ETV Bharat / international

মধ্য়প্রাচ্যে সংঘাতে বিপর্যস্ত জীবন, আটটি দেশে পরীক্ষা বাতিল করল কেন্দ্রীয় বোর্ড

ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার সংঘাত ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিতে ৷ এই অবস্থায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল সিবিএসসি ৷

Rescue workers and military personnel survey the scene of a direct hit a day after an Iranian missile struck in Tel Aviv, Israel, Sunday (AP)
ইজরায়েলের রাজধানী তেল আভিভে পাল্টা আক্রমণ করেছে ইরান, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার কার্য (ছবি: এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 1, 2026 at 8:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 1 মার্চ: মধ্যপ্রাচ্যের অশান্তির আবহে বাতিল হল পরীক্ষা ৷ আগামিকাল 2 মার্চ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বাতিল হল সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ রবিবার দুপুরে সোশাল মিডিয়ায় এই বিষয়টি নিশ্চিত করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷

বোর্ডের তরফে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে ৷ 2 মার্চ বাহারিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং আরব আমির শাহিতে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার কথা জানানো হয়েছে ৷ এই পরীক্ষাগুলির দিন পরে ঘোষণা করা হবে ৷ 3 মার্চ, বুধবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যালোচনা করবে বোর্ড এবং পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবে ৷ 5 মার্চ ফের জানানো হবে ৷

গতকাল সকালে ইরানের রাজধানী তেহরানে হামলা চালায় ইজরায়েল ৷ সুপ্রিম নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের দফতরের কাছেই ক্ষেপণাস্ত্র হামলা হয় এবং মৃত্যু হয় তাঁর ৷ ইজরায়েল ও আমেরিকার এই যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের আরও কয়েকজন শীর্ষ স্থানীয় সেনা কর্তার এবং প্রশাসনের উচ্চাধিকারিকদের ৷ ইরানও এর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ৷

পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি নিয়ে গত বছরেও ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার সংঘাত হয় ৷ চলতি বছরে সম্প্রতি সুইৎজারল্যান্ডে আমেরিকার সঙ্গে ইরান প্রশাসনের এবিষয়ে আলোচনা হয় ৷ কিন্তু এই আলোচনা ফলপ্রসূ হয়নি ৷ এদিকে এর মধ্যে ইরানের বিভিন্ন উপকূলে মার্কিন রণতরী ভিড়েছে ৷ এর মধ্যে গতকাল হামলা হয় ইরানে ৷

এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক পড়শি দেশ- বাহারিন, কুয়েত, সৌদি আরব, আরব আমির শাহিতে মার্কিন সেনাঘাঁটিকে নিশানা করে আক্রমণ শানিয়েছে ইরান ৷ উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য ৷ ইরান ও ইজরায়েল ছাড়াও একাধিক দেশ তাদের আকাশপথ বন্ধ করেছে ৷ হাজার হাজার আন্তর্জাতিক বিমানের উড়ান বাতিল হয়েছে ৷ বিমান সংস্থাগুলিও মধ্যপ্রাচ্যে পরিষেবা আপাতত বন্ধ রেখেছে ৷ বহু ভারতীয় বিভিন্ন বিমানবন্দরে আটকে রয়েছেন ৷

এদিকে ইরানের সুপ্রিম নেতা খামেনেইয়ের মৃত্যুর খবরে বিশ্বের বিভিন্ন দেশে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে ৷ ভারতেও সেই আঁচ পড়েছে ৷ পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলার খবর পাওয়া গিয়েছে ৷ পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ আহতের সংখ্যা বহু বলেও জানা গিয়েছে ।