যুদ্ধ বন্ধ করতে 50 বছর নিরাপত্তা নিশ্চয়তা চাইলেন জেলেনস্কি, পুতিনের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা হল ট্রাম্পের ৷ ফোনে কথা বললেন পুতিনের সঙ্গেও ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক মার্কিন প্রেসিডেন্ট ৷

Published : December 29, 2025 at 8:48 PM IST
ওয়াশিংটন, 29 ডিসেম্বর: আগামী 50 বছর বা তার থেকেও বেশি সময়ে রাশিয়া তাঁর দেশে কোনও হামলা করবে না ৷ রাশিয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প এবং ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের যুদ্ধ বিরতি চুক্তিতে সই করতে হবে ৷ ট্রাম্পের সঙ্গে দেখা করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা প্রসঙ্গে এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৷ তিনি জানান, ইউক্রেন যে কোনও মূল্যে যুদ্ধ বন্ধ করতে চায় ৷ আর তাই তাঁরা নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা চাইছেন ৷
জেলেনস্কির সঙ্গে বৈঠকের দিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনে প্রায় দুঘণ্টারও বেশি সময় কথা বলেন ট্রাম্প ৷ দুটি বৈঠক ইতিবাচক হয়েছে বলে সাংবাদিকদের জানান মার্কিন প্রেসিডেন্ট ৷ তিনি মনে করেন, পুতিন ইতিবাচক মানসিকতা নিয়ে যুদ্ধ শেষ করতে চান ৷ আর তাঁর এই মনোভাবকে বিশ্বাস করছেন ট্রাম্প ৷
স্থানীয় সময় রবিবার রাতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পাম বিচের একটি ক্লাবে আসেন ভলোদিমির জেলেনস্কি ৷ তাঁকে নিজের এই ব্যক্তিগত ক্লাবে আমন্ত্রণ জানান ট্রাম্প ৷ আর কয়েক মাস পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চার বছর পূর্ণ হবে ৷ তার আগে এই বৈঠকে কোন পথে যুদ্ধ শেষ হতে পারে তা নিয়ে আলোচনা হয় দু'দেশের রাষ্ট্রনায়কের মধ্য়ে ৷ এর আগেও একাধিকবার জেলেনস্কি এবং পুতিনের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক সেরেছেন ট্রাম্প ৷
এখানেই আগামী পাঁচ দশকেরও বেশি সময়ের জন্য নিরাপত্তা চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷ তিনি মনে করেন, কীভাবে যুদ্ধ বিরতি সম্ভব তা ঠিক করতে সংশ্লিষ্ট দেশগুলির নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে বসা উচিত ৷ ইউক্রেন আশা করে তারা নিরাপত্তা সংক্রান্ত যে নিশ্চয়তা চাইছে তার ইঙ্গিত এখান থেকেই পাওয়া যাবে ৷ বৈঠকের একটি অংশে জেলেনস্কি জানান, রাশিয়ার সঙ্গে শান্তিস্থাপন প্রসঙ্গে তাঁর দেশের নাগরিকরা কী ভাবছেন তা জানতে তিনি গণভোটের আয়োজন করতে চান ৷ আর তা করতে হলে কমপক্ষে 60 দিনের যুদ্ধবিরতি প্রয়োজন ৷
পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প আরও বলেন, " যুদ্ধ বন্ধ করার ব্যাপারে পুতিন যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন ৷ তিনি এখন যুদ্ধ কবলিত জায়গায় বিনা খরচে বিদ্যুৎ দিচ্ছেন ৷ তাছাড়া আরও নানা জিনিস কম খরচে পৌঁছে দিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন ৷ " এদিন নিজের বক্তব্যে একাধিকবার জেলেনস্কিকে সাহসী বলে অভিহিত করেন ট্রাম্প ৷ সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, যুদ্ধ বন্ধ করতে তিনি কি ইউক্রেনে যাবেন ? উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "ইউক্রেন যেতে আমার কোনও সমস্যা নেই ৷ তবে মনে হয় আমার সেখানে যাওয়ার দরকার পড়বে না ৷ আমি এখানে বসেই সব কাজ সেরে নিতে পারব ৷ "

