গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা ! পর্যটকদের জন্য ব্যবহৃত জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যানিয়নের গভীর এলাকা থেকে 60 জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে । 15 জনের কোনও খোঁজ পাওয়া যায়নি ৷

Published : August 31, 2026 at 1:55 PM IST
ফ্ল্যাগস্টাফ (অ্যারিজোনা), 31 অগস্ট: গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক ভয়াবহ বন্যা ৷ যার কারণে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে ৷ বন্যার জলের তোড়ে বড় বড় পাথর ও ধাতব কাঠামো কলোরাডো নদীতে ভেসে গিয়েছে এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জল সরবরাহের একমাত্র পাইপলাইনটি অকেজো হয়ে পড়েছে । এমনটাই রবিবার জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস ৷
সোমবার থেকে পর্যটকরা গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ভেতরের লজ ও হোটেলগুলোতে আর রাত কাটাতে পারবেন না । পার্ক কর্তৃপক্ষ সেখানকার স্থায়ী বাসিন্দাদের জল সাশ্রয় করার আহ্বান জানিয়েছে । এক বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ বলেছে, "জলের উৎসের নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই পদক্ষেপগুলো অত্যন্ত জরুরি ।"

অ্যারিজোনার ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক যেখানে মূল নদীতে গিয়ে মিশেছে, সেখানে শনিবার বিকেলে আকস্মিক বন্যা নামে । ক্যানিয়নের গভীর এলাকা থেকে 60 জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে । পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, 15 জনের কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ ক্যানিয়নে থাকা কোনও হাইকার বা ক্যাম্পার সম্পর্কে তথ্য জানা থাকলে তা জানানোর জন্য অনুরোধ করেছে পার্ক কর্তৃপক্ষ । রবিবার আরও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজে সহায়তা করেছে অ্যারিজোনা ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি ।

শনিবার যখন প্রবল বৃষ্টিপাত শুরু হয়, তখন পার্থ দেশাই তাঁর চিকিৎসক সহকর্মী ও একজন পার্ক রেঞ্জারের সঙ্গে ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়নের একটি সরু পথ ধরে হাইকিং করছিলেন । তিনি বলেন, "আমরা দেখলাম ছোট নদীটি ফুলেফেঁপে উঠছে ৷ হঠাৎ করেই যেন কোথা থেকে জলপ্রপাত বেরিয়ে আসছে ৷ আর সব জায়গায় ছড়িয়ে পড়ছে বড় বড় পাথর, কাদা ও ধস ৷" তিনি জানান, পরবর্তীতে ফ্যান্টম র্যাঞ্চের দিকে যাওয়ার সময় এক সহকর্মী চিৎকার করে ওঠেন, উপরে ওঠো, উপরে ওঠো ! কারণ তখন প্রায় 4 ফুট (1 মিটার) উঁচু ধ্বংসস্তূপ ও জলের স্রোত তাদের দিকে ধেয়ে আসছিল ৷ তখন তারা দৌড়ে ক্যাকটাস-ভরা একটি উঁচু জায়গায় আশ্রয় নেন ।
তিনি আরও জানান, ফ্যান্টম র্যাঞ্চ এলাকায় পৌঁছনোর পর শনিবার গভীর রাতে হেলিকপ্টারের মাধ্যমে তাঁদের উদ্ধার করা হয় । প্রবল জলের তোড়ে খালের ওপরের সেতুগুলো ভেসে যায় এবং ভূ-প্রকৃতির পরিবর্তন ঘটে ৷ এতে খালের তলদেশ প্রশস্ত হয় এবং নদীতে নতুন একটি খরস্রোত তৈরি হয় । গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজের প্রায় 1600 বাসিন্দা এবং বছরে 60 লাখ দর্শনার্থীর জন্য প্রয়োজনীয় জল সরবরাহকারী পাইপলাইনটি আধুনিকীকরণের যে দীর্ঘমেয়াদি প্রচেষ্টা চলছিল, এই বন্যা তাতে বড় ধরনের আঘাত হেনেছে ।

