মহান অভিভাবককে হারাল দেশ, খালেদার মৃত্যুতে মন্তব্য ইউনূসের; শোক হাসিনা-সহ বিশ্ব নেতাদের
দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার সকালে মৃত্যু হয় খালেদা জিয়ার ৷ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ বিশ্বনেতাদের ৷

By PTI
Published : December 30, 2025 at 3:47 PM IST
ঢাকা, 30 ডিসেম্বর: এক মহান অভিভাবককে হারাল দেশ ৷ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৷ তাঁর কথায়, বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছিলেন বেগম জিয়া ৷ তাঁর মৃত্যুতে কেবল এক রাজনীতিক নয়, বরং একজন অসাধারণ রাষ্ট্রনেতাবিদকে হারাল দেশ ৷
দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর মৃত্যুর গভীর শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ইউনূস ৷ লেখেন, "খালেদা জিয়ার মৃত্যুতে সকলে গভীরভাবে শোকাহত ৷ দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতির উত্থাপন এবং জনগণের অধিকার রক্ষার বিষয়ে তাঁর অংশগ্রহণ চিরস্মরণীয় হয়ে থাকবে । আপসহীন নেতৃত্বের মাধ্যমে দেশের জনতাকে স্বৈরতন্ত্র থেকে রক্ষা করেন তিনি ৷ তাঁর নেতৃত্ব স্বাধীনতা পুনরুদ্ধারে অনুপ্রাণিত করেছে ৷ দেশ ও জনগণের প্রতি তাঁর এই অবদান দেশবাসী শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে ৷"

দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছিলেন বিএনপি নেত্রী ৷ শেষ কয়েকদিন ধরে তাঁর পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক হয়ে ওঠে ৷ ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেমে স্থানান্তরিত করা হয় ৷ মঙ্গলবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যু হয় খালেদার ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে ৷
স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর 1981 সালে রাজনীতিতে 'নবাগতা' খালেদা ৷ তাঁর রাজনৈতিক মতাদর্শের সঙ্গে পার্থক্য রয়েছে ইউনূসের ৷ তবে এদিন সেই সমস্ত পার্থক্য সরিয়ে রেখে ইউনূস জানান, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও, জাতীয় কল্যাণ, জনমুখী নেতৃত্ব এবং দৃঢ় সংকল্পের প্রতি নিবেদিত খালেদার দীর্ঘ রাজনৈতিক জীবন ধারাবাহিকভাবে উন্নতির পথ দেখিয়েছে । দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন বলে জানান ইউনূস ৷
Chief Adviser's Condolence message on the Death of Former Prime Minister Begum Khaleda Zia
— Chief Adviser of the Government of Bangladesh (@ChiefAdviserGoB) December 30, 2025
Dhaka, 30 December 2025: The Chief Adviser of the interim government, Professor Muhammad Yunus, has expressed profound sorrow at the death of Begum Khaleda Zia—three-time former Prime…
প্রধান উপদেষ্টার অভিযোগ, অসামান্য সাফল্যের কারণে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয় খালেদাকে ৷ কয়েকটি মিথ্যা মামলায় 17 বছরের কারাবাস দেওয়া হয় ৷ আদালতের নির্দেশে দীর্ঘদিন জেলে থাকতেও হয় বলেও অভিযোগ করেন ইউনূস ৷
শোকাহত খালেদার দীর্ঘ প্রতিদ্বন্দ্বী হাসিনা
শেখ হাসিনা বনাম খালেদা জিয়া, বিগত কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে দুই নেত্রীর প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত পরিচিত হয়ে ওঠে ৷ রাজনীতি শুরুর দিন থেকেই দুই নেত্রীর প্রতিদ্বন্দ্বিতার সূচনা ৷ মঙ্গলবার খালেদার মৃত্যুতে এই লড়াইয়ের কার্যত অবসান ঘটেছে ৷ দীর্ঘ প্রতিদ্বন্দ্বির মৃত্যুকে 'এক গভীর ক্ষত' বলে ব্যাখ্যা করলেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ৷
Sheikh Hasina expresses condolences on the passing of Begum Khaleda Zia
— Bangladesh Awami League (@albd1971) December 30, 2025
-
I extend my deepest condolences on the passing of BNP Chairperson and former Prime Minister Begum Khaleda Zia.
As the first woman Prime Minister of Bangladesh, and for her role in the struggle to… pic.twitter.com/gqvSEzzVlS
গত বছর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয় ৷ বিক্ষোভের মধ্যে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন মুজিবকন্যা ৷ এদিন, একসময়ের প্রধান বিরোধী নেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ এক্স হ্যান্ডেলে হাসিনার বক্তব্যকে উল্লেখ করে আওয়ামী লীগের তরফে পোস্ট করা হয় ৷
হাসিনা লেখেন, "বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ দেশবাসীর জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে । তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনীতি এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি । বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছি । তাঁর পুত্র তারেক রহমান এবং পরিবারের বাকি সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই । সমগ্র বিএনপি পরিবারকেও সমবেদনা জানাই । আমার প্রার্থনা, ঈশ্বর তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য, শক্তি এবং সান্ত্বনা প্রদান করুন ।"
দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের প্রধান বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে বিএনপি ৷ হাসিনার আমলে 2018 সালে ঢাকার একটি আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দোষী সাব্যস্ত করে খালেদা ৷ প্রথম মামলায় তাঁকে 5 বছরের এবং পরে দ্বিতীয় মামলায় তাঁকে 7 বছরের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় ৷ পরে তাঁর অসুস্থতার জন্য তাঁকে গৃহবন্দি করে রাখা হয় ৷ শুধু খালেদা নন, একাধিক দুর্নীতি মামলায় নাম জড়ায় তাঁর বড় ছেলে তারেক রহমানের নামও ৷
খালেদা জেলবন্দি হওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন পুত্র তারেক রহমান ৷ গত 7 বছর ধরে তিনি লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে দলের নেতৃত্ব দিয়ে আসছেন । প্রায় 17 বছর বাড়ির বাইরে থাকার পর গত 25 ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক ৷ গত বছর গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটে ৷ বাংলাদেশের তৈরি হয় মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ৷ এরপর গত বছর নভেম্বরে বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ খালেদা জিয়ার শাস্তি মকুব করে ৷
পাকিস্তান ও চিনের শোকপ্রকাশ
বিএনপি নেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরিফ ৷ বার্তায় গভীর শোকপ্রকাশ করে পাক প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের প্রতি আজীবন সেবা এক 'স্থায়ী উত্তরাধিকার' রেখে গেলেন । তিনি বলেন, "বেগম জিয়া পাকিস্তানের একজন প্রিয় বন্ধু ছিলেন ।"
খালেদার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে চিন ৷ বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৷

