দীপু-খোকন-মণির পর মিঠুন, বাংলাদেশে চোর সন্দেহে ধাওয়া; জলে ঝাঁপ দিয়ে মৃত্যু হিন্দু যুবকের
ফের এক হিন্দু যুবককে চোর সন্দেহে তাড়া করে উন্মত্ত জনতা ৷ বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছেই ৷

By ANI
Published : January 7, 2026 at 1:38 PM IST
ঢাকা, 7 জানুয়ারি: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার থামছে না ৷ শুধু সন্দেহের বশে এক যুবককে চোর বলে দাগিয়ে তাঁকে ধাওয়া করে একদল উন্মত্ত জনতা ৷ প্রাণে বাঁচতে জলাশয়ে ঝাঁপ দেন মিঠুন সরকার নামে ওই ব্যক্তি ৷ জলে ডুবে মৃত্যু হয় তাঁর ৷
দীপু দাস, খোকন দাস, রানা প্রতাপ বৈরাগী, মণি চক্রবর্তী এবং মিঠুন সরকার- এই তালিকা ক্রমশ দীর্ঘ হয়ে চলেছে ৷ বুধবার নওগাঁ জেলার পুলিশ সুপার মহম্মদ তারিকুল ইসলাম ফোনে সংবাদসংস্থা এএনআই-কে বলেন, "বাংলাদেশের উত্তর দিকের নওগাঁ জেলার মহাদেবপুর নামে একটি জায়গায় মিঠুন সরকার নামের হিন্দু যুবককে চোর বলে সন্দেহ করা হয় ৷ তাঁকে ধরতে একদল উন্মত্ত জনতা ধাওয়া করতে থাকে ৷ তিনি জলে ঝাঁপ দেন এবং সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এবং দমকলবাহিনীর সাহায্যে তাঁর দেহ উদ্ধার করে ৷ মিঠুন সরকারের দেহের ময়নাতদন্ত করা হবে ৷ ঘটনার তদন্ত চলছে ৷"
এদিকে বাংলাদেশে 13তম সংসদীয় নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই সাম্প্রদায়িক হিংসার ঘটনা বেড়ে চলেছে ৷ শুধু ডিসেম্বরে কমপক্ষে 51টি হিংসার ঘটনার খবর সামনে এসেছে ৷ বাংলাদেশ হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইউনিটি কাউন্সিল একটি বিবৃতিতে জানিয়েছে, এর মধ্যে 10টি খুন, চুরি ও ডাকাতির 10টি ঘটনা, বাড়িঘর বা কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান জবরদখল করার পাশাপাশি মন্দির ও জমি লুটের 23টি ঘটনা ঘটেছে ৷ ধর্মের নামে ও ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর চর হওয়ার মিথ্যা অভিযোগে গ্রেফতার ও অত্যাচারের ঘটনা ঘটেছে 4টি ৷ শুধু তাই নয়, একটি ধর্ষণের চেষ্টা এবং তিনটি শারীরিক নিগ্রহের ঘটনা ঘটেছে ৷ হিংসার এই ধারাবাহিকতা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেও বজায় রয়েছে ৷

বিবৃতিতে আরও জানানো হয়েছে, গত 2 জানুয়ারি রামগতির লক্ষ্মীপুরে সত্য রঞ্জন দাসের 96 ডেসিমাল চাষের জমি পুড়িয়ে দেওয়া হয় ৷ তার আগে গত বছরের শেষ দিন 31 ডিসেম্বরের উদযাপনের আগে শরিয়তপুরে ওষুধ ব্যবসায়ী খোকন দাসের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ প্রাণে বাঁচতে তিনি একটি পুকুরে ঝাঁপ দেন ৷ পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ গত 3 জানুয়ারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ ওই দিন ভোরে চট্টগ্রামে বোয়ালখালী উপজিলার আমুচিয়া ইউনিয়নে 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলন দাসের বাড়িতে ভয়াবহ ডাকাতি হয় ৷ তাঁকে ও পরিবারের অন্য় সদস্যদের আটকে রেখে লুটপাট চালায় দুষ্কৃতীরা ৷ একইভাবে কুমিল্লার হোমনায় সানু দাসের বাড়ি থেকে 10 ভরি সোনার গয়না, 12 ভরি রুপো এবং মোট 20 হাজার টাকা (বাংলাদেশি) লুট করে পালায় দুষ্কৃতীরা ৷
বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওয়াসিম হাদির মৃত্যুর আবহে গত 18 ডিসেম্বর দীপু দাস নামের এক কাপড় কারখানার কর্মীকে পিটিয়ে খুন করে তাঁর দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে ৷ গত 5 জানুয়ারি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যশোরে অজ্ঞাত পরিচয় আততায়ীদের গুলিতে মৃত্যু হয় হিন্দু ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগীর ৷ তিনি একটি সংবাদপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন ৷ ওইদিন রাতে এই খুনের কিছুক্ষণ পরে মুদিখানার দোকানের মালিক মণি চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কয়েকজন দুষ্কৃতী ৷ ঘটনাটি ঘটে বাংলাদেশের দক্ষিণে যশোর জেলায় ৷ এবার সেই তালিকা আরও বড় হল ৷

