দীপু দাসের পর খোকন দাস, বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীকে খুন !
বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে ৷ দীপু দাসের হত্যার পর খোকন দাস নামে এক হিন্দু ব্যবসায়ীকে খুনের অভিযোগ ৷

By ANI
Published : January 3, 2026 at 3:33 PM IST
ঢাকা, 3 জানুয়ারি: দীপু দাসের পর বাংলাদেশে ফের খুন এক হিন্দু ৷ ঢাকায় শনিবার সকালে মৃত্যু হল খোকন দাস নামের এক ওষুধ ব্যবসায়ীর ৷ দুষ্কৃতীরা তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল ৷ তিনি প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন ৷ পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ ঢাকার ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন ছিলেন গুরুতর জখম খোকন ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷
ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট-এর অধ্যাপক শাওন বিন রহমান ফোনে সংবাদসংস্থা এএনআই-কে বলেন, "আজ সকাল 7.20 মিনিটে বাংলাদেশের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট-এ প্রয়াত হন খোকন দাস ৷" হাসপাতাল সূত্রে খবর, গত তিনদিন ধরে খোকন দাসের চিকিৎসা চলছিল ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর দেহের 30 শতাংশ পুড়ে গিয়েছিল ৷ মুখ এবং ফুসফুস গুরুতর জখম হয়েছিল ৷ সরকারি প্রক্রিয়া সপন্ন হলে খোকন দাসের দেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে ৷
খোকন দাসের আত্মীয় প্রান্ত দাস এএনআই-কে জানান, পরিবার এই হত্যার যথাযথ তদন্ত ও বিচার চায় ৷ একজন দোষীকেও যেন রেয়াত না-করা হয় ৷ এছাড়া যে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে, তাদের যেন অবিলম্বে গ্রেফতার করা হয় ৷ তিনি বলেন, "তাঁর (খোকন দাস) সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক ছিল না ৷ কিন্তু আমরা জানি না, কেন তাঁকে খুন করা হল ৷ আমরা যথোপযুক্ত তদন্ত চাই ৷ অভিযুক্তদের গ্রেফতার চাই ৷ তিনি (খোকন) দুই অভিযুক্তের নাম বলে ছিলেন ৷ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ৷"
খোকন দাসের স্ত্রী সীমা দাস সংবাদসংস্থা এএনআই-কে বলেন, "আমার স্বামী একজন ব্যবসায়ী ছিলেন ৷ বাড়ি ফেরার পথে তাঁর উপর হামলা হয় ৷ একদল উন্মত্ত জনতা গ্যাসোলিন এনে ওঁর গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিল ৷ আমার স্বামীর অত্যন্ত শান্তিপূর্ণ ও ধীরস্থির মানুষ ছিলেন ৷ কারও সঙ্গে কোনও শত্রুতা নেই ৷ আমরা বুঝতে পারছি না, কেন তাঁর উপর এভাবে হামলা চালানো হল ৷"
স্থানীয় সংবাদপত্র প্রথম আলোয় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নতুন বছরের আগে ঘটনাটি ঘটে রাত 9.30টা নাগাদ ৷ কোনেশ্বর ইউনিয়ন অফ দামুদ্যায় কেউরভাঙ্গা বাজারের কাছে তাঁর ওষুধের দোকানটি বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন দাস ৷ সেই সময় একদল দুষ্কৃতী এসে তাঁর পথ রুখে দাঁড়ায় ৷ তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ৷ গায়ে পেট্রল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয় ৷ প্রাণে বাঁচতে কাছাকাছি একটি পুকুরে ঝাঁপ দেয় খোকন ৷ তাঁর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে ৷ এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷

