বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান, নজরে ফেব্রুয়ারির ভোট
খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি তারেক রহমানকে তাদের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করেছে। 17 বছর পর দেশে ফেরা তারেককে দলের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব দেওয়া হল।

Published : January 10, 2026 at 10:52 AM IST
ঢাকা, 10 জানুয়ারি: বাংলাদেশে নির্বাচনের আগে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP) একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (9 জানুয়ারি 2026) তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তারেক রহমানের মা এবং দলের প্রাক্তন চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুর কয়েকদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম এবং দলীয় সূত্রের খবর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সভাপতি করার অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর 30 ডিসেম্বর 2025-এ প্রয়াত হন। এর 9 দিনের মাথায় বিএনপির চেয়ারম্যান বেছে নেওয়া হল তারেক রহমানকে ৷
দলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হল।’ এর ফলে তারেক রহমান দেশে ফিরে এবার দল পরিচালনায় পূর্ণ নিয়ন্ত্রণ নিচ্ছেন।
দীর্ঘ 17 বছর দেশের বাইরে থাকার পর 25 ডিসেম্বর লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সঙ্কেত হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। দলীয় নেতারা বলছেন, তাঁর প্রত্যাবর্তন সংগঠনটিকে পুনরুজ্জীবিত করেছে এবং এর কর্মীদের মনোবল বাড়িয়েছে।
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের পর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (BNP) সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই নিয়োগের বিষয়টি জানান। প্রতিবেদনে বলা হয়েছে দলের গঠনতন্ত্র অনুযায়ী, শূন্য পদ পূরণের জন্য জাতীয় স্থায়ী কমিটির সভা ডাকা হয়েছে। তারেক রহমান আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং দেশে ফেরার পর এবার বিএনপির চেয়ারম্যান নিযুক্ত হলেন।
আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি বিশেষ মনোযোগ দিচ্ছে। এর অংশ হিসেবে নতুন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম খান এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন রুহুল কবির রিজভি। কমিটিতে আরও 35 জনের বেশি নেতা-নেত্রী রয়েছেন যাঁরা ধাপে ধাপে নির্বাচনী প্রস্তুতি পরিচালনা করবেন। বাংলাদেশে আসন্ন ভোটকে নজরে রেখে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (BNP) স্থায়ী কমিটি থেকে শুরু করে নির্বাচনী কমিটি ও নিরাপত্তা দলে গুরুত্বপূর্ণ নিয়োগের মধ্য দিয়ে বিএনপি নেতারা সংগঠনকে সুসংগঠিত করার চেষ্টায় তৎপর হয়ে উঠেছেন।

