ETV Bharat / international

সিডনি বিচে হামলাকারী বাবা-ছেলে, মৃত বেড়ে 16

এখনও পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

BONDI BEACH MASSACRE
সোমবার সকালেও এলাকায় পুলিশ মোতায়েন (ছবি : এপি)
author img

By AP (Associated Press)

Published : December 14, 2025 at 5:43 PM IST

|

Updated : December 15, 2025 at 7:26 AM IST

3 Min Read
Choose ETV Bharat

সিডনি, 15 ডিসেম্বর: ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান চলার সময় রক্তাক্ত সিডনির বিখ্যাত বন্ডি বিচ ৷ রবিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ দুই বন্দুকবাজের গুলিতে প্রাণ গিয়েছিল 11 জনের ৷ সোমবার সেই সংখ্যাটা বেড়ে 16 ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 20 জন ৷ তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক ৷

পাল্টা পুলিশের গুলিতে প্রাণ গিয়েছে এক বন্দুকবাজের ৷ অন্যজনের শরীরে গুরুতর আঘাত লেগেছে ৷ তারও চিকিৎসা চলছে ৷ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হিজরগ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কোনও সংগঠন নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে এই ঘটনা ঘটিয়েছে কি না তাও স্পষ্ট নয় ৷

ঘটনার পরদিন অর্থাৎ সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, "গতকাল আমরা যা দেখেছি তা ছিল একটি সম্পূর্ণ দুষ্কৃীতমূলক কাজ ৷ ইহুদি-বিদ্বেষের কাজ ৷ অস্ট্রেলিয়ার একটি প্রতীকী স্থান বন্ডি সমুদ্র সৈকতের উপকূলে সন্ত্রাসবাদী কাজ হয়েছে ৷ এই সৈকত যা আনন্দ, পরিবারের সমাবেশ ও উদযাপনের সঙ্গে জড়িত ৷ যা ঘটেছে তার জন্য এটি চিরতরে কলঙ্কিত হয়ে গেল ।"

BONDI BEACH MASSACRE
রবিবার ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার মুহূর্ত (ছবি : এপি)

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন জানিয়েছেন, একজন বন্দুকধারীর বয়স 50 ৷ পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর । অপর বন্দুকধারী তার 24 বছর বয়সি ছেলে ৷ সে আহত হয়ে হাসপাতালে ভর্তি ৷ একজন বন্দুকধারী নিরাপত্তা পরিষেবাগুলির কাছে পরিচিত ছিল ৷ তবে কর্তৃপক্ষ পরিকল্পিত আক্রমণের কোনও ইঙ্গিত পায়নি ।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস সাংবাদিকদের জানান, নিহতদের বয়স 10 থেকে 87 বছরের মধ্যে । সোমবার সকালে কমপক্ষে 42 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ।

ঘটনার নিন্দা করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লেখেন, "বন্ডি বিচের ঘটনার তীব্র নিন্দা করি ৷ এই হামলায় যাঁরা স্বজন হারিয়েছেন তাঁদের প্রতি সমাবেদনা জানাই ৷ ভারতের সমস্ত নাগরিকদের হয়ে আমি বলতে চাই এমন দু:খের দিনে আমরা সকলে অস্ট্রেলিয়ার মানুষদের পাশে আছি ৷ ভারত কোনওরকম সন্ত্রাসবাদী কার্যকলাপকে প্রশ্রয় দেয় না ৷ সন্ত্রাসবাদ শেষ করতে হওয়া সমস্ত লড়াইকে সমর্থন করে ৷"

ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান 'হানুকা বাই দ্য সি'-তে অংশ নিতে এদিন অনেকেই উপস্থিত ছিলেন এদিন ৷ সে সময় ভিড়ের মধ্যে মিশে গিয়ে গুলি চালাতে থাকে দুই বন্দুকবাজ ৷ চিলি থেকে আসা তরুণ ক্যামিও দিয়াজের সঙ্গে কথা বলেছে সংবাদসংস্থা এপি ৷ তিনি জানান, ভিড়ের মধ্যে থেকে টানা দশ মিনিটেরও বেশি সময় ধরে গুলির শব্দ শোনা যাচ্ছিল ৷ নাম প্রকাশে অনিচ্ছুক ইংল্যান্ড থেকে আসা এক যুবক জানিয়েছেন, তাঁর চোখের সামনে 6জনকে গুলি করা হয়েছে ৷ তাঁদের কেউ আর বেঁচে নেই ৷

নিউ সাউথওয়েলস পুলিশ জানিয়েছে, পৌনে সাতটার কিছু পরে তাদের কাছে গুলি চলার খবর আসে ৷ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে এমন বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে যা থেকে ঘটনার কারণ সম্পর্কে অনুমান করতে পারছে পুলিশ ৷ তবে আপাতত সে তথ্য প্রকাশ্যে আনা হয়নি ৷

ইজরায়েলের প্রেসিডেন্ট অস্ট্রেলিয়ার প্রশাসনকে ব্যবস্থা ইহুদিদের বিরুদ্ধে হওয়া হিংসার ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন স্থানীয় প্রশাসন এখনও এই ঘটনাকে ইহুদি-বিরোধী কার্যকলাপ হিসেবে দেখতে নারাজ ৷ তাদের দাবি, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও উপসংহারে পৌঁছনোর কোনও কারণ নেই ৷ এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, হানুকার প্রথমদিনে সকলের আনন্দ আর উৎসাহে মেতে ওঠেন ৷ কিন্তু এই বিশেষ দিনেই অস্ট্রেলিয়ায় থাকা ইহুদিদের নিশানা করা হল ৷ আমরা সবাই আক্রান্তদের পাশে আছি ৷ আমাদের দেশে এই ধরনের হিংসার কোনও স্থান নেই ৷

Last Updated : December 15, 2025 at 7:26 AM IST