'আগামী 48 ঘণ্টা যেখানে আছেন সেখানেই থাকুন', ইরানে ভারতীয় দূতাবাসের জরুরি পরামর্শ
ভারতীয় দূতাবাস ইরানে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে একটি জরুরি পরামর্শ জারি করেছে, যেখানে তাঁদের আগামী 48 ঘণ্টা নিজেদের অবস্থানেই থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Published : April 7, 2026 at 9:08 PM IST
তেহরান, 7 এপ্রিল: মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, যেকোনও মুহূর্তে বড়সড় বিপর্যয় ঘটে যেতে পারে। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলা অব্যাহত রয়েছে৷ অন্যদিকে, ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, আজ রাতেই গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই পরিস্থিতিতে, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সেখানে বসবাসকারী ভারতীয়দের জন্য একটি জরুরি পরামর্শ জারি করে 'আগামী 48 ঘণ্টা যেখানে আছেন সেখানেই থাকুন' বলে পরামর্শ দিয়েছে।
ভারতীয় দূতাবাস এক নির্দেশিকায় ইরানে বসবাসকারী ভারতীয়দের বাড়ির ভেতরে থাকতে হবে এবং সমস্ত বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি ও বহুতল ভবনের উপরের তলাগুলি থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছে। পরামর্শ বার্তায় বলা হয়েছে যে, দূতাবাসের বুক করা হোটেলে অবস্থানকারীদের ঘরের ভেতরে থাকতে হবে এবং ঘটনাস্থলে উপস্থিত দূতাবাস টিমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। এই পরামর্শের কারণ হল, যে কোনও সামরিক হামলার ক্ষেত্রে এই স্থানগুলি প্রধান লক্ষ্যবস্তু হতে পারে।
⚠️ Advisory as on 07 April 2026. pic.twitter.com/xsrpoOvx0f
— India in Iran (@India_in_Iran) April 7, 2026
ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করেছেন, যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি লিখেছেন, “আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে এবং তা আর কখনও ফিরে আসবে না। আমি তা চাই না, কিন্তু এটাই ঘটবে। তবে, এখন যেহেতু ক্ষমতায় সম্পূর্ণ পরিবর্তন এসেছে এবং মানুষগুলি ভিন্ন, জ্ঞানী ও কম উগ্র, হয়তো বৈপ্লবিক ও চমৎকার কিছু ঘটতে পারে। কে জানে? আজ রাতে আমরা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্তের সাক্ষী হব। 47 বছরের জুলুমবাজি, দুর্নীতি ও মৃত্যুর অবসান ঘটবে। ঈশ্বর ইরানের মহান জনগণের মঙ্গল করুন!”
ইরানের পরিস্থিতি এখনও অত্যন্ত বিপজ্জনক! একদিকে, ইরানের প্রেসিডেন্ট পাজেশকিয়ান এবং শক্তিশালী আইআরজিসি-র মধ্যে অভ্যন্তরীণ সংঘাতের খবর পাওয়া যাচ্ছে, অন্যদিকে ইজরায়েল ও মার্কিন ক্ষেপণাস্ত্র ইরানের পারমাণবিক ও বিদ্যুৎ কেন্দ্রগুলিকে লক্ষ্যবস্তু করতে চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে, ভারত চায় না কোনও ভারতীয় নাগরিক অনিচ্ছাকৃতভাবে কোনও সংঘাতের অংশ হয়ে পড়ুক বা আক্রমণের শিকার হোক। তাই আগাম জরুরি পরামর্শ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে৷
ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জারি করা ওই পরামর্শ বার্তায় সেদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সুবিধার জন্য কয়েকটি মোবাইল নম্বর ও ইমেল আইডি দেওয়া হয়েছে, যেগুলি 24 ঘণ্টা চালু থাকবে।
ভারতীয় দূতাবাসের দেওয়া ওই মোবাইল নম্বরগুলি হল: +989128109115, +989128109109, +989128109102, +989932179359
এবং ইমেইল আইডি হল: cons.tehran@mea.gov.in

