নির্বাসিত যুবরাজের ডাকে উত্তপ্ত ইরান, দেশজুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে হাজার হাজার মানুষের ৷ ক্রমেই সেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে ৷

Published : January 9, 2026 at 3:26 PM IST
তেহরান, 9 জানুয়ারি: সরকার বিরোধী প্রতিবাদে নতুন করে অশান্ত ইরান ৷ নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির ডাকে বৃহস্পতিবার রাতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে দেশবাসী ৷ এরপরই দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা এবং টেলিফোন সংযোগ সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দিয়েছে ইরান সরকার ৷
বিগত 12 দিন ধরে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে হাজার হাজার ইরানবাসী ৷ ক্রমেই সেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়তে থাকে দেশের বিভিন্ন প্রান্তে ৷ দেশের ভগ্নপ্রায় অর্থনীতির বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদ ক্রমশ দেশের সরকার এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে আন্দোলনের রূপ নিতে থাকে ৷ তেহরানের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা ৷ বিক্ষোভকারীদের সমর্থনে এলাকার সমস্ত দোকান বাজার বন্ধ করে দেওয়া হয় ৷
Great nation of Iran, the eyes of the world are upon you. Take to the streets and, as a united front, shout your demands. I warn the Islamic Republic, its leader, and the IRGC that the world and @POTUS are closely watching you. Suppression of the people will not go unanswered. https://t.co/keyFFounaX
— Reza Pahlavi (@PahlaviReza) January 8, 2026
মার্কিন মানবাধিকার কর্মীদের সংবাদ সংস্থার খবর অনুযায়ী, উত্তেজনার ঘটনায় এখনও পর্যন্ত অন্তত 41 জনের মৃত্যু হয়েছে ৷ আন্দোলন দমাতে প্রায় 2 হাজার 270 জনতে আটক করেছে ইরান সরকার ৷ এই আবহে বৃহস্পতিবার বৃহত্তর গণবিক্ষোভের ডাক দেন নির্বাসিত যুবরাজ ৷ তারপরই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠে ৷ 1979 সালে ইসলামিক বিপ্লবের ঠিক আগে অত্যন্ত অসুস্থ অবস্থায় ইরান ছেড়ে পালিয়ে যান যুবরাজের অসুস্থ বাবা তথা প্রাক্তন শাসক রেজা শাহ পাহলভি ৷ এদিন নিঃসন্দেহে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে ইরানের জনগণকে প্রভাবিত করতে সক্ষম হন নির্বাসিত যুবরাজ ৷
একটি বিবৃতিতে ইরানকে 'বৃহৎ রাষ্ট্র' বলে অবিহিত করে পাহলভি বলেন, "বিশ্বের সকলেই এই মুহূর্তে ইরানের দিকে তাকিয়ে রয়েছে ৷ নিজেদের দাবি জানিয়ে সকলে একত্রিত হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করুন ৷" সেই সঙ্গে, ইরান সরকারকে হুঁশিয়ারি দিয়ে যুবরাজ জানান, দেশটির উপর কড়া নজর রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন নির্বাসিত যুবরাজ ৷ লেখেন, "লক্ষ লক্ষ ইরানবাসী আজ স্বাধীনতা চেয়ে মিছিল করেছেন ৷ তার জবাবে প্রশাসন ইরানে যোগাযোগের সমস্ত মাধ্যম বিচ্ছিন্ন করে দিয়েছে । ইরানের প্রতিবাদী জনতার পাশে থাকার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ ৷ ইউরোপের রাষ্ট্রনেতার তাঁর (মার্কিন প্রেসিডেন্ট) দেখানো পথে চলার সময় এসেছে ৷"
Millions of Iranians demanded their freedom tonight. In response, the regime in Iran has cut all lines of communication. It has shut down the Internet. It has cut landlines. It may even attempt to jam satellite signals.
— Reza Pahlavi (@PahlaviReza) January 8, 2026
I want to thank the leader of the free world, President…
এই আবহে, ইরানের আন্দোলন আরও শক্তিশালী হয়ে উঠবে, সেই আশঙ্কায় দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয় দেশের সরকার ৷ ইন্টারনেট সংস্থা ক্লাউডফ্লেয়ার এবং অ্যাডভোকেসি সংস্থা নেটব্লকস ইন্টারনেট বন্ধের খবরটি নিশ্চিত করে ৷ আর এর জন্য ইরানের সরকারকেই দায়ী করেছে উভয় সংস্থা ৷ এমনকী, ল্যান্ডলাইন এবং মোবাইল ফোনের মাধ্যমে দুবাই থেকেও ইরানে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ৷
এদিন, যুবরাজের আহ্বানের মুহূর্তের মধ্যে তেহরান-সহ নিকটবর্তী বিভিন্ন এলাকার বিক্ষোভকারীরা পাহলভির সমর্থনে স্লোগান দিতে শুরু করে ৷ বলেন, "এটাই শেষ যুদ্ধ, পাহলভি ফিরে আসবেন ৷" সেই সঙ্গে, খামেনি সরকারের বিরুদ্ধে স্লোগানের মধ্যে ছিল, "স্বৈরশাসকের পতন হোক", "ইসলামী প্রজাতন্ত্রের পতন হোক" ৷
উত্তপ্ত এই পরিস্থিতিকে কঠোরভাবে প্রতিহত করার চেষ্টা করছে ইরানের প্রশাসন ৷ ভিডিয়ো প্রকাশ করে এক রাষ্ট্রীয় সংবাদ মাধ্য়মের দাবি করেছে, বিক্ষোভকারীদের চিহ্নিত করার জন্য ড্রোনের ব্যবহার করতে চলেছে সরকার ৷ যদিও, ব্যাপক বিক্ষোভের বিষয়ে ইরানের প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি ৷ তবে, আন্দোলনে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীর আহত বা নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷

