ETV Bharat / international

ইরান-আমেরিকা চুক্তি এখনও অধরাই, কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

সম্প্রতি আমেরিকা ইরানের সামরিক ঘাঁটিকে নিশানা করে হামলা চালিয়েছে ৷ এর পরই কুয়েতে হামলার খবর পাওয়া গেল ৷

Strait of Hormuz
হরমুজ প্রণালী নিয়ে সংঘাত (ছবি: এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2026 at 2:02 PM IST

2 Min Read
Choose ETV Bharat

আবু ধাবি, 28 মে: দুই দেশের মধ্যে সমঝোতার চুক্তি নিয়ে টানাপোড়েন চলছে ৷ এদিকে ইরানে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার পর ফের উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রাচ্য ৷ স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাতে কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে বলে জানা গিয়েছে ৷ কুয়েতের সামরিক বাহিনী একটি বিবৃতি জারি করে এই হামলার কথা জানিয়েছে ৷ কিন্তু ঠিক কোথায় এই হামলা চালানো হয়েছে তা স্পষ্ট করেনি মধ্যপ্রাচ্যের এই দেশটি ৷

সম্প্রতি চলতি সপ্তাহের সোমবার আমেরিকার সেনাবাহিনী দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ৷ এই হামলা আত্মরক্ষার স্বার্থে বলে দাবি করেছে মার্কিন সেনা ৷ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন স্থাপনকারী নৌকাগুলিকে নিশানা করে হামলা চালানো হয় ৷

চলতি বছরের 28 ফেব্রুয়ারি আমেরিকার মদতে ইরানের তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল ৷ এরপরই মধ্যপ্রাচ্যে অশান্তির সূচনা হয় ৷ মাঝে শান্তি চুক্তির জন্য পাকিস্তানের ইসলামাবাদে বৈঠক করে আমেরিকা ও ইরান ৷ কিন্তু সেই বৈঠকে কোনও সুরাহা হয়নি ৷ এরপর থেকে প্রায় প্রতিদিনই চুক্তি নিয়ে পোস্ট করে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ কিন্তু চূড়ান্ত কোনও সমাধান হয়নি ৷ বরং এই সংঘাতের আবহে হরমুজ প্রণালী প্রায় বন্ধ ৷

মধ্যপ্রাচ্যের এই সংকীর্ণ কিন্তু কৌশলী জলপথ দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবাহিত হয়, যা বিশ্বের 20 শতাংশ ৷ হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী ৷ এর মধ্যে ইরানের বিপুল ইউরেনিয়ামের ভাণ্ডার দখল করতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা ৷ অন্যদিকে ইরান তাদের উপর চাপানো অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছে ৷

Kuwait Military Statement
কুয়েতের সামরিক বাহিনীর বিবৃতি (ছবি: কুয়েতের সেনাবাহিনীর এক্স হ্যান্ডেল)

বৃহস্পতিবার সকালে আমেরিকার আধিকারিকরা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড ইরানের চারটি ড্রোনের উপর হামলা চালিয়ে নামিয়ে এনেছে ৷ এই ড্রোনগুলি আমেরিকার জন্য বিপজ্জনক বলে দাবি করেছে তারা ৷ বান্দার আব্বাসে একটি কন্ট্রোল স্টেশনেও হামলা চালায় আমেরিকার সেনাবাহিনী ৷ পঞ্চম ড্রোনটি ওই ঘাঁটি থেকে ছোড়ার কথা ছিল ৷

ইরানের আধাসামরিক বাহিনী রেভোলিউশনার গার্ড সরকারি সংবাদসংস্থা আইআরএনএ-তে বান্দার আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কথা জানিয়েছে ৷ হরমুজ প্রণালীতে অবস্থিত এই বিমানবন্দরটি সামরিক ও অসামরিক উভয় কাজেই ব্যবহৃত হয় ৷