ETV Bharat / international

খালিস্তানপন্থী নেতা নিজ্জার খুনে জড়িত লরেন্স বিষ্ণোই-গোল্ডি ব্রার; দাবি আমেরিকার

2023 সালে খুনের পর ভারতের নিরাপত্তা সংস্থার দিকে আঙুল তোলেন কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ এবার সেই ঘটনাই নিল অন্য মোড় ৷

BISHNOI
লরেন্স বিষ্ণোই, 2023 সালের 18 ডিসেম্বর দিল্লিতে তোলা ছবি (ছবি-এএনআই)
author img

By PTI

Published : July 8, 2026 at 10:48 AM IST

3 Min Read
Choose ETV Bharat

ওয়াশিংটন, 8 জুলাই: খালিস্তাপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার খুনের ঘটনায় লরেন্স বিষ্ণোই আর তার সঙ্গী গোল্ডি ব্রারকে দুষল আমেরিকা ৷ 2023 সালের 18 জুন কানাডার একটি গুরুদ্বারের বাইরে খুন হয় নিজ্জার ৷ এই ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ৷ এবার ভারতের জেলে বন্দি লরেন্স এবং তার সঙ্গী গোল্ডি ব্রারের ভূমিকা স্পষ্ট হল তদন্তকারীদের কাছে ৷ যদিও নানা মমলায় অভিযুক্ত গোল্ডি ব্রারকে এখনও গ্রেফতার করতে পারেনি কোনও তদন্তকারী সংস্থা ৷

খুনের ঘটনায় ভারতের নিরাপত্তা সংস্থার হাত আছে বলে দাবি করেন কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ শুধু তাই নয়, কানাডায় কর্মরত ভারতের তৎকালীন ভারতীয় হাই কমিশনার থেকে শুরু করে দূতাবাসের কয়েকজন শীর্ষ আধিকারিককেও খুনের ঘটনায় 'পার্সন অফ ইন্টারসেন্ট' বলেও দাবি করে সে দেশের সরকার ৷ ওই আধিকারিকদের ভারতে ফিরিয়ে নিয়ে আসে দিল্লি ৷ অবনতি হয় ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কেরও ৷ এমনই আবহে খুনের প্রায় তিন বছর বাদে আমেরিকার তরফ থেকে নিজ্জার খুনে লরেন্স এবং গোল্ডির যুক্ত থাকার কথা বলা হল ৷

আমেরিকা ও কানাডার পাশাপাশি ইউরোপের কয়েকটি তদন্ত সংস্থা নিজেদের মধ্যে সমন্বয় রেখে এই ঘটনার তদন্ত করছিল ৷ 'অপারেশন হার্ডবল' শুরু করে একে একে মোট 24 জনকে গ্রেফতার করা হয় ৷ তাদের মধ্যে 11 জন ধরা পড়ে ক্যালিফোর্নিয়া থেকে ৷ এরা সকলেই তিনটি আলাদা আলাদা গ্যাংয়ের সদস্য ৷ ভারত থেকে শুরু করে বিভিন্ন দেশে একাধিক অপরাধমূলক মামলায় এই গ্যাংগুলির যোগাযোগের প্রমাণ পাওয়া গিয়েছে ৷

গ্রেফতারির কথা নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ আধিকারিক বিল ইজাইল ৷ তিনি আমেরিকার অ্যাটর্নি জেনারেলের প্রথম সচিব ৷ তাঁর কথায়, "বিভিন্ন এজেন্সি একসঙ্গে কাজ করায় সাফল্য এসেছে ৷ এই ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের জন্য পৃথিবীর কোনও জায়গাই নিরাপদ নয় ৷ " খুনের নেপথ্যে লরেন্স এবং গোল্ডি ব্রারের ভূমিকার কথাও তুলে ধরেছেন এই আধিকারিক ৷

ধৃত 24 জনের মধ্যে ক্যালিফোর্নিয়া ছাড়াও আমেরিকার আরও দুটি প্রদেশ ইন্ডিয়ানা এবং জর্জিয়া থেকে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিও আছে ৷ এর পাশাপাশি কানাডা থেকে তিনজন এবং স্পেন থেকে আরও একজনকে গ্রেফতার করা হয় ৷ বাকিদের গ্রেফতারি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি ৷ তবে এটুকু জানা গিয়েছে, আরও 10 জনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ তারা একাধিক দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ৷ প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন এই 10 জনের মধ্য়ে সাতজন আত্মগোপন করে আছে আমেরিকাতেই ৷ ভারতে এবং ইউরোপে যথাক্রমে 2 জন এবং 1 জন লুকিয়ে আছে ৷ তাদেকর কীভাবে গ্রেফতার করা যায় তা খতিয়ে দেখেছেন তদন্তকারীরা ৷ প্রমাণ সংগ্রহের কাজ শেষ হলে গ্রেফতারি কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে ৷