ইমরানের কারাবাসের 3 বছর : সেপ্টেম্বরে ইসলামাবাদ অচল করার হুঁশিয়ারি দলের
দল জানিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ন্যায়বিচার দেওয়া না হয়, তবে পিটিআই সমর্থকরা 27 সেপ্টেম্বর ইসলামাবাদ অভিযান করবে।

Published : August 6, 2026 at 10:59 AM IST
পেশোয়ার, 6 অগস্ট: ইমরান খানের ন্যায়বিচারের দাবিতে এবার ইসলামাবাদ অভিযানের ডাক দিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ৷ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মহম্মদ সোহেল আফ্রিদি বুধবার জানিয়েছেন, যদি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ন্যায়বিচার দেওয়া না হয়, তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সমর্থকরা 27 সেপ্টেম্বর ইসলামাবাদ অভিযান করবে।
ইমরান খানের কারাবাসের তিন বছর পূর্তির প্রাক্কালে পেশোয়ারে পিটিআই সমর্থকদের এক বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আফ্রিদি বলেন, "দলের প্রথম দাবি হলো, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলির শুনানির দিন ধার্য করা এবং গুণাগুণের ভিত্তিতে সেগুলির নিষ্পত্তি করা ৷ আর দ্বিতীয় দাবি হলো, তাঁদের আইনজীবী, চিকিৎসক, আত্মীয়স্বজন ও দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়া।" তিনি দাবি করেন যে, ন্যায়বিচার পাওয়া গেলে ইমরান খানকে 30 মিনিটের মধ্যে মুক্তি দেওয়া সম্ভব ৷ অন্যথায় 27 সেপ্টেম্বর সারা দেশ থেকে মানুষ ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করবে।
আফ্রিদি বলেন, "পিটিআই কোনও অনুগ্রহ নয়, বরং ন্যায়বিচার চাইছে।" তিনি জোর দিয়ে জানান যে, শান্তিপূর্ণ বিক্ষোভ-সহ সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে দল তাদের সংগ্রাম চালিয়ে যাবে। সমগ্র পাকিস্তান থেকে আগত সমর্থকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, "খাইবার পাখতুনখোয়া, পঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তানের মানুষ ইমরান খানের প্রতি সংহতি প্রকাশ করতে সমবেত হয়েছে ৷ মানুষের এই বিপুল উপস্থিতি তাঁর অব্যাহত জনপ্রিয়তারই প্রতিফলন।"
ইমরান খানকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করে আফ্রিদি জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীকে নির্জন কারাবাসে রাখা হয়েছে ৷ কারাগারে তাঁর সঙ্গে দেখা করার সময় তাঁর বোনদের দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে। তিনি অভিযোগ করেন, 26 তম ও 27 তম সংবিধান সংশোধনী বিচার বিভাগকে দুর্বল করেছে ৷ তিনি দাবি করেন, আদালতগুলি এখন আর স্বাধীনভাবে ন্যায়বিচার করতে পারছে না ৷ মুখ্যমন্ত্রী পিটিআই-এর দীর্ঘদিনের সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন যে, পাকিস্তানের সার্বভৌমত্বের বিষয়ে আপস করতে অস্বীকার করায় "অভ্যন্তরীণ সহযোগীদের" সহায়তায় এক "বহিরাগত ষড়যন্ত্রের" মাধ্যমে খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
আফ্রিদি আরও অভিযোগ করেন যে, 2022 সালের এপ্রিলে ক্ষমতার পরিবর্তনের ফলে অর্থনৈতিক অবনতি ঘটেছে ৷ সন্ত্রাসবাদের পুনরুত্থান হয়েছে—বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। তিনি বলেন, "প্রদেশটি আবারও নিরাপত্তাহীনতা ও রক্তপাতের শিকার হয়েছে।" আফ্রিদি বর্তমান সরকারের বিরুদ্ধে ইরান, আফগানিস্তান ও চিন-সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনেন। তিনি তথাকথিত ‘বংশবাদ রাজনীতি’র সমালোচনা করেন এবং অঙ্গীকার করেন যে, বংশানুক্রমিক শাসন চাপিয়ে দেওয়ার যেকোনও প্রচেষ্টাকে পিটিআই প্রতিহত করবে।

