যুদ্ধবিরতি লঙ্ঘন! পাক বায়ুসেনার এয়ার স্ট্রাইকে হত 3 আফগান ক্রিকেটর-সহ 10
শুক্রবার আফগানিস্তানের ভিতরে পাকিস্তানি হামলায় 3 জন খেলোয়াড়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড ৷ একটি টুর্নামেন্ট খেলার জন্য এলাকায় এসেছিলেন তাঁরা ৷

By AFP
Published : October 18, 2025 at 12:34 PM IST
কাবুল 18 অক্টোবর: যুদ্ধবিরতি লঙ্ঘন করে আকাশপথে আফগানিস্তানের উপর হামলা চালালো পাকিস্তান! শুক্রবার রাতে পাকতিকা প্রদেশের উরগুন জেলায় এয়ার স্ট্রাইক করে ইসলামাবাদ ৷ হামলায় 10 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে 3 জন আফগান ক্রিকেটার ও 2টি শিশু রয়েছে বলে জানিয়েছে আফগান প্রশাসন ৷
গত এক সপ্তাহ ধরে রক্তাক্ষয়ী সংঘর্ষে জড়িত আফগানিস্তান ও পাকিস্তান ৷ হামলা-পাল্টা হামলায় উভয়পক্ষের কয়েক ডজন সেনা এবং সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে ৷ এই আবহে বুধবার 48 ঘণ্টার জন্য যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় দুই পক্ষ ৷ কিন্তু, কাবুলের অভিযোগ যুদ্ধবিরতি লঙ্ঘন করে তার আগেই হামলা চালিয়েছে পাকিস্তান ৷
Statement of Condolence
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 17, 2025
The Afghanistan Cricket Board expresses its deepest sorrow and grief over the tragic martyrdom of the brave cricketers from Urgun District in Paktika Province, who were targeted this evening in a cowardly attack carried out by the Pakistani regime.
In… pic.twitter.com/YkenImtuVR
তালিবানের এক শীর্ষ আধিকারিক জানান, পাকতিকার 3টি অঞ্চলে হামলা করে পাকিস্তান ৷ এই হামলার কড়া জবাব দেওয়া হবে ৷ প্রদেশের এক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এদিনের পাক হামলায় 10 জনের মৃত্যু হয়েছে এবং 12 জন আহত হয়েছেন ৷ মৃতদের মধ্যে 3 জন ক্রিকেটার এবং 2টি শিশুও রয়েছে ৷ আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকতিকা প্রদেশে একটি টুর্নামেন্ট খেলার জন্য গিয়েছিলেন মৃত 3 খেলোয়াড় ৷ হামলার প্রতিবাদে আসন্ন ত্রিদেশীয় টি-20 সিরিজ থেকে দল প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে বোর্ড ৷
এদিকে হামলা প্রসঙ্গে পাকিস্তানের এক শীর্ষ নিরাপত্তা আধিকারিক জানান, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে যুক্ত স্থানীয় হাফিজ গুল বাহাদুর গ্রুপকে লক্ষ্য করে এদিন হামলা চালানো হয় ৷ আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় অবস্থিত সেনাছাউনির উপর একাধিক হামলার জন্য দায়ী এই সংগঠন ৷ হামলায় 7 জন সেনা জওয়ানের মৃত্যুও হয়েছে ৷ এদিন কেবলমাত্র তাদের লক্ষ্য করে নির্ভুলভাবে হামলা করা হয় ৷
সংঘর্ষের সূত্রপাত
মূলত, নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলির জন্য এই সংঘর্ষের সূত্রপাত ৷ পাকিস্তানের অভিযোগ, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর নেতৃত্বাধীন জঙ্গি গোষ্ঠীগুলিকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান ৷ যদিও ইসলামাবাদের এই দাবি অস্বীকার করেছে কাবুল ৷
এই আবহে পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বি ভারত সফরে আসেন তালিবান বিদেশমন্ত্রী ৷ তাঁর সফরের সময় শনিবার থেকে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আফগানিস্তান ৷ দক্ষিণে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় হামলা চালায় তালিবান ৷ পাল্টা আক্রমণ করে ইসলামাবাদও ৷ খুব অল্প সময়ের মধ্যেই তালিবান যোদ্ধা এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে ৷ দুই দেশের এই সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যুও হয় ৷ পরে পরিস্থিতি স্বাভাবিক করতে 48 ঘণ্টার যুদ্ধবিরতির সিদ্ধান্তে নেয় দুই দেশ ।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মুহাম্মদ আসিফ কাবুলের বিরুদ্ধে ভারতের হয়ে হামলা এবং পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন । এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি লেখেন, শান্তি আলোচনার জন্য কাবুলে কোনও প্রতিনিধি দল পাঠানো হবে না ৷ সন্ত্রাসবাদের জন্য যাঁরা দায়ী, তাঁদের এর মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি ৷ এদিকে, তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্পষ্ট জানান, পাকিস্তান হামলা না-করলে তাঁরাও কোনও আক্রমণ করবেন না ৷

