পুতিনের বাসভবনে কোনও ড্রোন হামলা করেনি ইউক্রেন, দাবি ট্রাম্পের
গত সপ্তাহে রাশিয়া দাবি করে দেশের নোভগরোদ অঞ্চলে পুতিনের বাসভবনে একযোগে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন ৷ এবার সেই দাবি খারিজ করলেন ট্রাম্প ৷

Published : January 5, 2026 at 2:26 PM IST
ওয়াশিংটন, 5 জানুয়ারি: গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন ৷ এমনই অভিযোগ রাশিয়ার ৷ এবার তা পত্রপাঠ খারিজ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর সাফ দাবি, পুতিনের বাসভবনে হামলা করেনি ইউক্রেন।
এর আগে রাশিয়ায় ড্রোন হামলা নিয়ে প্রাথমিকভাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্প ৷ রবিবার অবশ্য ক্রেমলিনের দাবিকে খণ্ডন করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, মার্কিন জাতীয় নিরাপত্তার আধিকারিকরা নিশ্চিত করেছেন, এমন কোনও ড্রোন হামলা ইউক্রেন চালায়নি ৷
গত সপ্তাহে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছিলেন, ইউক্রেন তাঁদের দেশের উত্তর-পশ্চিম নোভগরোদ অঞ্চলে পুতিনের বাসভবনে একযোগে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছিল ৷ রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য ড্রোনগুলিকে প্রতিহত করতে সক্ষম হয়। যুদ্ধের অবসানের জন্য যখন দু'পক্ষই আলোচনা করছে, সেই মুহূর্তে এই হামলা চালানোর জন্য ল্যাভরভ কিয়েভের তীব্র সমালোচনাও করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রশাসনের তরফে দেওয়া 20 দফা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য ফ্লোরিডায় গিয়েছিলেন ৷ যদিও সেই আলোচনাতেও পরিকল্পনা চূড়ান্ত হয়নি ৷ সেদিন পুতিনের সঙ্গে ফোনেও দুঘণ্টা ধরে আলোচনা করেন ট্রাম্প ৷ এর ঠিক একদিন পরই ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ করে রাশিয়া ৷ যদিও জেলেনস্কি এই অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দেন ৷
ফ্লোরিডায় নিজের বাড়িতে দু'সপ্তাহ কাটানোর পর রবিবার ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, "আমি বিশ্বাস করি না ওই রকম কোনও হামলা চালানো হয়েছিল।" ইউরোপের কয়েকটি দেশের নেতারা মনে করছেন, রাশিয়ার দাবি আদতে শান্তি প্রচেষ্টাকে দুর্বল করার জন্য মস্কোর একটি অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় ৷ এরপরই ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের এই মনোভাবও স্পষ্ট করে জানিয়েছেন।
কিন্তু প্রাথমিকভাবে ট্রাম্প রাশিয়ার অভিযোগগুলিকে সরাসরি বিশ্বাস করেছিলেন বলেই সংশ্লিষ্ট মহল মনে করেছিল। গত সোমবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, সেদিন সকালে তাঁর সঙ্গে ফোনে কথা বলার সময় পুতিন হামলার বিষয়টি উত্থাপন করেছিলেন। ট্রাম্প এও জানিয়েছিলেন, এই ধরণের অভিযোগ নিয়ে তিনি খুবই ক্ষুব্ধ। বুধবারের মধ্যেই অবশ্য ট্রাম্প রাশিয়ার দাবিকে গুরুত্বহীন বলে অভিহিত করেন ৷ তিনি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে নিউইয়র্ক পোস্টের একটি সম্পাদকীয়ের লিঙ্ক পোস্ট করেন ৷ সেখানে রাশিয়ার অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। রিপোর্টে পুতিনের তীব্র সমালোচনা করা হয় ৷
এমনিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি বেশ জটিল আকার নিয়েছে ৷ নির্বাচনী প্রচারে একদিনের মধ্যে যুদ্ধ শেষ করার দাবি পেশ করা আসা ট্রাম্প যে পরিস্থিতি সামাল দিতে বেজায় সমস্যায় পড়ছেন তা-ও স্পষ্ট। গত সপ্তাহে ট্রাম্প এবং জেলেনস্কি দুজনেই বলেছিলেন, ট্রাম্পের রিসোর্টে 20 দফা শান্তি পরিকল্পনা নিয়ে তাঁদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। কিন্তু তাদের দাবি পূরণ হচ্ছে না বলে যুদ্ধের সমাপ্তির ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি রাশিয়া ৷

