ETV Bharat / international

টরেন্টো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতীয় গবেষককে গুলি করে হত্যা

কানাডায় এক ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া গবেষককে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই গুলি করে হত্যা করা ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছে বিদেশমন্ত্রক ৷

Death of Indians in Canada
কানাডায় মৃত ভারতীয় গবেষকের (ছবি: টরেন্টো পুলিশের এক্স হ্যান্ডেল থেকে গৃহীত)
author img

By PTI

Published : December 26, 2025 at 6:31 PM IST

3 Min Read
Choose ETV Bharat

টরেন্টো, 26 ডিসেম্বর: গবেষণারত এক ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া গবেষককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসে ৷ ঘটনায় শোকপ্রকাশ করে মৃত ছাত্রের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে ৷

কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন ও টরেন্টো পুলিশের রিপোর্ট অনুযায়ী, কানাডায় গবেষণারত ভারতীয় ছাত্রটির নাম শিভক অবস্তি ৷ হাইল্যান্ড ক্রিক ট্রেল এলাকা এবং ওল্ড কিংসটন রোড থেকে মঙ্গলবার বেলা 3.30টে নাগাদ কেউ পুলিশকে খবর দেয়, একজন গুরুতর আহত ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েছেন ৷ ঘটনাস্থল থেকে কর্তব্যরত ইন্সপেক্টর জেফ অ্যালিংটন সাংবাদিকদের জানান, এক ব্যক্তি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন ৷ তিনি আহত ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে 911 নম্বরে ফোন করেন ৷

পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন ওই ব্যক্তিকে গুলি করা হয়েছে ৷ তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৷ এই ঘটনাটিকে টরেন্টোর পুলিশ হত্যা হিসাবেই ধরে তদন্ত করছে ৷ ইন্সপেক্টর জেফ অ্যালিংটন বলেন, "আমরা আগে ঘটনাস্থল থেকে পাওয়া প্রমাণগুলি সংরক্ষণ করছি ৷ ঠিক কী হয়েছিল, তা জানার চেষ্টা করছি ৷ এই ব্যক্তির আত্মীয়কে বিষয়টি জানাচ্ছি ৷" এদিকে টরেন্টোয় ভারতীয় কনস্যুলেটের তরফে পড়ুয়ার এই দুর্ভাগ্যজনক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়েছে ৷

টরেন্টোর স্কারবরো বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, তাঁরা এই ঘটনায় অত্যন্ত ব্যথিত ৷ কিন্তু শিভক অবস্তি যে তাদের বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া, তা নিশ্চিত করতে পারেননি তিনি ৷ মুখপাত্র বলেন, "নিহত ব্যক্তির পরিচয় নিয়ে আমরা এখনই কোনও মন্তব্য করব না ৷" বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সতর্কতামূলক নির্দেশিকা জারি করে, যেন কোনও পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়া যেন ক্যাম্পাস ছেড়ে বাইরে না যান ৷ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাইল্যান্ড ক্রিক ভ্যালিতে পুলিশ তদন্ত করছে ৷ তাই ভ্যালি থেকে বেরনো প্রবেশপথটি বন্ধ থাকবে ৷ পুলিশ ফের এই প্রবেশপথটি না-খোলা পর্যন্ত ওই পথ দিয়ে কেউ যাতায়াত না-করেন ৷

অন্যদিকে, কানাডার এক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য অপেক্ষারত অবস্থায় 44 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির মৃত্যু হয় ৷ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কানাডার একটি হাসপাতালের জরুরি বিভাগে তিনি আট ঘণ্টারও বেশি সময় চিকিৎসার অপেক্ষায় ছিলেন ৷ শেষে বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয় ৷ হাসপাতালের সামনে দীর্ঘক্ষণ অবহেলায় পড়ে থেকে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ ৷ গত বুধবার গ্লোবাল নিউজ একটি রিপোর্টে জানিয়েছে, প্রশান্ত শ্রীকুমার কাজ করার সময় বুকে ব্যথা অনুভব করেন ৷ এক ব্যক্তি তাঁকে দক্ষিণ-পূর্ব এডমনটনে অবস্থিত গ্রে নানস হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয় এবং তারপর তাঁকে অপেক্ষা করিয়ে রাখা হয় ৷

শ্রীকুমারের বাবা দ্রুত হাসপাতালে ছেলের কাছে পৌঁছন ৷ বাবা বলেন, "ছেলে আমায় বলল বাবা, আমি এই ব্যথা আর সহ্য করতে পারছি না ৷" তিনি হাসপাতালের কর্মীদের এই প্রবল যন্ত্রণার কথাও জানান ৷ এরপর হাসপাতালে প্রশান্তের ইলেকট্রো কার্ডিওগ্রাম (ইসিজি) হয় ৷ পরীক্ষার পর তাঁকে বলা হয়, তেমন কিছু নয় এবং ফের অপেক্ষা করিয়ে রাখে হাসাপাতাল ৷ হাসপাতালের কর্মীরা প্রশান্তকে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ ৷

প্রশান্তের বাবার কথায়, "এইভাবে সময় চলে গেল ৷ আট ঘণ্টারও বেশি সময় বসে বসে কেটে গেল ৷ এরপর ওঁকে যখন চিকিৎসার জন্য ডেকে পাঠায়, তখন ও 10 সেকেন্ড চেয়ারে বসতে পেরেছিল ৷ তারপর উঠে দাঁড়ায় এবং বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ৷" নার্সরা ছুটে এসেছিল ৷ কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রশান্তের মৃত্যু হয় ৷ তাঁর পরিবারে স্ত্রী ও তিন সন্তান আছে, যাদের বয়স 10 থেকে 14 বছরের মধ্যে ৷