ETV Bharat / international

এক নিমেষেই শেষ করে দিতে পারেন, খামেনেইয়ের শেষকৃত্যে যোগ দেওয়া নেতাদের হুঁশিয়ারি ট্রাম্পের

খামেনেইয়ের শেষকৃত্যে ভিড় অবাক করেছে ট্রাম্পকে ৷ মার্কিন প্রেসি়ডেন্ট ভাবতেন প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতাকে ইরান খুব একটা পছন্দ করত না !

trump
স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 5, 2026 at 12:55 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ওয়াশিংটন, 5 জুলাই: আয়াতুল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যে অংশ নেওয়া সমস্ত নেতাদের এক নিমেষে এবং এক নিশানায় শেষ করে দিতে পারেন ৷ খামেনেইয়ের মৃত্যুতে যারা চোখের জল ফেলছে তাদের নিকেশ করতে তাঁর মোটেই বেশি সময় লাগবে না ৷ নিজের দেশের 250তম স্বাধীনতা দিবসে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ কিন্ত তিনি কাউকে প্রাণে মারতে চান না ৷ কারণ, সবাই মরে গেলে যুদ্ধ শেষ করা নিয়ে কার সঙ্গে আলোচনা করবেন !

খামেনেইয়ের শেষকৃত্যে মানুষের ভিড় দেখে তিনি যে যারপরনাই অবাক হয়েছেন তাও জানালেন ট্রাম্প ৷ এতদিন তিনি মনে করতেন খামেনেইেকে ইরানের নাগরিকরা খুব একটা পছন্দ করেন না ৷ আর তাই তাঁর মনে হয় ইরানে যে শকের আবহ তৈরি হয়েছে তা নিছক কুম্ভীরাশ্রু ছাড়া আর কিছু নয় ৷ এই সাক্ষাৎকারে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন বলেও জানান ট্রাম্প ৷

তিনি জানান, ইজরায়েলের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে এসে বৈঠক করতে চান ৷ তার জন্য সময় চেয়েছেন ৷ 7 ও 8 জুলাই ন্যাটোর একটি বৈঠকে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন ট্রাম্প ৷ সেখান থেকে ফিরে আসার পর এই বৈঠকটি হতে পারে বলে জানা গিয়েছে ৷ সাক্ষাৎকারের একটি পর্যায়ে ট্রাম্প জানান, ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কাজ করতে খুব ভালো লাগে ৷ দু'জনের মধ্য়ে সম্পর্কও খুবই ভালো ৷ কিন্তু তাঁদের মধ্যে বস-কে সেটা ইজরায়েলের প্রধানমন্ত্রী জানেন, মেনেও চলেন ৷

বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকেও ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি হওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার 250তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন নেতানিয়াহু ৷ সেখানে তিনি জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ যে আজ স্বাধীন তা নিশ্চিত করার ক্ষেত্রে আমেরিকার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ৷ এখানেই দুই নেতা বৈঠক করার ব্যাপারে সম্মত হয়েছেন ৷

ফেব্রুয়ারি মাসের পর আর মুখোমুখি বৈঠক হয়নি এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ৷ ফোনে কথা হয়েছে অবশ্য ৷ শেষবার গত মাসে কথা বলেন দুই নেতা ৷ সেখানে নাকি বেঞ্জামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন ট্রাম্প ৷ ইজরায়েল যেভাবে লেবাননে হামলা করছে তা মানসিক অসুস্থতার লক্ষণ বলেও চিহ্নিত করেন ট্রাম্প ৷ শুধু তিনি নন, তাঁর প্রশাসনে একেবারে শীর্ষে থাকা অনেকেই নাকি আর ইজরায়েলের প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে পারছেন না ৷ এমনই নানা চর্চার মাঝে দুই নেতার মধ্যে বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে বলেই মনে করছে কৃটনৈতিক মহলের একাংশ ৷