ETV Bharat / international

রাশিয়া থেকে তেল কেনা বাড়ালে শুল্ক বাড়বে, মোদিকে ভালো মানুষ বলেও হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেছেন, যদি রাশিয়া এবং ভারত তাদের অবস্থান পরিবর্তন করে, তবে শুল্কের চাপ দ্রুত বাড়ানো হতে পারে ।

Trump Warns Of Fresh Tariffs
ভারতের উপর নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 5, 2026 at 10:32 AM IST

3 Min Read
Choose ETV Bharat

ওয়াশিংটন, 5 জানুয়ারি: প্রধানমন্ত্রী মোদিকে 'ভালো মানুষ' বলেও ফের একবার শুল্ক বৃদ্ধির হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর আরও শুল্ক বাড়তে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ একই সঙ্গে, ট্রাম্পের দাবি, তাঁকে খুশি করার জন্য ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনা কমিয়েছে ভারত ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাঁকে একজন 'ভালো মানুষ' বলে অভিহিত করেন ট্রাম্প ৷ একই সঙ্গে, রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেওয়ার জন্য মোদির প্রশংসাও করেছেন তিনি । রবিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ থেকে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, "মোদি একজন খুব ভালো মানুষ ।" এর সঙ্গেই, ট্রাম্প দাবি করেন, রাশিয়া থেকে ক্রমাগত জ্বালানি কেনা নিয়ে ওয়াশিংটনের অসন্তোষ বোঝার পরেই নয়াদিল্লি তার নীতিতে পরিবর্তন এনেছে । প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, "তিনি জানতেন আমি খুশি ছিলাম না এবং আমাকে খুশি করাটা জরুরি ছিল ।"

এরই পাশাপাশি ট্রাম্পের গলায় হুঁশিয়ারির সুরও শোনা গিয়েছে ৷ তিনি বলেন, "মূলত, ভারত আমাকে খুশি করতে চেয়েছিল । প্রধানমন্ত্রী মোদি একজন খুব ভালো মানুষ । তিনি একজন ভালো লোক । তিনি জানতেন আমি খুশি ছিলাম না, আর আমাকে খুশি করাটা জরুরি ছিল । তারা যদি ফের বাণিজ্য করে, তবে আমরা খুব দ্রুত ফের শুল্ক বাড়াতে পারি ৷" অন্যদিকে, সেনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের পাশে বলেই জোর দিয়ে জানান, মার্কিন শুল্কের চাপে ইতিমধ্যেই ভারতকে রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমাতে বাধ্য করেছে । তিনি যুক্তি দিয়েছেন, এই পদক্ষেপ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতাকেও দুর্বল করছে ৷ একই সঙ্গে, বিদেশনীতির হাতিয়ার হিসেবে শুল্কের কার্যকারিতাকেও প্রমাণ করছে ।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গ্রাহাম রাশিয়ার অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের উপর ট্রাম্পের আরোপিত 25 শতাংশ শুল্কের প্রশংসা করেন ৷ তিনি জানান, এই পদক্ষেপে ফলাফল স্পষ্ট দেখা যাচ্ছে । গ্রাহামের কথায়, "আমি সত্যিই বিশ্বাস করি, ভারতের সঙ্গে ট্রাম্প যা করেছেন, সেটাই প্রধান কারণ যে ভারত এখন উল্লেখযোগ্যভাবে কম রাশিয়ান তেল কিনছে ।" এরপরই অবশ্য মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছেন, যদি রাশিয়া এবং ভারত তাদের অবস্থান পরিবর্তন করে, তবে শুল্কের চাপ দ্রুত বাড়ানো হতে পারে । ট্রাম্পের দাবি, বাণিজ্যের সুবিধা দৃঢ়ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে ।

গ্রাহামের মতে, "আপনি যদি সস্তা রাশিয়ান তেল কিনে পুতিনের যুদ্ধের মনোভাবকে সচল রাখেন, তবে আমরা মার্কিন প্রেসিডেন্টকে এমন ক্ষমতা দেব যার জেরে আপনাদের বাণিজ্য কঠিন হয়ে দাঁড়ায় ।" গ্রাহামের দাবি, নয়া আইন অনুযায়ী প্রেসিডেন্ট সম্পূর্ণ তাঁর বিবেচনার ভিত্তিতে শূন্য থেকে 500 শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে ৷ তাঁর মতে, এই পদ্ধতি ইতিমধ্যেই ফল দিতে শুরু করেছে । গ্রাহাম দাবি করেন, "মাসখানেক আগে আমি ভারতীয় রাষ্ট্রদূতের বাড়িতে ছিলাম ৷ তিনি শুধু এই বিষয়েই কথা বলছিলেন যে, তারা কীভাবে কম রুশ তেল কিনছেন ।"