বিএনপির নয়া চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা
বিএনপি অবশ্য 40 মিনিটের এই বৈঠককে একটি নিছক সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছে । তবে এই বৈঠকে আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন বলে খবর ৷

By PTI
Published : January 11, 2026 at 10:24 AM IST
ঢাকা, 11 জানুয়ারি: আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন ৷ তার আগে শনিবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা ৷ একদিন আগে বিএনপি আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে দলের চেয়ারম্যান পদে নির্বাচিত করেছে ৷ তার পরপরই এই সাক্ষাৎ ৷
এই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের মুখপাত্র সায়রুল কবির খান বলেন, "দু'জনের মধ্যে প্রায় 40 মিনিট ধরে বৈঠক হয়েছে ।" যদিও বিএনপি এটিকে একটি নিছক সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছে । সূত্রের খবর অবশ্য বলছে, বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে । সূত্র মারফৎ আরও জানা যাচ্ছে, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন ।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন প্রায় বিলুপ্ত আওয়ামী লীগের অনুপস্থিতিতেই 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ তার আগে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে প্রধান শক্তি হিসেবে উঠে এসেছে তা স্পষ্ট ৷ এমনকী বিএনপির একসময়ের গুরুত্বপূর্ণ বন্ধু তথা জোট সঙ্গী জামায়াতে ইসলামিই এখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী । যেখানে আওয়ামী লীগের কোনও শক্তিই সেভাবে নেই বাংলাদেশে ৷ এই অবস্থায় নির্বাচনে বিএনপি যে যথেষ্ট ভালো জায়গায় আছে তা একরকম স্পষ্ট ৷
2024 সালের 5 অগস্ট ছাত্র নেতৃত্বাধীন এক হিংসাত্মক আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয় ৷ ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা । মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর এক নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে কড়া অবস্থান নেয় ৷ এমনকী দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেও জানানো হয় ৷ অন্যদিকে, খালেদা জিয়া অসুস্থ থাকায় 2018 সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান ।
দীর্ঘ অসুস্থতার পর মৃত্যু হয় বিএনপির চেয়ারপার্সন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৷ তার 10 দিন পর শুক্রবার রাতে দলের নীতিনির্ধারক স্থায়ী কমিটি তারেককে আনুষ্ঠানিকভাবে দলের প্রধান হিসেবে নির্বাচিত করে । বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা আগে শুক্রবার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন । রহমান গত 17 বছর ধরে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন ৷ গত 25 ডিসেম্বর দেশে ফিরে আসেন ।

