'বন্দি' মাদুরোর ছবি প্রকাশ্যে আনলেন ট্রাম্প, ভেনেজুয়েলায় আপাতত মার্কিন শাসন
হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলন থেকে জানালেন আপাতত ভেনেজুয়েলার শাসন ভার নিজেদের হাতেই রাখবে আমেরিকা ।

Published : January 3, 2026 at 11:50 PM IST
ওয়াশিংটন, 3 জানুয়ারি: ভেনেজুয়েলা দখলের দাবি করেছিলেন আগেই । এবার সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি অবস্থায় আমেরিকায় নিয়ে আসার ছবি প্রকাশ্যে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানালেন আপাতত ভেনেজুয়েলার শাসন ভার নিজেদের হাতেই রাখবে আমেরিকা। পরে নির্দিষ্ট সময়ে ক্ষমতার হস্তান্তর হবে ।
এদিকে, ভারতীয়দের আপাতত জরুরি প্রয়োজন ছাড়া ভেনেজুয়েলায় না যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার । কোনও কারণে যদি যেতেই হয় তাহলে খুব সাবধান থাকতে হবে । ঠিক যতক্ষণ প্রয়োজন ততক্ষণই রাস্তায় থাকতে হবে । প্রতি মুহূর্তে যোগাযোগ রাখতে হবে ভেনেজুয়েলার ভারতীয় দূতাবাসের সঙ্গে । চালু করা হয়েছে হেল্পলাইনও । কোনও সমস্য়া হলে সেখানে ফোন করে বিষয়টি জানা যাবে ।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, "আমি চাই না মাদুরোর মতো কেউ একটা ভেনেজুয়েলার শাসনের ভার নিন ।" তাই যতক্ষণ না পর্যন্ত নির্দিষ্ট প্রক্রিয়া শেষ করে ক্ষমতার হস্তান্তর হচ্ছে ততদিন হুগো শাভেজেরে দেশের শাসনের ভার থাকবে আমেরিকার উপর । এদিনের সাংবাদিক সম্মেলনে একাধিকবার মার্কিন সামরিক শক্তি ঠিক কতটা মারাত্মক তাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ।
প্রেসিডেন্টের মাদুরোকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার আগে স্বভাবতই ভেনেজুয়েলার রাজধানী কারাকাস দখল করে মার্কিন সেনা । তার জন্য গোটা শহরকে অন্ধকার করে দেওয়া হয় বলে ট্রাম্প জানিয়েছেন । তবে আমেরিকার সামরিক বাহিনী পাওয়ার গ্রিডে হামলা করেছে নাকি সাইবার আক্রমণের মাধ্যমে কাজ হাসিল হয়েছে তা জানা যায়নি ।

সাংবাদিক বৈঠকের একটি অংশে ভেনেজুয়েলায় থাকা তৈল ভাণ্ডার নিয়েও মন্তব্য করেন ট্রাম্প । তিনি জানান, ওই তেলের ভাণ্ডার আমেরিকা নিজেদের নিয়ন্ত্রণে নেবে । অন্য একটি প্রসঙ্গে ট্রাম্প জানান, এই সামরিক অভিযানে গিয়ে একজন মার্কিন সেনাও আহত হননি । তবে তিনি মনে করেন, ভেনেজুয়েলা হয়তো বুঝতে পেরেছিল আমেরিকা হামলা করতে পারে । তার জন্য প্রস্তুতিও নিয়ে রেখেছিল । কিন্তু মার্কিন বহিনীর পরাক্রমের কাছে সে সমস্ত বাধা হয়ে দাঁড়ায়নি ।
এর আগে ভারতীয় সময় শনিবার দুপুরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এখন আমেরিকার কবজায় ! ইস্টার্ন টাইম অনুযায়ী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশাল মিডিয়ায় নিশ্চিত করেন, ভেনেজুয়েলা এবং দেশের নেতাদের উপর বিশাল হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী ৷ তিনি জানান, দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে ভেনেজুয়েলা থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ কিন্তু তাঁরা ঠিক কোথায়, সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প ৷ তবে নিশ্চিত করেছেন, তাঁরা আমেরিকার হেফাজতে ৷ পরে মাদুরোর ছবি প্রকাশ্যে আনলেন মার্কিন রাষ্ট্রপতি । তা থেকে স্পষ্ট তাঁর চোখ বেঁধে রাখা হয়েছে । শুধু তাই নয়, চারপাশের সমস্ত আওয়াজও যাতে তাঁর কানে না পৌঁছতে না পেরে সেই ব্যবস্থাও করা আছে ।

