ETV Bharat / international

আততায়ীর থেকে বন্দুক ছিনিয়ে বাঁচান একাধিক প্রাণ, অস্ট্রেলিয়ার 'নায়ক' এক ফলবিক্রেতা

আততায়ীকে জাপটে ধরে কেড়ে নেন বন্দুক ৷ অনেকের প্রাণ বাঁচিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় 'নায়ক' এখন 43 বছরের ফলবিক্রেতা আহমেদ আল আহমেদ ৷

SYDNEY BONDI BEACH SHOOTING
বন্দুকবাজকে পিছন থেকে জাপটে ধরেন এক ব্যক্তি (ছবি: এক্স হ্যান্ডেলের ভিডিয়ো থেকে নেওয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 15, 2025 at 4:03 PM IST

3 Min Read
Choose ETV Bharat

সিডনি, 15 ডিসেম্বর: সিডনির বন্ডি সমুদ্রসৈকত এলাকায় গাছের আড়াল থেকে অবিচারে নিরীহ মানুষের উপর গুলি চালাচ্ছিল এক আততায়ী ৷ ঠিক সেই সময় তাকে পিছন থেকে জাপটে ধরে বন্দুক কেড়ে নেন সাদা শার্ট ও কালো প্যান্ট পড়া এক ব্য়ক্তি ৷ নিজেও গুলিবিদ্ধ হন ৷ কিন্তু প্রাণ বাঁচান একাধিক মানুষের ৷ সিডনির বিচে বন্দুকবাজের হামলার ঘটনায় 'নায়ক' 43 বছরের ফলবিক্রেতা আহমেদ আল আহমেদ ৷

সিডনির বন্ডি সমুদ্রসৈকতে আয়োজিত ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান 'হানুকা বাই দ্য সি'-তে অংশ নিতে অনেকেই উপস্থিত হন ৷ সেই সময় ভিড়ের মধ্যে মিশে গিয়ে গুলি চালাতে শুরু করে দুই বন্দুকবাজ ৷ নিমেষের মধ্যে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন একাধিক মানুষ ৷ ঠিক সেই সময় এক আততায়ীকে পিছন থেকে জাপটে ধরে বন্দুক কেড়ে নেন আহমেদ ৷ তাঁর বুদ্ধিমত্তা ও সাহসিকতার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷

আহমেদের বীরত্বের ভূয়সি প্রশংসা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ ৷ প্রশংসা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ৷ দৃশ্যটিকে 'অবিশ্বাসজনক' বলে ব্যাখ্যা করে নিউসাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিশ মিনস বলেন, "প্রাণের ঝুঁকি নিয়ে এক বন্দুকবাজের দিকে একাই নিস্তব্ধে এগিয়ে যান এক ব্যক্তি ৷ সেই সময় ইহুদিদের উপর নির্বিচারের গুলি চালাচ্ছিল আততায়ী ৷ কিন্তু সে সব তোয়াক্কা না-করেই বহু মানুষের প্রাণ বাঁচান ওই ব্যক্তি ৷ তিনি একজন সত্যিকারের নায়ক ৷"

SYDNEY BONDI BEACH SHOOTING
ঘটনাস্থলে ফরেন্সিকের দল (ছবি: এপি)

নিজেকে আহমেদের ভাই বলে পরিচয় দিয়ে মুস্তাফা নামে এক ব্যক্তি অস্ট্রেলিয়ার স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানান, সিডনিতে একটি ফলের দোকান চালান আহমেদ ৷ দুই সন্তানের বাবা তিনি ৷ এদিন আততায়ীর সঙ্গে ধস্তাধস্তির সময় দু'টি গুলি লাগে তাঁর ৷ পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অস্ত্রপচার করা হয় ৷ মুস্তাফা বলেন, "আমাদের আশা তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ৷ তিনি একজন সত্যিকারের নায়ক ৷"

এদিকে নিউসাউথ ওয়েলসের পুলিশের তরফে এই প্রসঙ্গে সঠিক কোনও তথ্যপ্রকাশ করা হয়নি ৷ বরং এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আততায়ীকে আটকে এক ব্যক্তি বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু তাঁর পরিচয় এখনও জানা যায়নি ৷ এই সংক্রান্ত তদন্ত চলছে বলে জানানো হয় বিবৃতিতে ৷

SYDNEY BONDI BEACH SHOOTING
মৃতদের উদ্দেশ্যে প্রার্থনা সিডনিতে (ছবি: এপি)

রবিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ সিডনির সমুদ্রসৈকতে দুই বন্দুকবাজের গুলিতে প্রাণ যায় 11 জনের ৷ সোমবার সেই সংখ্যাটা বেড়ে 16 ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 20 জন ৷ তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ পাল্টা পুলিশের গুলিতে প্রাণ গিয়েছে এক বন্দুকবাজের ৷ অন্যজনের শরীরে গুরুতর আঘাত লেগেছে ৷ তারও চিকিৎসা চলছে ৷

SYDNEY BONDI BEACH SHOOTING
সিডনির বন্ডি বিচ (ছবি: এপি)

ঘটনার প্রতিবাদে সরব হন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হিজরগ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কোনও সংগঠন নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে এই ঘটনা ঘটিয়েছে কি না, তাও স্পষ্ট নয় ৷ তবে জানা গিয়েছে, দুই বন্দুকবাজ সম্পর্কে বাবা ও ছেলে ৷

পড়ুন: সিডনি বিচে হামলাকারী বাবা-ছেলে, মৃত বেড়ে 16