ETV Bharat / international

মোদি-পেজেশকিয়ান বৈঠকে কথা হরমুজের নিরাপত্তা নিয়ে, সংঘাত ছেড়ে আলোচনায় জোর প্রধানমন্ত্রীর

মোদি-পেজেশকিয়ান বৈঠকের আগে হরমুজে হামলা চালায় আমেরিকা। জবাব দেওয়া হবে বলে জানিয়েছে তেহরান । এরই মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেন প্রধানমন্ত্রী মোদি ।

Iran President Pezeshkian to meet
আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য়ের সমস্যা সমাধানের কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি-পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 31, 2026 at 5:43 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বিশকেক (কিরগিজস্তান), 31 অগস্ট : আরও একবার আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য়ের সমস্যা সমাধানের কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশকেকে তাঁর সঙ্গে বৈঠক করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান । এসসিও সম্মেলন এবং এসসিও প্লাসের বৈঠকের ফাঁকে দুই নেতার কথা হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক ।

বৈঠকের আগে 6 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের সাময়িক বিরতি ভাঙে আমেরিকা ৷ স্থানীয় সময় রবিবার হরমুজ প্রণালীতে ইরানের রকেট লঞ্চারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী ৷ গত এক মাসের মধ্যে এটাই তাদের প্রথম সামরিক পদক্ষেপ । ইরানও প্রতিশোধ নেবে বলে জানিয়েছে ।

ফেব্রুয়ারি মাসের শেষে আমেরিকা ও ইজরায়েল ইরানে হামলা করার পর থেকে এই প্রথম বৈঠক হল মোদি আর পেজেশকিয়ানের। সংঘাত শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে দুই নেতার। প্রতিবারই প্রধানমন্ত্রী মোদি পরামর্শ দিয়েছেন, সংঘাত পরিত্যাগ করে আলোচনার মাধ্যমো সমস্যার সমাধান করতে হবে । এদিনের বৈঠকেও ভারতের পুরনো অবস্থানের কথা আরও একবার মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী । পাশপাশি হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও কথা হয়েছে দুুই নেতার ।

Iran President Pezeshkian to meet
বৈঠকের আগে 6 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের সাময়িক বিরতি ভাঙে আমেরিকা (ছবি-পিটিআই)

বিদেশমন্ত্রকের তরফে জারি করা সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, "দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে । কথা হয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে। এখন সেখানকার যুদ্ধ পরিস্থিতি থেকে শুরু করে অন্য় সামগ্রিক পরিস্থিতি কেমন তা নিয়েও কথা হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একবার মনে করিয়ে দিয়েছেন, ভারত সবসময় বিশ্বাস করে যে কোনও সমস্যার সমাধান করতে হয় আলোচনার মাধ্যমেই ।"

বৈঠকে সমুদ্রপথে নিরাপত্তার বিষয়টিও উঠে আসে । প্রধানমন্ত্রী জানান, সমুদ্রপথ যাতে নাবিকদের জন্য নিরাপদ হয় সেটা দেখা সবার কাজ। বিশেষ করে হরমুজ প্রণালী হয়ে যাতায়াত করা জাহাজের নিরাপত্তার উপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে । মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে সমুদ্রপথে একাধিকবার ভারতীয় নাবিকদের হামলার মুখে পড়তে হয়েছে । তাঁদের কারও কারও প্রাণও গিয়েছে । এমতাবস্থায় বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত হয়ে সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে সরব হচ্ছেন প্রধানমন্ত্রী । এদিনও সেই এক দাবি পেশ করেন প্রধানমন্ত্রী ।

বৈঠকের আগে ইরানের সরকারি সংবাদসংস্থা আইআরএনএ জানিয়েছিল, এসসিও সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর পাশাপাশি রাশিয়া এবং কিরগিজস্তানের প্রেসিডেন্টদের সঙ্গে কথা বলবেন ইরানের প্রেসিডেন্ট । সম্মেলনে যোগ দিতে আসার আগে তিনি জানিয়েছিলেন, ইরান যুদ্ধ চায় না । কিন্তু কেউ যদি হামলা করে তাহলে তার যোগ্য জবাব অবশ্যই দেওয়া হবে । মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ-পরিস্থিতি যে সংশ্লিষ্ট দেশগুলির জন্য একেবারেই কাম্য নয় তাও মেনে নিয়েছেন প্রেসিডেন্ট।