ঈদের কুরবানি থেকে 'ডোনাল্ড ট্রাম্প'কে বাঁচাল বাংলাদেশ সরকার
ঠিক যেন 'ট্রাম্প' ৷ চুলের গড়ন একরকম বলে পালক মোষটির নামকরণ করে মার্কিন প্রেসিডেন্টের নামে ৷ সেই মোষকে কুরবানি হওয়া থেকে রক্ষা করল সরকার ৷

By PTI
Published : May 28, 2026 at 8:14 AM IST
ঢাকা, 28 মে: 'ডোনাল্ড ট্রাম্প' নামের একটি বিরল অ্যালবিনো বা সাদা রঙের মোষের কুরবানি আটকে দিল বাংলাদেশ কর্তৃপক্ষ । শুধু তাই নয়, এবার বাংলাদেশ গেলে আপনিও দেখা পেতে পারেন এই জনপ্রিয় পশুর ৷ এটি তার সোনালি রঙের ঝরঝরে লোমের জন্য বিশেষভাবে বিখ্যাত হয়ে উঠেছিল ৷ যা দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বতন্ত্র চুলের স্টাইলের মতো । কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, এই মোষটিকে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণ করা হবে ।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ঈদের উদযাপনের সময় মোষটিকে কুরবানি করার কথা ছিল ৷ কিন্তু তার মাত্র কয়েক ঘণ্টা আগেই সরকারি নির্দেশনার প্রেক্ষিতে 700 কেজি ওজনের এই মোষটিকে সরকারি হেফাজতে নেওয়া হয় ।
মহিষটির মালিক মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, "বুধবার বিকেলে পুলিশ সদস্যরা এখানে আসেন এবং জানান যে, সরকার মোষটিকে সংরক্ষণের জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে । যেহেতু আমরা সরকারের সঙ্গে কোনও বিরোধে জড়াতে চাই না, তাই আমরা মোষটিকে তাদের কাছে হস্তান্তর করেছি ।"
তিনি আরও জানান, কর্তৃপক্ষ তাকে জানিয়েছে যে, 'ট্রাম্প'-এর বিনিময়ে সরকার তাকে হয় উপযুক্ত ক্ষতিপূরণ দেবে, অথবা অন্য একটি মোষ, গরু কিংবা ষাঁড় প্রদান করবে । তিনি মাত্র তিন দিন আগেই ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জে নিজের বাড়িতে কুরবানির উদ্দেশ্যে মোষটি কিনে এনেছিলেন ।
এই বিষয়ে কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) রুহুল কুদ্দুস জানান, প্রাণিসম্পদ দফতরের আধিকারিকরা মনে করেন যে মোষটি এখনও বেশ তরুণ এবং এটিকে আরও বেশ কয়েক বছর লালন-পালন করা সম্ভব ।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানান, এই বিরল মোষটির যথাযথ যত্ন নেওয়া হবে এবং এর জন্য ইতিমধ্যেই একটি আলাদা শেড বা থাকার জায়গা এবং একজন নির্দিষ্ট পরিচর্যাকারীর ব্যবস্থা করা হয়েছে ।
মোষটির পূর্ববর্তী মালিক এবং একটি কৃষি খামারের পরিচালক জিয়াউদ্দিন মৃধা এর আগে জানিয়েছিলেন যে, পশুটির অস্বাভাবিক সোনালি রঙের লোম মার্কিন প্রেসিডেন্টের চুলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় তার ভাই মোষটির নাম রেখেছিলেন 'ডোনাল্ড ট্রাম্প' ৷ বিক্রি হওয়ার আগেই এটি উৎসুক দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং সোশাল মিডিয়াতেও বেশ সাড়া ফেলেছিল । খামারে থাকাকালীন মোষটির বিশেষ যত্ন নেওয়া হত ৷ যার অংশ হিসেবে এটিকে দিনে চারবার স্নান করানো হত এবং চারবেলা খাবার দেওয়া হত ।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, 'ট্রাম্প'-এর লম্বা সোনালি লোম, ক্রিম রঙের শরীর এবং গোলাপি আভা-যুক্ত নাক—এই বৈশিষ্ট্যগুলোই ঈদ উপলক্ষে কেনাবেচা ও কুরবানির জন্য প্রস্তুত হাজার হাজার পশুর ভিড়ে এটিকে আলাদা করে তুলেছিল । বাংলাদেশে অ্যালবিনো বা শ্বেতবর্ণের মোষ অত্যন্ত বিরল ৷ কারণ এদেশের অধিকাংশ মোষই কালো রঙের হয়ে থাকে ।
প্রাণিসম্পদ দফতরের আধিকারিকদের প্রাক্কলন অনুযায়ী, এবারের ঈদে বাংলাদেশে ছাগল, ভেড়া, গরু এবং মোষ-সহ মোট 1 কোটি 20 লক্ষেরও বেশি পশু কুরবানি করা হবে ৷ আর এই সময়েই অনেক দরিদ্র পরিবার মাংস খাওয়ার এক বিরল সুযোগ পায় ।

