখতে হবে, গাড়িটি E20 জ্বালানি ব্যবহারের উপযোগী কি না ৷ 2023 সালের আগে কেনা গাড়িগুলির ক্ষেত্রে মাইলেজ, ইঞ্জিনের অবস্থা ঘনঘন পরীক্ষা করে দেখতে হবে ৷ শুধু গাড়ি বা জ্বালানির ধরনের উপর বিষয়টি নির্ভর করছে না ৷ পরিবর্তনশীল ভারতের এই বদলকে যত দ্রুত গ্রহণ করে নেওয়া যায়, জটিলতা ততই কমবে ৷

