ইন্দোনেশিয়াকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দেবে ভারত, স্বাক্ষরিত 20টি মউ চুক্তি
দু'দিনের ইন্দোনেশিয়া সফরে বাণিজ্য, প্রতিরক্ষা থেকে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে একগুচ্ছ চুক্তিতে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী মোদি ৷

Published : July 7, 2026 at 7:05 PM IST
নয়াদিল্লি, 7 জুলাই: দেশে নির্মিত 'ব্রহ্মস' ক্ষেপণাস্ত্র ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীকে সরবরাহ করবে ভারত ৷ মঙ্গলবার রাজধানী জাকার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ ব্রহ্মস-এর পাশাপাশি অ্যাসট্রা (ASTRA) এয়ার-টু-এয়ার মিসাইস কো-অপারেশন এগ্রিমেন্টও হয়েছে ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে ৷
বিশ্বের দ্রুতগামী সুপারসনিক ক্রুজ মিসাইল হিসাবে গণ্য করা হয় ব্রহ্মসকে ৷ এই ক্ষেপণাস্ত্রের গতিবেগ মাচ 2.8 অর্থাৎ 3457.44 কিমি প্রতি ঘণ্টা ৷ ভারী অস্ত্র বহন করে 290 কিমিরও বেশি দূরে অবস্থিত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র ৷
ক্ষেপণাস্ত্র সরবরাহের পাশাপাশি একাধিক ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে-এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ থেকে প্রযুক্তি, খাদ্য সুরক্ষা, ওষুধ এবং জলপথে নিরাপত্তার মতো বিষয় ৷
দ্বিপাক্ষিক বৈঠকের পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথ সাংবাদিক বৈঠক করেন ৷ প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজ ভারত ও ইন্দোনেশিয়া প্রতিরক্ষা ক্ষেত্রে আদানপ্রদান, বিপর্যয় মোকাবিলা এবং শিল্পে সহযোগিতা প্রসারণের জন্য চুক্তি করেছে ৷" সোমবার প্রধানমন্ত্রী মোদি তিনটি দেশের সফরে প্রথমে ইন্দোনেশিয়ায় পৌঁছন ৷

আইআইএম প্রতিষ্ঠা
ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সরবরাহ ছাড়াও বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)-এর ক্যাম্পাস তৈরি হবে ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় সিংহসারি স্পেশাল ইকোনমিক জোনে ৷ প্রধানমন্ত্রী মোদি এই প্রসঙ্গে বলেন, "আমরা মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্য়ানেজমেন্ট বেঙ্গালুরুর ক্যাম্পাস তৈরি হবে ইন্দোনেশিয়ায় ৷ এই প্রতিষ্ঠান তৈরি হলে এশিয়ান (ASEAN) অর্থাৎ এশিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলের তরুণ-তরুণীরা উপকৃত হবেন ৷" এর আগে প্রথম ভারতীয় বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আইআইএম আমেদাবাদ দেশের বাইরে দুবাইয়ে ক্যাম্পাস তৈরি করে ৷
স্বাস্থ্যক্ষেত্রে চুক্তি
স্বাস্থ্য ক্ষেত্রে ভারতে 'সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন' এবং ইন্দোনেশিয়ার 'ন্যাশনাল এজেন্সি অফ ড্রাগ অ্যান্ড ফুড কন্ট্রোল'-এর মধ্যে একটি মউ চুক্তি স্বাক্ষরিত হয় ৷ এর ফলে দুই দেশের মধ্যে চিকিৎসা সংক্রান্ত সামগ্রী নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক মানের নিয়ন্ত্রণমূলক জ্ঞানের আদানপ্রদান এবং সর্বোপরি ইন্দোনেশিয়ায় ভারতীয় ওষুধের বাজার প্রসারিত হবে ৷
এছাড়া 'ইমপ্লিমেনটেশন এগ্রিমেন্ট অন হেলথ ওয়ার্কফোর্স কলাবরেশন' চুক্তি হয় ৷ এর ফলে ইন্দোনেশিয়ার চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে ভারতে পড়াশোনার সুযোগ পাবে ৷
ইভিএম
ইন্দোনেশিয়ায় 28.8 কোটি (288 মিলিয়ন) মানুষের বাস ৷ বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্র ৷ ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে ইভিএম সরবরাহ করবে ৷ এই বিষয়ে দেশের নির্বাচন কমিশন (ইসিআই) ও ইন্দোনেশিয়ার জেনারেল ইলেকশন কমিশন (কেপিইউ)-এর মধ্যে মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷
প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তোর আমন্ত্রণে গতকাল ইন্দোনেশিয়া পৌঁছন প্রধানমন্ত্রী ৷ তাঁকে দেসের সর্বোচ্চ নাগরিক সম্মান 'বিনতাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া'-য় ভূষিত করে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ ৷ আগামিকাল ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রথমে অস্ট্রেলিয়া ও তারপর নিউজিল্যান্ড সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদি ৷

