ETV Bharat / international

যাত্রার 15 মিনিটেই 270 জনকে নিয়ে ভূমধ্যসাগরে ডুবল ফেরি, মৃত অন্তত 7

তুরস্কের নর্দার্ন সাইপ্রাসের কাইরেনিয়া বন্দর থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই জল ঢুকতে শুরু করে ফেরিটিতে ৷ লাইফ জ্যাকেট পরে সমুদ্রের জলে ভাসতে থাকেন যাত্রীরা ৷

ferry carrying nearly 270 passengers and crew capsizes off northern Cyprus
তুরস্কে ফেরি ডুবির ঘটনা (ছবি: এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 30, 2026 at 7:17 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বোড্রাম (তুরস্ক), 30 অগস্ট: ভূমধ্যসাগরের তীরে নৌকাডুবির ঘটনায় অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তুরস্কের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর সাইপ্রাসের উপকূলে ৷ ওই ফেরিটিতে যাত্রী ও ফেরির কর্মী মিলিয়ে 270 জন ছিলেন ৷

নর্দার্ন সাইপ্রাসের প্রধানমন্ত্রী উনাল ইউস্তেল সরকারি সংবাদমাধ্যম টিআরটি-কে জানিয়েছেন, এখনও পর্যন্ত 237 জনকে উদ্ধার করা গিয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷ অত্যাধুনিক ওই ফেরিটি তুরস্কের কাইরেনিয়া বন্দর, যা গিরনে নামেও পরিচিত, সেখান থেকে তুরস্কের মারসিন প্রদেশের টাসুকু বন্দরে যাচ্ছিল ৷

নিকোসিয়ায় তুরস্কের রাষ্ট্রদূত আলি মুরাত বাসেরি জানিয়েছেন, কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ কিন্তু ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করেননি ৷ তিনি জানিয়েছেন, ওই ফেরিতে 259 জন যাত্রী এবং আট জন কর্মী ছিলেন ৷ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি ৷

কাইরেনিয়ার মেয়র মুরাত সেনকুল জানিয়েছেন, ওই ছোট জাহাজটি ফিলো ডেনিজকিলিক ফেরি কোম্পানির ৷ নর্দার্ন সাইপ্রাসের উপকূলে ডায়ানা সমুদ্র সৈকতে সেটি ডুবে যায় ৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণেই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ রওনা দেওয়ার মাত্র 15 মিনিটের মধ্যে ডুবতে শুরু করে ৷

সংবাদমাধ্যম টিআরটি জানিয়েছে, রওনা দেওয়ার পর মাত্র 7.5 কিমি (4 নটিক্যাল মাইল) যাওয়ার পরই ফেরিতে জল ঢুকতে শুরু করেছিল ৷ এই ঘটনার ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, ফেরির যাত্রীরা লাইফ-জ্যাকেট পরে জলে ভাসছেন ৷

এর আগে 4 অগস্ট ইয়েমেনের উপকূলে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে ! এই ঘটনায় 68 জন আফ্রিকার অভিবাসীর মৃত্যু হয়েছে ৷ নিখোঁজ 74 জন ৷ রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা (IOM) ভয়াবহ এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে ৷ কাজের খোঁজে প্রতি বছর হাজার হাজার আফ্রিকার অভিবাসী ইয়েমেনের এই দুর্গম সমুদ্রপথ পেরিয়ে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলিতে যাওয়ার চেষ্টা করেন ৷ এই অঞ্চলে নৌকাডুবির ঘটনা এর আগেও ঘটেছে ৷