বাঁক পেরনোর সময় লাইনচ্যুত ট্রেন, মৃত্যু 13 জনের; আহত 98
ট্রেনটিতে প্রায় 250 জন যাত্রী ছিলেন। আহত 98 জনের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর বলে খবর ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা ৷

By ANI
Published : December 29, 2025 at 1:25 PM IST
মেক্সিকো সিটি, 29 ডিসেম্বর: যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে 13 জনের মৃত্যু ৷ আহত হয়েছেন আরও 98 জন ৷ মেক্সিকোর ওয়াহাকা এবং ভেরাক্রুজ রাজ্যের সংযোগকারী ইন্টারওশেনিক ট্রেনটি রবিবার নিজান্দা শহরের কাছে একটি বাঁক পার হওয়ার সময় লাইনচ্যুত হয় । দুর্ঘটনার ফলে প্রশান্ত মহাসাগর এবং মেক্সিকো উপসাগরের সংযোগকারী রেলপথ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে ।
তেহুয়ানতেপেক ইস্তমাস করিডোরের তত্ত্বাবধানে থাকা মেক্সিকান নৌবাহিনী বিবৃতি জারি করে বলেছে, দুর্ঘটনার সময় লাইন জেড-এর ট্রেনটিতে প্রায় 250 জন যাত্রী ছিলেন । আহত 98 জনের মধ্যে 36 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ বাকি যাত্রীদের আঘাত অতটাও গুরুতর নয় বলে জানিয়েছে নৌবাহিনী । মোট 139 জন যাত্রী বিপদমুক্ত বলে জানানো হয়েছে । বিবৃতিতে আরও বলা হয়েছে, "এই দুর্ঘটনায় 13 জনের মৃত্যু হয় ৷ ফলে 98 জন আহত হয়েছেন ৷ তাদের মধ্যে 36 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ বাকিদের আঘাত গুরুতর নয় ৷" নৌবাহিনী তাদের বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ।
এটি ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সহায়তা প্রদানের পাশাপাশি আইন মোতাবেক যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও সরকারি বিবৃতিতে জানানো হয়েছে । বিবৃতিতে আরও বলা হয়েছে, "নৌবাহিনী সচিবালয় এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ৷" নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর তদন্তের পাশাপাশি উদ্ধার অভিযানও শুরু করা হয়েছে ৷ জরুরি ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলার জন্য 360 জন নৌবাহিনীর সদস্য, 20টি বিশেষ গাড়ি, চারটি অ্যাম্বুলেন্স, তিনটি এয়ার অ্যাম্বুলেন্স এবং একটি ড্রোন মোতায়েন করা হয়েছে বলেও জানা গিয়েছে ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ নির্ণয় এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাগুলির সঙ্গে কথা বলে কাজ করছে । দুর্ঘটনার পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম পার্দো নৌবাহিনীর সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রকের মানবাধিকার বিষয়ক উপ-সচিবকে দুর্ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খোঁজখবর নিতে নির্দেশ দিয়েছেন ।
তিনি আরও জানিয়েছেন, আহত যাত্রীদের মাতিয়াস রোমেরো এবং সালিনা ক্রুজের আইএমএসএস হাসপাতাল, জুচিতান ও ইক্সতেপেকের আইএমএসএস-ওয়েলবিইং হাসপাতালে চিকিৎসা চলছে ৷ সেখানকার প্রতিনিধিদের ত্রাণ ও চিকিৎসা কাজে সহায়তা করার নির্দেশও দিয়েছেন ।
এক্স হ্যান্ডেলে প্রেসিডেন্ট পার্দো পোস্ট করে বলেছেন,"নৌবাহিনী সচিবালয় আমাকে জানিয়েছে, আন্তঃমহাসাগরীয় ট্রেনের দুর্ঘটনায় দুর্ভাগ্যবশত 13 জনের মৃত্যু হয়েছে ৷ 98 জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি নৌবাহিনীর সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রকের মানবাধিকার বিষয়ক উপ-সচিবকে ঘটনাস্থলে গিয়ে পরিবারগুলির খোঁজখবর নিতে নির্দেশ দিয়েছি ৷ স্বরাষ্ট্রমন্ত্রী এই গোটা কার্যক্রম সমন্বয় করবেন। আমি ওয়াহাকার গভর্নর এবং তাঁর দল যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাও প্রশংসা যোগ্য ৷ আমি নিয়মিত আপডেট নেব।"

