নির্দল প্রার্থীকে গুলি, ভোট ঘোষণার পর লাগাতার হিংসা বাংলাদেশে
ঢাকা-8 কেন্দ্রের এক প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা চাঞ্চল্য বাংলাদেশে ৷ অন্যদিকে, 17 বছর পর বাংলাদেশে ফিরছেন খালেদার ছেলে তারিক ৷

By ANI
Published : December 13, 2025 at 11:33 AM IST
ঢাকা, 14 ডিসেম্বর: জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণার পর থেকে নতুন করে হিংসা বাংলাদেশ ৷ প্রশ্নের মুখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ৷ এরই মধ্যে গুলিবিদ্ধ হলেন নির্দল প্রার্থী তথা 2024 সালের অগস্ট মাসে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া গণআন্দোলনের অন্যতম প্রধান মুখ ওসমান হাদি ৷ ঢাকা-8 কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন তিনি ৷ ইনক্লাব মঞ্চ নামে একটি সংগঠনও চালান ওসমান ৷ এছাড়া আরও বেশ কয়েকটি অশান্তির ঘটনা ঘটেছে ৷
শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় মোটর বাইকে থাকা দুষ্কৃতী ৷ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ গুলিবিদ্ধ ওসমানির চিকিৎসা চলছে ঢাকার একটি হাসপাতালে ৷ তাঁর শারীরিক পরিস্থিতি যথেষ্ট আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল ৷
নির্দল প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে তৎপর অন্তর্বর্তী প্রশাসনও ৷ রাতেই কয়েকজন উপদেষ্টাকে নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৷ সেখানে তিনি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তা অবিলম্বে খুঁজে বের করতে হবে ৷ যাদের মদতে এই ঘটনা ঘটছে তাদেরও ছাড়া হবে না ৷ তাঁদের সরকারের আমলে হওয়া হিংসার ঘটনাগুলির মধ্য এই ঘটনাটি আলাদা তাৎপর্য আছে বলে মনে করেন ইউনূস ৷
প্রধান উপদেষ্টা মনে করেন, এমন কিছু শক্তি এখন বাংলাদেশে সক্রিয় হয়েছে যারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক ৷ ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা পরিকল্পিত কায়দায় হিংসা করছে ৷ এই সমস্ত শক্তিকে কোনওভাবে নিজেদের লক্ষ্য পূরণ করতে দেওয়া যাবে না ৷ সাধারণ নাগরিকদের সঙ্গে নিয়ে নির্বাচন আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে তাঁর বিশ্বাস ৷ আর এই পথে যতই সমস্যা আসুক না কেন শক্ত হাতে তার মোকাবিলা করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা ৷ কোনও শক্তিই যাতে নির্বাচনকে ভেস্তে দিতে না পারে তা নিশ্চিত করতে যা যা দরকার তা করা হবে ৷ পুলিশ থেকে শুরু করে অন্য নিরাপত্তা সংস্থাগুলিকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি ৷ হিংসা রুখতে প্রশাসন যাতে ভালোভাবে কাজ করে তা নিয়েও কথা হয়েছে বৈঠকে ৷
তাঁর কথায়, "নির্দল প্রার্থীকে গুলি করার মানে সরাসরি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত হানা ৷ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের লক্ষ্য দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া ৷ আমরা কখনও তাঁদের কাঙ্খিত লক্ষ্য পূরণ হতে দেব না ৷ যে কোনও মূল্যে হোক বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ৷ "
এদিকে, শেষমেশ বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারিক ৷ তাঁর দল বিএনপির তরফে জানানো হযেছে, প্রায় 17 বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর 25 ডিসেম্বর দেশে ফিরবেন তিনি ৷ ইতিমধ্যেই আসন্ন নির্বাচনে একটি কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি ৷ তাঁর দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৷

