ETV Bharat / international

প্রমোদতরীতে বিরল-মারণ ভাইরাসের প্রাদুর্ভাবে মৃত্যু তিন জনের, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

একটি প্রমোদতরীতে সফরকালে একে একে মৃত্যু হয় তিন জনের ৷ পরে পরীক্ষায় জানা যায় তাঁরা এক বিরল ভাইরাসের সংক্রামিত হয়েছিলেন, যার উৎস ইঁদুর ৷

Hanta Virus in Cruise Ship
এই ক্রুজ শিপে হান্টা ভাইরাসের সংক্রমণের খবর মিলেছে (ছবি: এপি)
author img

By PTI

Published : May 6, 2026 at 8:30 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কেপটাউন, 6 মে: বিরল কিন্তু ভয়াবহ হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ ইতিমধ্যে এই ভাইরাসের সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে ৷ বুধবার হু একটি বিবৃতিতে জানিয়েছে, এদিন পর্যন্ত হান্টা ভাইরাসে আক্রান্ত 8 জনের সন্ধান পাওয়া গিয়েছে ৷ তাঁদের মধ্যে 3 জনের সংক্রমণ মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত প্রমাণিত হয়েছে ৷

এই ভাইরাসের উৎস ইঁদুর জাতীয় প্রাণী অথবা যে সব প্রাণীর মুখের সামনের অংশে তীক্ষ্ণ দাঁত আছে ৷ যারা ওই দাঁত দিয়ে কুরে কুরে খেতে পারে - যেমন ইঁদুর, কাঠবেড়ালি, গিনিপিগ, শুয়োর, সজারু, খরগোশ ৷

একটি বিলাসবহুল জাহাজ 'এমভি হনডিয়াস' আর্জেন্টিনা থেকে রওনা দিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে দিয়ে আন্টার্কটিকার উদ্দেশে যাচ্ছিল ৷ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে কয়েকটি প্রত্যন্ত দ্বীপের কাছে বা দ্বীপে নোঙর করেছিল এই প্রমোদতরী ৷ সেখানে প্রত্যন্ত এলাকাগুলিতে পর্যটকদের ঘুরিয়ে দেখাতে নোঙর করে জাহাজটি ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবৃতিতে জানিয়েছে, গত 1 এপ্রিল আর্জেন্তিনার দক্ষিণে অবস্থিত উশুয়াইয়া বন্দর থেকে রওনা দেয় এমভি হনডিয়াস ৷ এই জাহাজটি নেদারল্যান্ডের একটি কোম্পানির ৷ যাত্রাপথে আন্টার্কটিকা, দক্ষিণ জর্জিয়া, নাইট্যাঙ্গল দ্বীপ, ট্রিস্টান দ্য কুনহা, সেন্ট হেলেনা এবং এসেনশন দ্বীপের মতো জায়গাগুলিতে থেমেছিল এই জাহাজ ৷

জাহাজটিতে 23টি দেশের 147 জন যাত্রীর মধ্যে 88 জন যাত্রী এবং 59 জন কর্মী রয়েছেন ৷ সমুদ্র যাত্রায় প্রমোদতরীর যাত্রীরা এই দ্বীপ, দ্বীপপুঞ্জের প্রত্যন্ত বন-জঙ্গলগুলিতে ঘুরেছেন ৷ 4 মে থেকে জাহাজটি আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী এলাকায় পশ্চিম আফ্রিকার কাবো ভার্দের উপকূলে নোঙর করা রয়েছে ৷ হান্টা ভাইরাসের আক্রমণে এমভি হনডিয়াস জাহাজের তিন জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷

6 এপ্রিল 70 বছর বয়সি এক নেদারল্যান্ডের বাসিন্দা প্রবল জ্বরে অসুস্থ হয়ে পড়েন ৷ জ্বরের সঙ্গে মাথাব্যথা এবং ডায়ারিয়ার প্রকোপও দেখা যায় তাঁর শরীরে ৷ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি ৷ 11 এপ্রিল তাঁর মৃত্যু হয় ৷ তাঁর কোনও শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা যায়নি ৷ 24 এপ্রিল তাঁর শবদেহ প্রমোদতরী থেকে বের করে ব্রিটিশ অধিকৃত সেন্ট হেলেনা দ্বীপে ফেলে দেওয়া হয় ৷

প্রমোদতরীর দ্বিতীয় সংক্রামিত এক প্রাপ্তবয়স্ক মহিলা যাত্রী ৷ তিনি প্রথম সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে ছিলেন ৷ তিনি 24 এপ্রিল সেন্ট হেলেনা দ্বীপে গিয়েছিলেন ৷ মহিলা যাত্রীর পাচনতন্ত্রের (গ্যাস্ট্রোইনটেস্টিনাল) গোলোযোগ সংক্রান্ত সমস্যা দেখা যায় ৷ পরদিন 25 এপ্রিল তিনি বিমানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে রওনা দেন ৷ বিমানে সফরকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ সংক্রমণের দু'দিন পর 26 এপ্রিল মহিলার মৃত্যু হয় ৷ 4 মে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে তিনি হান্টাভাইরাসের সংক্রামিত হয়েছিলেন ৷ তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ করা হচ্ছে ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, 2 মে এই হান্টা ভাইরাসে সংক্রমণের খবরটি হু-কে জানায় ব্রিটেনের ন্যাশনাল ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস (আইএইচআর) এবং নর্দার্ন আয়ারল্যান্ড ৷ ওই দিন দক্ষিণ আফ্রিকার একটি ল্য়াবে পরীক্ষার ফলাফলে এক সঙ্কটাপন্ন রোগীর শরীরে হান্টাভাইরাসের সংক্রণ নিশ্চিত প্রমাণিত হয় ৷ ইতিমধ্যে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল ৷ পরে 3 মে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায় ৷ এছাড়া তিনজনের শরীরে হান্টাভাইরাসের উপস্থিতি রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ৷