9/11 জঙ্গি হামলার মূলচক্রীর বিচার শুরু নিয়ে নির্দেশ মার্কিন সামরিক আদালতের
মার্কিন সামরিক আদালত জানিয়েছে যে, অভিযুক্ত শেখ মহম্মদ এবং আরও তিনজনের বিচার 2028 সালের 5 জুন শুরু হবে ৷

Published : August 27, 2026 at 10:01 PM IST
ওয়াশিংটন, 27 অগস্ট: মার্কিন যুক্তরাষ্ট্রে 9/11 জঙ্গি হামলায় অভিযুক্ত খালিদ শেখ মহম্মদ এবং আরও তিনজনের বিচারপ্রক্রিয়া শুরু হবে 2028 সালে ৷ ওই বছরের 5 জুন এই চারজনের বিচারপ্রক্রিয়া শুরু হবে বলে মার্কিন সামরিক আদালতের একজন বিচারক বুধবার জানিয়েছেন ৷
উল্লেখ্য, 2001 সালের 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল ৷ দু‘টি বিমান আছড়ে পড়েছিল নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৷ আরও একটি বিমান মার্কিন সামরিক দফতর পেন্টাগনে হামলা চালানোর পরিকল্পনা করে ৷ কিন্তু সেটি হামলা চালাতে সফল হয়নি ৷ বরং পেনসিলভেনিয়ায় ভেঙে পড়ে ৷
প্রায় তিন হাজার মানুষ নিহত হন এই হামলায় ৷ জঙ্গি সংগঠন আল কায়দা এই হামলা চালিয়েছিল ৷ এই জঙ্গি সংগঠনের প্রধান ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে গিয়ে মেরেছিল মার্কিন বাহিনী ৷ এছাড়াও আরও অনেকেই সাজা পেয়েছে ৷ ওই জঙ্গি হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের অভিযোগে গ্রেফতার করা হয় খালিদ শেখ মহম্মদ ৷ তার সঙ্গে ধরা পড়ে আরও তিনজন ৷ তারা হল - ওয়ালিদ বিন আতাশ, আলি আব্দুল আজিজ আলি এবং মোস্তফা আল-হাওসাওয়ি ৷
একেবারে শেষের দিকে তাদের গ্রেফতার করা হয়েছিল ৷ কিউবার গুয়ানতানামো বে-তে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে তাদের রাখা হয়েছে ৷ দীর্ঘদিন ধরে তাদের বিচারপ্রক্রিয়া শুরু নিয়ে টালবাহানা চলছে ৷ অবশেষে বিচারপ্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত জানালেন বিচারক ৷ সরকারি কৌঁসুলিরা অবশ্য বিচার শুরুর জন্য 2027 সালের জানুয়ারির সময়সীমা চেয়েছিলেন ৷ বিচারক তার থেকে 18 মাস বেশি সময়সীমা দিয়ে 2028 সালের জুন মাসে বিচার শুরুর কথা জানিয়েছেন ৷
বিমান বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এ স্ক্রামা, যিনি এই মামলার বিচার করছেন, তিনি তাঁর আদেশে জানিয়েছেন, বিচার শুরুর আগের বিভিন্ন আইনি বিরোধের নিষ্পত্তি করতে হবে ৷ যেমন বিচারে কোন কোন সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা যাবে, তা নিয়ে মতপার্থক্য নিষ্পত্তি করা প্রয়োজন ৷ সেই জন্য এই বাড়তি সময়ের প্রয়োজন ৷
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর চালানো অন্যতম ভয়াবহ হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের আওতায় আনতে গত দুই দশকেরও বেশি সময় ধরে মার্কিন সামরিক বাহিনী ও ধারাবাহিক বিভিন্ন প্রশাসনকে হিমশিম খেতে হয়েছে । এর আগে 2021 সালে এই বিচারের দিন ধার্য করা হলেও পরবর্তীতে তা বাতিল করা হয়েছিল । এবারও সময়মতো বিচার শুরু হবে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে ৷ তার কারণ, বিচার শুরুর আগে মামলার গুরুত্বপূর্ণ পর্যায়গুলি যথাযথভাবে শেষ হওয়া প্রয়োজন ৷
এর আগে একটি ফেডারেল আপিল আদালত এমন একটি সমঝোতা চুক্তি বাতিল করে দেয়, যার আওতায় 2001 সালের আল-কায়েদা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডের ঝুঁকি এড়াতে খালিদ শেখ মহম্মদ দোষ স্বীকার করার সুযোগ পেতেন । ওই চুক্তিতে শেখ মহম্মদ এবং তাঁর দুই সহ-অভিযুক্তের জন্য প্যারোল-বিহীন যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল । পাশাপাশি, হামলার বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলোর মনে থাকা যেকোনও প্রশ্নের জবাব দিতেও তাঁরা বাধ্য থাকতেন । কিন্তু দুই বছর ধরে আলোচনার পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সেই চুক্তিটি প্রত্যাখ্যান করে ।

