ETV Bharat / international

ইজরায়েলে আটকে মার্কিন নাগরিকরা ! নিরাপত্তার দায় নিল না ট্রাম্প প্রশাসন

ইরানে ইজরায়েল-আমেরিকার যৌথ হামলার আঁচে উত্তপ্ত মধ্যপ্রাচ্য ৷ এদিকে ইজরায়েলে থাকা আমেরিকার নাগরিকদের নিরাপত্তা দিতে পারবে না প্রশাসন ৷

US Iran Israel Conflict
ইজরায়েলে যুদ্ধ বিরোধী প্রতিবাদ (ছবি: এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 3, 2026 at 5:37 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জেরুসালেম, 3 মার্চ: সংঘাতের আবহে ইজরায়েলে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদে বের করে আনতে অপারগ ট্রাম্প প্রশাসন ! তাঁরা যদি ইজরায়েল ছেড়ে বেরিয়ে আসতে চান, সেক্ষেত্রেও প্রশাসন নাগরিকদের কোনও সাহায্য করতে পারবে না ৷ মঙ্গলবার ইজরায়েলে মার্কিন দূতাবাস জানিয়েছে, প্রশাসন এই মুহূর্তে সেই অবস্থায় নেই যে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে পারবে ৷

আরও বলা হয়েছে, যেসব মার্কিন নাগরিক ইজরায়েল ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন তাঁরা যেন নিজেরা নিজেদের নিরাপত্তার দায়িত্ব বুঝে নেন ৷ মার্কিন প্রশাসন এখন কিছু করতে পারবে না ৷ নির্দেশিকা জারি করে ব্যর্থতা স্বীকার করে নিয়েছে দূতাবাস ৷ ইরানের উপর যৌথ আক্রমণ শুরু করেছে আমেরিকা ও ইজরায়েল ৷ সেই আঁচ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্য কয়েকটি দেশেও ৷ পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ৷ এদিনই সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশ মন্ত্রক 12টিরও বেশি দেশ ছেড়ে মার্কিন নাগরিকদের বেরিয়ে যেতে সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে ৷

এদিন ইজরায়েলে থাকা মার্কিন নাগরিকদের উদ্দেশে প্রশাসনের বার্তা, "আপনারা নিজেরা নিজেদের নিরাপত্তার পরিকল্পনা করে নিন ৷ এর জন্য কয়েকটি তথ্য আপনাদের জানানো হচ্ছে ৷ 2 মার্চ থেকে ইজরায়েলের পর্যটন মন্ত্রক টাবা বর্ডার ক্রসিং পর্যন্ত আপনাদের পৌঁছে দেওয়ার জন্য শাটল পরিবেষবা চালু করেছে ৷" উল্লেখ্য, টাবা বর্ডার ইজরায়েল-ইজিপ্ট সীমান্তে অবস্থিত ৷

কতজন মার্কিন নাগরিক এই শাটলের মাধ্যমে যাতায়াত করবেন তা সংশ্লিষ্ট প্রশাসনকে আগেভাগে জানাতে হবে ৷ বিবৃতিতে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, "পর্যটন মন্ত্রকের ইভ্যাকুয়েশন ফর্মের মাধ্যমে শাটল যাত্রীদের তালিকায় নাম নথিভুক্ত করতে হবে ৷ দূতাবাস পর্যটন মন্ত্রকের কাছে শাটলের জন্য কারও পক্ষে অথবা বিপক্ষে কোনও সুপারিশ করতে পারবে না ৷ আপনি যদি দেশ ছাড়তে ইচ্ছুক হন, সেক্ষেত্রে আমেরিকার সরকার আপনার নিরাপত্তার দায় নিতে পারবে না ৷ যাঁরা ইজরায়েল ছেড়ে চলে যেতে চাইছেন, এই সৌজন্য বার্তা তাঁদের জন্য ৷"

আমেরিকার যে নাগরিকরা জর্ডন সীমান্তে যেতে চান, শাটল তাঁদের এলাট সীমান্ত পর্যন্ত পৌঁছে দেবে ৷ এরপর নিজের মতো করে ট্যাক্সিতে ইৎজহাক রাবিন সীমান্তে চলে যেতে হবে বলে জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন ৷ একই সঙ্গে মার্কিন দূতাবাসের তরফে নাগরিকদের সতর্ক করা হয়েছে ৷ বিবৃতিতে প্রশাসন জানিয়েছে, "আমেরিকার দূতাবাস মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির কথা মনে করিয়ে দিচ্ছে ৷ লাল সতর্কতা জারি হলে নিকটবর্তী কোথায় দ্রুত আশ্রয় নেওয়া যায়, তা জেনে নিন ৷"