ETV Bharat / international

'মোদি আমাকে ভালোবাসে', রাশিয়া থেকে তেল কিনবে না ভারত; দাবি ট্রাম্পের

রাশিয়ার থেকে আর তেল কিনবে না ভারত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্পকে ৷ এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্টের ৷

DONALD TRUMP ON RUSSIAN OIL
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক যৌথ প্রেস বিবৃতি দিচ্ছেন (ফাইল ছবি ( এএনআই ))
author img

By ETV Bharat Bangla Team

Published : October 16, 2025 at 1:32 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ওয়াশিংটন, 16 অক্টোবর: দীর্ঘদিন ধরেই রাশিয়ান খনিজ তেলের অন্যতম ক্রেতা ভারত ৷ তবে বর্তমানে রাশিয়া থেকে তেলের আমদানি অনেকটাই বেড়েছে ভারতের ৷ তেল আমদানিকারী দেশ হিসাবে এই মুহূর্তে ভারত বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ৷ কিন্তু এবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত, এমনটাই দাবি ডোনাল্ড ট্রাম্পের। শুধু তাই নয়, এনিয়ে নাকি ট্রাম্পকে আশ্বস্ত করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, 'মোদি আমাকে ভালোবাসে'৷

এ প্রসঙ্গে বলে রাখা দরকার, রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর 'শাস্তিমূলক' শুল্ক আরোপ করেছিল বেশ কয়েক মাস আগে ৷ আর তারপর বুধবার মার্কিন প্রেসিডেন্টের এই দাবি ঘিরে শোরগোল পড়ে যায় ৷ ট্রাম্প দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন, নয়াদিল্লি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। পাশাপাশি, মোদির এই চিন্তাভাবনাকে তিনি মস্কোর উপর বিশ্বব্যাপী চাপ বৃদ্ধির প্রচেষ্টা হিসাবে 'বড় পদক্ষেপ' হিসাবে উল্লেখ করেন ৷ এরপর তিনি জানান, এবার আমরা চিনকেও একই কাজ করতে বাধ্য করব।

আর রাশিয়ার তেল কিনবে না ভারত, দাবি ট্রাম্পের (ইটিভি ভারত)

গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা নিয়ে প্রধানমন্ত্রী মোদির কাছে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের কথায়, "আমি খুশি ছিলাম না যে, ভারত তেল কিনছে ।" আর তারপরই নাকি মিলেছে মোদির আশ্বাস ৷ ট্রাম্প আরও যোগ করেন, "তিনি (প্রধানমন্ত্রী মোদি) আমাকে আশ্বস্ত করেছেন যে, তারা রাশিয়া থেকে তেল কিনবে না। এটি অবিলম্বে করা সহজ নয়, তবে প্রক্রিয়াটি শীঘ্রই সম্পন্ন হবে।"

ভারত কি আমেরিকার বিশ্বস্ত বন্ধু ? সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, "মোদি একজন মহান মানুষ। তিনি আমাকে ভালোবাসেন ৷ আমি তাঁর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে চাই না ৷" ট্রাম্পের আরও দাবি, তিনি বহু বছর ধরে ভারতকে দেখে আসছেন এবং প্রতি বছর নতুন নেতারা আসেন, কিন্তু মোদি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কেনায় 'শাস্তিস্বরূপ' ভারতের ওপর অতিরিক্ত 25 শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা ৷ এরই মাঝে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি ঘটে। বাণিজ্য চুক্তির আলোচনা প্রায় ভেস্তে যেতে বসেছিল ৷ তবে সাম্প্রতিককালে ফের ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা শুরু করে আমেরিকা ৷