ETV Bharat / international

উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রধানমন্ত্রী মোদিকে

প্রধানমন্ত্রী মোদি এই পুরস্কারকে ভারত ও উজবেকিস্তানের জনগণকে একসূত্রে বাঁধার উষ্ণতা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হিসেবে অভিহিত করেছেন।

PM Modi Uzbekistan highest honour
উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান মোদিকে (পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 30, 2026 at 5:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

তাশখন্দ, 30 অগস্ট: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ওলি দারাজালি দোস্তলিক’ (Oliy Darajali Do’stlik) অর্ডারে ভূষিত করা হয়। ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী মোদির অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে।

তাসখন্দে আয়োজিত এক অনুষ্ঠানে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ প্রধানমন্ত্রী মোদির হাতে এই সম্মান তুলে দেন। সেই অনুষ্ঠানে মোদি বলেন, "এটি আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত, কারণ এই সম্মান ভারত ও উজবেকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও অংশীদারিত্বেরই উদাহরণ।" এই সম্মানের জন্য তিনি উজবেকিস্তানের জনগণ ও সরকারকেও ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, "এই পুরস্কার 140 কোটি ভারতবাসীর। আমি এই পুরস্কার তাঁদের এবং ভারত ও উজবেকিস্তানের বন্ধুত্বকে উৎসর্গ করছি।"

প্রধানমন্ত্রী মোদি এই পুরস্কারকে ভারত ও উজবেকিস্তানের জনগণকে একসূত্রে বাঁধার উষ্ণতা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হিসেবে অভিহিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মান উভয় দেশের বিশেষ বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে। মোদি বলেন, "আপনারা 'দোস্তলিক' শব্দটি ব্যবহার করেছেন, যার সঙ্গে ভারতের মানুষও অত্যন্ত পরিচিত। আমাদের দেশে এমন কোনও পরিবার নেই বললেই চলে, যারা দিনে অন্তত একশোবার 'দোস্ত' শব্দটি ব্যবহার করে না ৷ আর আজ আপনারা সত্যিই 'দোস্তলিক'-এর প্রকৃত অর্থকে মূর্ত করে তুলেছেন। 'দোস্তলিক' মানেই হলো বন্ধুত্ব।"

এর আগে, দু'দিনের সরকারি সফরে শনিবার উজবেকিস্তানে পৌঁছনোর পর এখানকার একটি হোটেলে প্রবাসী ভারতীয়দের তরফে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রী মোদিকে। সোশাল মিডিয়ায় এক মোদি লিখেছেন, "তাসখন্দে প্রবাসী ভারতীয়দের অভ্যর্থনা এবং ভালোবাসায় আমি অভিভূত। আমাদের প্রবাসীরা ভারত ও উজবেকিস্তানের মধ্যে সেতুবন্ধনের কাজ করছেন ৷ দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করে তুলেছেন।"

PM Modi Uzbekistan highest honour
উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান মোদিকে (পিটিআই)

প্রবাসী ভারতীয়দের কত্থক ও আন্দিজান পোলকা নৃত্য পরিবেশন দেখেও অত্যন্ত খুশি হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া, উজবেকিস্তানের খুদে শিল্পীদের জনপ্রিয় ভারতীয় গান 'উড়ে জব জব জুলফে তেরি'-র তালে প্রাণবন্ত নৃত্য পরিবেশন দেখেও তিনি যারপরনাই খুশি।

অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদিকে উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান দেওয়ার বিষয়টিকে "প্রত্যেক ভারতবাসীর জন্য গর্বের মুহূর্ত" হিসেবে অভিহিত করেছেন বিজেপি সভাপতি নীতিন নবীন। তিনি বলেন, "এটি প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি ক্রমবর্ধমান বিশ্বব্যাপী স্বীকৃতির প্রতিফলন। পাশাপাশি, এটি ভারত ও উজবেকিস্তানের মধ্যে বন্ধুত্বের অটুট বন্ধনকেও প্রতিফলিত করে।"