ETV Bharat / international

দীপাবলির আবহে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের তীব্র নিন্দা ব্রিটেনের সংসদে

ব্রিটেনের সংসদের নিম্নকক্ষে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের প্রসঙ্গ উত্থাপন করলেন বিরোধী দলের সাংসদ ৷ এই অত্যাচারের নিন্দায় সরব সরকার ৷

Bangladesh Minority Violence
বাংলাদেশে প্রতিবাদ (ফাইল চিত্র (এপি))
author img

By PTI

Published : October 18, 2025 at 7:41 PM IST

3 Min Read
Choose ETV Bharat

লন্ডন, 18 অক্টোবর: পড়শি দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনার তীব্র নিন্দা করল ব্রিটিশ সরকার ৷ আলোর উৎসব দীপাবলিতে সারা পৃথিবীতে হিন্দু-সহ অন্যান্য সম্প্রদায় আনন্দে মেতে উঠবেন ৷ কিন্তু বাংলাদেশের ছবিটা এরকম নয় ৷ গত বৃহস্পতিবার বাংলাদেশে হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলের সাংসদ ৷ এরপর হাউজ অফ কমনস-এ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হিংসার নিন্দায় একটি বিবৃতি পেশ হয় ৷

সারা বিশ্বে হিন্দু, বৌদ্ধ, জৈন সম্প্রদায়ের মানুষ দীপাবলি উদযাপন করবেন ৷ কিন্তু বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের পক্ষে এটা সম্ভব নয় ৷ ব্রিটেনের সংসদের নিম্নকক্ষ হাউজ অফ কমনস-এ এই বিষয়টি উত্থাপন করেন বিরোধী কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান ৷ তিনি ব্রিটিশ-হিন্দুদের 'অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ' (এপিপিজি)-র প্রধান ৷

সাংসদ বাংলাদেশে হিন্দু-সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার সংক্রান্ত একটি রিপোর্ট তুলে ধরেন ৷ 'ইনসাইট ইউকে' নামের একটি ব্রিটিশ সংস্থার এই সাম্প্রতিক রিপোর্টে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর কীভাবে দমন-পীড়ন চালানো হয়, তা প্রকাশ করা হয়েছে ৷

সাংসদ বব ব্ল্যাকম্যান বলেন, "দীপাবলি উদযাপনের সময় ৷ যেখানে অন্ধকারকে ছাপিয়ে আলোর জয় ৷ যদিও বাংলাদেশে হিন্দুরা এই উদযাপন করতে পারবেন না ৷ তাদের উপর নিপীড়ন চলছে ৷ তাদের বিরুদ্ধে হিংসার ঘটনা ঘটছে ৷ তাদের মন্দির থেকে বাড়িঘর সবকিছু ধ্বংস করা হচ্ছে ৷ আমি এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় ৷"

এর পরিপ্রেক্ষিতে লেবার পার্টি সরকারের তরফে হাউজ অফ কমনস-এর নেতা স্যর অ্যালান ক্যাম্পবেল বলেন, "আমরা সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের প্রতি এই ধরনের ঘৃণা বা হিংসার ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি ৷ বাংলাদেশের মানবিক পরিস্থিতি নিয়ে আমরা সক্রিয়ভাবে কাজ করে চলেছি এবং করছিও ৷ একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক সরকার গড়ার জন্য আমরা অন্তর্বর্তী প্রশাসনকে সমর্থন জানাচ্ছি ৷ বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা রক্ষার্থে আমরা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ৷"

যদি স্যর অ্যালান ক্যাম্পবেল পরিষ্কার করেননি যে, ব্রিটিশ সরকার বা তার কোনও মন্ত্রী বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে কী পদক্ষেপ করবে ৷ হাউজের নিয়মিত 'বিজনেস অফ দ্য হাউজ' সময়ে সাংসদ বব ব্ল্যাকম্যান বলেন, "আগামী সপ্তাহে, হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধরা দীপাবলি উদযাপন করবেন ৷ হিন্দুদের নতুন বছরের সূচনা হবে ৷ এটা একটা উৎসবের সময় ৷ সবাই আনন্দ করবে ৷ কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে তা হবে না ৷"

তিনি আরও বলেন, "মঙ্গলবার অল 'অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর ব্রিটিশ হিন্দুজ'-এ আমরা ইনসাইট ইউকে-র একটি রিপোর্ট পাই ৷ সেখানে বাংলাদেশে হিন্দুদের উপর হিংসার ঘটনার কথা বলা হয়েছে ৷ তাদের মেরে ফেলা হচ্ছে ৷ মন্দিরগুলি ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং তাদের সম্পত্তি জ্বালিয়ে দিচ্ছে ৷"

হাউজ অফ কমনস-এ বব প্রশ্ন তোলেন, "বাংলাদেশে সংখ্যালঘুরা চরম নিষ্পেষণের মধ্যে দিন কাটাচ্ছে ৷ তাদের সুরক্ষা দিতে আমরা কী পদক্ষেপ করব ৷ এই বিষয়ে সরকারের মন্ত্রী কোনও বিবৃতি দেবেন কি ?" বিরোধী কনজারভেটিভ পার্টির সাংসদ লন্ডনের হ্যারো ইস্ট কেন্দ্রের সাংসদ ৷ এই এলাকায় হিন্দুদের জনসংখ্যা উল্লেখযোগ্য ৷ এর আগে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের বিরুদ্ধে যে হিংসার ঘটনা ঘটেছিল, সেই বিষয়টিও তিনি সংসদে উত্থাপন করেছিলেন ৷