ETV Bharat / international

ঢাকা-17 আসনে লড়বেন খালেদা-পুত্র ! মনোনয়নপত্র জমা দিলেন তারেক

17 বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন বিএনপি-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৷ 2026 সালের দেশের সাধারণ নির্বাচনে প্রার্থী হবেন তিনি ৷

TARIQUE RAHMAN
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (ছবি: এএনআই)
author img

By ANI

Published : December 29, 2025 at 4:01 PM IST

3 Min Read
Choose ETV Bharat

ঢাকা, 29 ডিসেম্বর: মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৷ 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-17 কেন্দ্র থেকে লড়বেন তিনি ৷ সোমবার সেগুনবাগিচা এলাকায় ঢাকার বিভাগীয় কমিশনের কার্যালয়ে খালেদা-পুত্র মনোনয়পত্র জমা পড়ে ৷

গত বছর জুলাই-অগস্ট মাসে গণঅভ্যুথানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ৷ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন ৷ এরপর বাংলাদেশের ক্ষমতায় আসে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ৷ বহু জল্পনার পর সম্প্রতি দেশের জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন ৷ ঠিক হয়, 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৷

প্রায় 17 বছর স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে এবার সেই নির্বাচনে বিএনপি-র প্রার্থী হলেন তারেক ৷ 'ডেইলি স্টার'এর প্রতিবেদন অনুযায়ী, এদিন তারেকের মনোনয়নপত্রটি জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ৷ তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) প্রধান উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার ৷ রবিবারই তারেকের কাছ থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয় ৷ দেশে ফিরে শনিবার দেশের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার প্রক্রিয়া সম্পূর্ণ করেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৷

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো অনুযায়ী, 2008 সালে প্রথমবার বাংলাদেশে ছবি ও বায়োমেট্রিক ডেটা-সহ ভোটার পরিচয়পত্রের সূচনা হয় ৷ 2007-2008 সালের বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পরবর্তী সময়ে ফাখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত কেয়ারটেকার সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল ৷ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দেশের সেনা-কর্তা তথা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান 2008 সালের 11 সেপ্টেম্বর জেল থেকে ছাড়া পেয়ে লন্ডনে চলে যান ৷

তারপর আর দেশে ফেরেননি ৷ তারেক বিদেশে থাকায় দেশের ভোটার তালিকায় তাঁর নাম নথিভুক্ত ছিল না ৷ শেখ হাসিনার সরকারের আমলেও তিনি দেশে ফেরেননি ৷ তাই এতদিন তাঁর নাম বাংলাদেশের ভোটার তালিকায় ছিল না ৷ দেশের ভোটার তালিকায় ছবি-সহ পরিচয়পত্রের সূচনা হওয়ার পর পুরনো তালিকা বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন ৷ সম্প্রতি ছাত্রনেতা হত্যা এবং হিন্দু শ্রমিকের হত্যার ঘটনার পর নতুন করে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ ৷ এই আবহে গত 25 ডিসেম্বরে সপরিবারে দেশে ফেরেন তারেক ৷

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2018 সালে সাজা পেয়ে জেলবন্দী হন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৷ সেই সময় বিএনপি-এর স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয় । গত 7 বছর ধরে তিনি লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে দলের নেতৃত্ব দিয়ে আসছেন । গত বছরের 5 অগস্ট ক্ষমতা পরিবর্তনের পর আইনি লড়াইয়ের মাধ্যমে আওয়ামী লীগ আমলে দায়ের করা মামলাগুলি থেকে তিনি একে একে নিষ্পত্তি পান তারেক ৷ এরপরই দেশে ফেরেন তিনি ৷ এবার নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক ৷

পড়ুন: বাংলাদেশের ভোটার নন খালেদা-পুত্র ! দেশে ফিরে কমিশনে গেলেন বিএনপি শীর্ষ নেতা