পারিবারিক অনুষ্ঠানের মাঝে এলোপাথাড়ি গুলি ! মৃত অন্তত 4, আহত 10
ঘরোয়া অনুষ্ঠান চলছিল একটি হলে ৷ সবাই যখন আনন্দে মত্ত, ঠিক সেই সময় গুলি চলল অনুষ্ঠান হলের মধ্যে ৷ আতঙ্কে শুরু হুড়োহুড়ি ৷

Published : November 30, 2025 at 11:54 AM IST
ক্যালিফোর্নিয়া, 30 নভেম্বর: পারিবারিক অনুষ্ঠানে আচমকা গুলি চলল ৷ শনিবার এই ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের ৷ আহত 10 জন ৷ ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্টকটনের একটি অনুষ্ঠান হলে ৷ গুলি চলার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন ওই হলের মধ্যে থাকা শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই ৷
সান জোয়াকুইন কাউন্টি শেরিফের দফতরের মুখপাত্র হিদার ব্রেন্ড বলেন, "এটা একটি পরিকল্পিত দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে" ৷ মৃত ও জখমদের মধ্যে শিশুরাও আছে ৷ শেরিফের দফতর থেকে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, "সন্ধ্যা 6টার খানিক আগে আমাদের কাছে এলোপাথাড়ি গুলি চালানোর খবর আসে ৷ ঘটনাটি ঘটেছে স্টকটনের লুসিল অ্যাভিনিউয়ের 1900 ব্লকে ৷ আমরা নিশ্চিত করে জানাচ্ছি, 14 জন এই গুলি চালনার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ তার মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় তদন্ত চলছে ৷ আমাদের কাছে যে তথ্য রয়েছে তা সীমিত ৷ পরে আপডেট করা হবে ৷"
***INFORMATIONAL UPDATE***
— San Joaquin County Sheriff’s Office (@SJSheriff) November 30, 2025
SAN JOAQUIN COUNTY SHERIFF’S OFFICE
Shortly before 6:00 p.m., our dispatch center received reports of a shooting that occurred near the 1900 block of Lucile Avenue in Stockton. We can confirm at this time that approximately 14 individuals were struck… pic.twitter.com/aqMWRWnsRa
গুলি চালনার ঘটনা সম্পর্কে শেরিফের দফতরের বিবৃতি, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কাউকে আগে থাকতেই নিশানা করা হয়েছিল ৷ সেই পরিকল্পনা অনুযায়ী গুলি চালানো হয়েছে ৷ এছাড়া আর কী কী কারণে এই গুলি চালানো হল, সেই সব সম্ভাবনাগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷ কী কারণে এমন পরিস্থিতি তৈরি হল, তা জানতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন আমাদের গোয়েন্দারা ৷" মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সান জোয়াকুইন কাউন্টি শেরিফের দফতর ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে তাঁদের চিকিৎসা চলছে ৷ কিন্তু জখমদের শারীরিক অবস্থা নিয়ে কিছু বলেনি কর্তৃপক্ষ ৷
তদন্তের অগ্রগতির জন্য সাধারণ মানুষের কাছে এই ঘটনা সংক্রান্ত ভিডিয়ো ফুটেজ, তথ্য শেরিফের দফতরে জানানোর আর্জি জানানো হয়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের অবিলম্বে সান জোয়াকুইন কাউন্টি শেরিফের দফতরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে ৷
গত সপ্তাহে 27 নভেম্বর হোয়াইট হাউস থেকে কিছুটা দূরে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে ৷ ঘটনায় ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের দুই কর্মী গুলিবিদ্ধ হন ৷ এই ঘটনাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ এফবিআই প্রধান কাশ প্যাটেল এবং ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় দুই ন্যাশনাল গার্ডকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরে প্রেসিডেন্ট জানান, আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় আফগানিস্তানের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে ৷

