'গোল্ড কার্ড' ভিসা চালু করলেন ট্রাম্প, ভারতীয় ছাত্রদের মিলবে অতিরিক্ত সুবিধা
ট্রাম্প দাবি করেছেন, 'ট্রাম্প গোল্ড কার্ড' কোম্পানিগুলিকে এই ধরনের মেধাবীদের আমেরিকাতেই নিয়োগ এবং ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে ৷

By PTI
Published : December 11, 2025 at 1:20 PM IST
নিউইয়র্ক, 11 ডিসেম্বর: ভারত বা চিনের মতো দেশের শিক্ষার্থীদের শীর্ষস্থানীয় মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পর নিজেদের দেশে ফিরে যেতে হয় ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়, এই বিষয়টি 'অত্যন্ত দুঃখজনক'। এরপরই তিনি দাবি করেছেন, 'ট্রাম্প গোল্ড কার্ড' কোম্পানিগুলিকে এই ধরনের মেধাবীদের আমেরিকাতেই নিয়োগ এবং ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করবে ৷
বুধবার ট্রাম্প এক মিলিয়ন ডলারের 'ট্রাম্প গোল্ড কার্ড' চালু করার ঘোষণা করেছেন ৷ যা ভিসা কর্মসূচি হিসেবে অভিবাসীদের মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ সুগম করবে ৷ ট্রাম্প গোল্ড কার্ড এমন একটি ভিসা, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উল্লেখযোগ্য সুবিধা প্রদানে একজন ব্যক্তির যোগ্যতার উপর ভিত্তি করেই দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ হোয়াইট হাউসে এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প বলেন, "আমাদের দেশে কোনও অসাধারণ ব্যক্তিকে নিয়ে আসাটা উপহারের মতো, কারণ আমরা মনে করি এরা এমন কিছু অসাধারণ মানুষ হতে পারেন আগামিদিনে ৷ অথচ যাদের এখানে থাকার অনুমতি দেওয়া হয় না। তাঁরা কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন, তারপর তাদের ভারতে বা ফ্রান্স, চিনে ফিরে যেতে হয়। যেখান থেকে এসেছেন, সেখানেই আবার ফিরে যান তাঁরা। থাকাটা খুব কঠিন এবং লজ্জাজনকও। এটা হাস্যকর ব্যাপারও হয়ে দাঁড়িয়েছে। আমরা এর সমাধান করতে চাইছি।"
আইবিএম-এর ভারতীয়-আমেরিকান সিইও অরবিন্দ কৃষ্ণ এবং ডেল টেকনোলজিসের সিইও মাইকেল ডেলের উপস্থিতিতে ট্রাম্প ঘোষণা করেন, গোল্ড কার্ডের ওয়েবসাইট চালু হয়েছে ৷ কোম্পানিগুলি হোয়ার্টন, হার্ভার্ড এবং এমআইটি'র মতো শীর্ষস্থানীয় আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে রাখার জন্য গোল্ড কার্ড কিনতে পারবে ৷ ট্রাম্প আরও জানান, তিনি অ্যাপেলের সিইও টিম কুক এবং অন্যান্যদের কাছ থেকে বেশ কয়েকবার শুনেছেন যে, তারা সেরা কলেজগুলো থেকে লোক নিয়োগ করতে পারেন না ৷ কারণ তারা বুঝতে পারে না যে, সেই ব্যক্তিকে দেশে রেখে দওয়া আদৌ সম্ভব হবে কি না ৷ ট্রাম্প বলেন, "এর ফলেই মেধাবী শিক্ষার্থীদের কার্যত এই দেশ ছাড়তে হয় ৷"
ট্রাম্প এও দাবি করেছেন, কুক এই প্রকৃত সমস্যা নিয়ে তাঁর সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন। ট্রাম্প বলেন, "এটা আর কোনও সমস্যা থাকবে না। আমরা এর সমাধান করছি ৷" ট্রাম্প দাবি করেছেন, গোল্ড কার্ডের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বিলিয়ন ডলার আয় করবে ৷ যা প্রকৃতপক্ষে দেশের জন্য ব্যবহার করা হবে। ট্রাম্প আরও জানান, কোম্পানিগুলি এই গোল্ড কার্ড নিয়ে খুব খুশি হবে ৷ যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া গ্রিন কার্ডের চেয়েও বেশি সুবিধা দেবে এই কার্ড।
ট্রাম্প উদাহরণ দিয়ে জানান, যদি আইবিএম ওয়ার্টনের সেরা কোনও শিক্ষার্থীকে নিয়োগ করতে চায় কিন্তু সেই ব্যক্তি দেশে থাকতে পারবে কি না, তার নিশ্চয়তা দিতে না-পারে, তাহলে কোম্পানিটি গোল্ড কার্ড কিনতে পারে ৷ ফলে নিয়োগপ্রাপ্ত সেই ব্যক্তি বেশ দীর্ঘ সময়ের জন্য সেখানে থাকতে পারবেন। ট্রাম্পের কথায়, "কোম্পানিগুলোর জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। এটি মূলত গ্রিন কার্ডের একটি অনেক উন্নত রূপ। আর আপনারা তো গ্রিন কার্ড পান না। সেগুলো পাওয়া অসম্ভব। এটি গ্রিন কার্ডের চেয়ে অনেক ভালো ৷”
গোল্ড কার্ডের বিস্তারিত তথ্য জানাতে গিয়ে বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, "এর জন্য একজন ব্যক্তির জন্য এক মিলিয়ন ডলার ও একটি কর্পোরেশনের জন্য দুই মিলিয়ন ডলার খরচ হবে ৷ সম্পূর্ণ যাচাই ও বাছাই করা হবে, যাতে নিশ্চিত করা যায় যে এই ব্যক্তিরা আমেরিকায় থাকার জন্য সম্পূর্ণ যোগ্য। তারপর কোম্পানি তাদের এখানে রাখতে পারবে এবং তাদের নাগরিকত্ব পাওয়ার পথও স্পষ্ট হবে। পাঁচ বছর পর, তাঁরা আমেরিকার নাগরিক হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন ৷”

