ইরানে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় মার্কিন হানা ! গুঁড়িয়ে দেওয়া হল ISIS ঘাঁটি
অপারেশন হকআই অভিযানের আওতায় ইসলামিক স্টেটের একাধিক অস্ত্রভাণ্ডার ও আস্তানায় হামলা চালায় মার্কিন বাহিনী ৷ পালমিরায় মার্কিন বাহিনীর উপর হামলার জবাবে এই অভিযান ৷

Published : January 11, 2026 at 4:17 PM IST
ওয়াশিংটন, 11 জানুয়ারি: মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গণবিক্ষোভে উত্তপ্ত ইরান ৷ এই আবহে পশ্চিম এশিয়ার অপর এক দেশে বড়সড় সামরিক অভিযান চালাল আমেরিকা ৷ শনিবার সিরিয়ার একাধিক এলাকায় ইসলামিক স্টেট জেহাদি অর্থাৎ আইএসআইএস (ISIS) গ্রুপের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিল মার্কিন বাহিনী ৷ গত মাসে সিরিয়ায় তিন মার্কিনীর মৃত্যুর জবাবে এই হানা বলে জানিয়েছে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সিইএনটিসিওএম) অর্থাৎ সেন্টকম ৷
মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফে এক্স হ্য়ান্ডেলে অভিযান সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে ৷ যদিও, সিরিয়ার ঠিক কোথায় কোথায় এই হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি সেই পোস্টে ৷ তবে, পোস্টের সঙ্গে বিমান হামলার একটি ভিডিয়ো ফুটেজ দেওয়া হয়েছে ৷ অস্পষ্ট ভিডিয়োটিতে সিরিয়ার প্রত্যন্ত এলাকায় বেশ কয়েকটি বিমান হামলার দৃশ্য ধরা পড়েছে ৷
— U.S. Central Command (@CENTCOM) January 10, 2026
সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে, অপারেশন হকআই অভিযানের আওতায় ইসলামিক স্টেটের একাধিক অস্ত্রভাণ্ডার ও ঘাঁটির উপর হামলা করা হয়েছে মার্কিন বাহিনী ৷ সম্প্রতি, পালমিরায় আমেরিকা ও সিরিয়া বাহিনীর উপর আইএসআইএস-এর প্রাণঘাতী হামলার জবাবে এই অভিযান বলে জানিয়েছে সিইএনটিসিওএম ৷
উল্লেখ্য, পালমিরা এলাকাটি একসময় জেহাদি গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল ৷ পরে শহরটিকে প্রাচীন ধ্বংসাবশেষের শহরের তালিকাভুক্ত করা হয় ইউনেস্কোর তরফে ৷ গত 13 ডিসেম্বর এই শহরে বন্দুকবাজের হামলায় দুই মার্কিন সেনা এবং এক মার্কিন দোভাষীর মৃত্যু হয় ৷ হামলার জন্য আইএসআইএস-কেই দায়ী করে ওয়াশিংটন ৷ পরে, সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, বন্দুকবাজটি নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল ৷ কিন্তু, পরে 'জেহাদি' কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে বরখাস্ত করা হয় ৷
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ শনিবার এক্স হ্যান্ডেলে সেন্টকমের বিবৃতির জবাবে একটি পোস্ট করেন ৷ তিনি লেখেন, "আমরা কখনও ভুলব না ৷ আর কখনও থামব না ৷" গত মাসে পালমিরা হামলার জবাবে আমেরিকা এবং জর্ডান যৌথভাবে কয়েকটি হামলা চালায় ৷ হামলা প্রসঙ্গে সেন্টকম জানায়, জেহাদিদের 70টিরও বেশি ঘাঁটিতে হামলা করা হয় ৷ যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস পরে জানায়, ওই হামলায় একজন সেল নেতা-সহ অন্তত পাঁচজন আইএস সদস্যের মৃত্যু হয়েছে ৷
গত 3 জানুয়ারি আইএস-এর একটি ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডারে যৌথ হামলার ঘোষণা করে ব্রিটেন এবং ফ্রান্স ৷ আইএস-এর বিরুদ্ধে আন্তর্জাতিক এই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন ইনহেরেন্ট রিজলভ' ৷ পালমিরায় নিহত মার্কিনীরা অভিযানটিকে সমর্থন জানান ৷
উল্লেখ্য, প্রথমবার ওভাল অফিসের দায়িত্বে আসার পর সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ কিন্তু, শেষপর্যন্ত নির্দেশটি খারিজ করে দেন তিনি ৷ গত বছর এপ্রিলে পেন্টাগনের তরফে জানানো হয়, খুব শীঘ্রই সিরিয়া থেকে অর্ধেক সেনা প্রত্যাহার করা হবে ৷ সিরিয়ায় নিযুক্ত মার্কিন দূত টম ব্যারাক জুন মাসে জানান, সিরিয়ায় সেনাঘাঁটির সংখ্যা কমিয়ে একটি করা হবে ওয়াশিংটনের তরফে ৷

