বৃহস্পতিতেও আমেরিকার হামলায় ইরানে মৃত 14, ঘন ঘন সাইরেনের শব্দ উপসাগরীয় দেশগুলিতে
মাঝে কিছুদিন শান্তিচুক্তি করার প্রচেষ্টায় বন্ধ ছিল আমেরিকা-ইরান সংঘাত ৷ কিন্তু গতকাল থেকে ফের আগের যুদ্ধ পরিস্থিতি ফিরেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে ৷

Published : July 9, 2026 at 5:31 PM IST
দুবাই, 9 জুলাই: হামলার জবাবে প্রতি-হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য ৷ বুধবারের পর বৃহস্পতিবারও ইরানের 90টি সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড ৷ এর পাল্টা তেহরানও বাহরিন, কুয়েত, জর্ডন এবং কাতারে আমেরিকার সেনাঘাঁটিগুলিকে আক্রমণ করেছে ৷ অতএব, দুই দেশের মধ্যে শান্তিচুক্তি আদৌ হয়ে উঠবে কি না, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি উঠেছে ৷
ইরানের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, দু'দিনে আমেরিকার হামলায় ইরানে 14 জনের মৃত্যু হয়েছে ৷ 78 জন আহত হয়েছেন ৷ মৃত ও আহতদের অধিকাংশই সেনা ৷ ইরানের পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট কমপ্লেক্স রয়েছে বুশের শহরে ৷ সেখানে হামলা চালিয়েছে ইরান ৷ পাশাপাশি দক্ষিণের বন্দর শহরগুলিতেও ক্ষেপণাস্ত্র, ড্রোন আছড়ে পড়েছে ৷
সরকারি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এদিন দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশে আমেরিকার হামলায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে ৷ ইরানশহরে একটি বিমানবন্দরে একজন দমকলকর্মীর মৃত্যু হয়েছে ৷ এপ্রিলের পর ফের ইরানের সেতুগুলিকে নিশানা করেছে আমেরিকা ৷ উত্তর-পূর্বে গোলস্তান প্রদেশে একটি রেলওয়ে ব্রিজের উপর হামলা হয়েছে ৷ রেভোলিউশনারি গার্ড জানিয়েছে, মাশহাদ যাওয়ার পথে দু'টি সেতুতে হামলা করেছে আমেরিকার সেনা ৷ এদিকে এই মাশহাদেই বৃহস্পতিবার প্রয়াত সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে সমাধি দেওয়ার কথা ৷
এদিকে ফের আমেরিকা-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷ ইউএস সেন্ট্রাল কমান্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "আমেরিকার সেনাবাহিনী ইরানের প্রায় 90টি সামরিক ঘাঁটিকে নিশানা করে আক্রমণ করেছে ৷ এর মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে উপকূল অঞ্চলে নজরদারির সার্ভেল্যান্সের জিনিসপত্র রয়েছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মজু রাখার জায়গাতেও হামলা করা হয়েছে ৷ বাদ যায়নি ইরানের উপকূলীয় অঞ্চলের নৌবাহিনী এবং সামরিক লজিস্টিক পরিকাঠামোও ৷"
এদিকে বাহরিনে মার্কিন নেভির পঞ্চম ফ্লিট সদর দফতরে তিনবার সাইরেনের শব্দ শোনা গিয়েছে ৷ কুয়েত ও কাতারেও আছড়ে পড়েছে মিসাইল ৷ গতকাল তুরস্কের আঙ্কারায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেল ৷ এর সঙ্গে তিনি ফের আলোচনার ইঙ্গিতও দিয়েছিলেন ৷ কিন্তু ইরানে আরও বড় মাপের হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন ৷ সেই হুমকি সত্যি করে বুধের পর বৃহস্পতিবার ফের হামলা চালায় আমেরিকার সেনা ৷ বুধবার ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তিনটি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে ৷ তার জবাবে এই ব্যাপক হামলা ৷

