ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা, টাঙ্গাইল শাড়িকে অন্তর্ভুক্ত করার আবেদন
ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় কয়েক বছর আগে স্থান পেয়েছে বাংলার দুর্গাপুজো ৷ এবার টাঙ্গাইল শাড়িকে অন্তর্ভুক্ত করার দাবি উঠল ৷

Published : December 7, 2025 at 7:16 PM IST
ঢাকা, 7 ডিসেম্বর: জামদানির পর এবার টাঙ্গাইল শাড়িকে ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়ার আবেদন জানালেন বাংলাদেশের তাঁত শিল্পীরা ৷ বহু বছর ধরেই আন্তর্জাতিক মঞ্চে জনপ্রিয় এই শাড়ি ৷ বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির অন্যতম বড় বিজ্ঞাপনও বটে ৷ চাহিদা আছে দেশ-বিদেশেও ৷
এবার এই শাড়িকে ইউনেসকোর ঐতিহ্যের তালিকায় পৌঁছে দিতে চান শিল্পীরা ৷ ইউনেসকো'র মানবজীবনের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়ার জন্য আবেদন করা হয়েছে ৷ উল্লেখ্য, কয়েক বছর এই বিশেষ তালিকাতেই স্থান পেয়েছে বাংলার দুর্গাপুজো ৷ তারপর থেকে পুজো ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের আকর্ষণ আরও বেড়েছে ৷ পুজোর সময় কলকাতায় আসা বিদেশী পর্যটকদের সংখ্যাও বেড়েছে অনেকটাই ৷

মধ্য বাংলাদেশের টাঙ্গাইল জেলায় দীর্ঘদিন ধরে বহু তাঁতি বাস করেন ৷ তাঁদের কথা মাথায় রেখেই শাড়ির নাম টাঙ্গাইল ৷ হাতে বোনা এই শাড়ির প্রধান বৈশিষ্ট হল এই শাড়ির ওজন ৷ অন্য শাড়ির তুলনায় অনেকটাই হালকা টাঙ্গাইল ৷ পাশাপাশি শৈল্পিক দিক থেকেও শাড়িটির সৌন্দর্য আকর্ষণ করে অনুরাগীদের ৷ আলাদা করে চোখে পড়ে রঙিন সুতোর কাজ ৷
শুধু সংস্কৃতি বা ঐতিহ্যের দিক থেকে নয়, আর্থিক কারণেও এই বিশেষ তকমা দেওয়া জরুরি বলে মনে করছেন শিল্পীদের একটা বড় অংশ ৷ কাঁচামালের দাম অনেকটাই বেড়েছে এখন ৷ তার সঙ্গে বেড়েছে অন্য খরচও ৷ কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে ভারত-সহ আশপাশের দেশে নতুন করে ব্যবসা সেভাবে বাড়ার আশা দেখছেন না শিল্পীরা ৷ প্রস্তুতি খরচ বেশি হওয়ায় শাড়ির দামও বাড়াতে হচ্ছে ৷
এমতাবস্থায় কমেছে বিক্রি ৷ সদ্য শেষ হওয়া উৎসবের মরশুমেও সেভাবে বিক্রি হয়নি ব্যবসায়ীদের ৷ শাড়ি বোনাকে পেশা হিসেবে বাছতে অনীহায় ভুগছেন যুবক-যুবতীরা ৷ যাঁরা আসছেন তাঁদেরও সঙ্গী আর্থিক অনিশ্চয়তা ৷ সেদিক থেকে আন্তর্জাতিক মানচিত্রে নয়া স্বীকৃতি মিললে টাঙ্গাইলের প্রচার আরও বাড়বে বলে অনুমান শিল্পীদের ৷ সেই সূত্রে বিশ্ববাজারে নিজের জন্য আলাদা জায়গাও তৈরি করতে পারবে বাংলাদেশের এই সাংস্কৃতিক ঐতিহ্য ৷

এর আগে বাংলাদেশের ঐতিহ্যশালী বাগেরহাট মসজিদ থেকে শুরু করে সুন্দরবন জায়গা করে নিয়েছে ইউনেসকোর ঐতিহ্যের তালিকায় ৷ পাহাড়পুরের বৌদ্ধমঠের ধ্বংসাবশেষও আছে তালিকায় ৷ তাছাড়া বাউল গান, জামদানি, শীতলপাটিও নিজেদের জায়গা করে নিতে পেরেছে তালিকায় ৷ পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকেও এই বিশেষ তালিকায় স্থান দিয়েছে ইউনেসকো ৷ এবার টাঙ্গাইল শাড়ির খ্যাতি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হল ৷

