ETV Bharat / international

প্রয়াত খালেদা, স্মৃতিচারণায় মোদি-মমতা; বাংলাদেশে তিনদিনের শোক

দীর্ঘদিন ধরে কিডনি, যকৃৎ-এর সমস্যায় ভুগছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন খালেদা জিয়া ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদি ৷

KHALEDA ZIA
প্রয়াত খালেদা জিয়া (ফাইল চিত্র, এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 30, 2025 at 7:32 AM IST

|

Updated : December 30, 2025 at 1:31 PM IST

4 Min Read
Choose ETV Bharat

ঢাকা, 30 ডিসেম্বর: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া ৷ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি ৷ মঙ্গলবার সকাল 6টা নাগাদ ঢাকার হাসপাতালে নেত্রীর মৃত্যু হয়েছে বলে জানায় বিএনপি ৷ বয়স হয়েছিল 80 বছর ৷

খালেদা জিয়ার শেষযাত্রা অনুষ্ঠিত হবে বুধবার ৷ সেদিন দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৷ পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ৷

টিভিতে সম্প্রচারিত জাতির উদ্দেশ্যে এক ভাষণে ইউনূস দেশজুড়ে শেষযাত্রা এবং শোকপালনের সময় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন । তিনি বলেন,"প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামিকাল তাঁর শেষযাত্রার দিন ছুটি ঘোষণা করছি ৷ আমি জানি যে, আপনারা সবাই এই সময়ে গভীরভাবে শোকাহত । আমি আশা করি আপনারা শোকের এই সময়ে ধৈর্য ধরবেন এবং তাঁর শেষযাত্রার অনুষ্ঠান পালনে জড়িত সকলের সঙ্গে সহযোগিতা করবেন ৷"

গত 23 নভেম্বর অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় খালেদাকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেই থেকে একমাসেরও বেশি সময় ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ দীর্ঘদিন ধরে কিডনি, যকৃৎ সংক্রান্ত নানা অসুখে ভুগছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ৷ পরে তাঁর ফুসফুসেও সংক্রমণ ধরা পড়ে ৷

গত 2 ডিসেম্বর খালেদার চিকিৎসার জন্য চিন থেকে 5 সদস্যের একটি চিকিৎসকের দল ঢাকায় পৌঁছয় ৷ এর দু'দিন পর ফের 4 সদস্যের চিনের এক মেডিক্যাল টিম বাংলাদেশে পৌঁছয় ৷ ব্রিটেনের একটি বিশেষজ্ঞ দলও তাঁদের সঙ্গে চিকিৎসায় যোগ দেয় । কিন্তু তাঁর অবস্থার কোনও পরিবর্তন হয়নি ৷ গত 11 ডিসেম্বর তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে স্থানান্তরিক করা হয় ৷ শনিবার মধ্যরাতের পর চিকিৎসক এজেএম জাহিদ জানান, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ ৷ রবিবার রাতেও পরিস্থিতিতে কোনও বদল আসেনি ৷ সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে ৷

খালেদার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স পোস্টে তিনি লেখেন, "ঢাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি । তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা । সর্বশক্তিমান তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন । বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে । 2015 সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার সাক্ষাতের কথা স্মরণ করছি । আমরা আশা করি তাঁর দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে । তাঁর আত্মা শান্তিতে থাকুক ।"

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বেগম খালেদা জিয়ার মৃত্যু এক্স পোস্টে তিনি লেখেন, "বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং একজন বিশিষ্ট জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোকাহত । আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷"

এদিকে, 17 বছর স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে লন্ডন থেকে সপরিবারে বাংলাদেশে ফিরেছেন খালেদার বড় ছেলে তারেক রহমান ৷ দেশে ফিরেই মায়ের সঙ্গে দেখা করার জন্য হাসপাতালে পৌঁছন তিনি ৷ পরিবারের বাকি সদস্যদের সঙ্গে রবিবারও ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান তারেক ৷ দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার সকালে মৃত্যু হল খালেদার ৷

স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি-এর হাল ধরেছিলেন খালেদা ৷ 1991 সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন তিনি ৷ প্রথমবার 1996 সাল পর্যন্ত দেশের মসনদে ছিলেন ৷ এরপর ফের 2001 সালের নির্বাচনে জয়ী হন খালেদা ৷ 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ৷ এরপর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলান মুজিব-কন্যা তথা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ৷

হাসিনার আমলে 2018 সালে ঢাকার একটি আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-এর দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদাকে দোষী সাব্যস্ত করে ৷ তাঁকে 7 বছরের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ পাশাপাশি, 1 মিলিয়ন বাংলাদেশি মুদ্রা জরিমানাও করা হয় ৷ পরে তাঁর অসুস্থতার জন্য তাঁকে গৃহবন্দি করে রাখা হয় ৷ খালেদার জেলবন্দির পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন পুত্র তারেক রহমান ৷ গত 7 বছর ধরে তিনি লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে দলের নেতৃত্ব দিয়ে আসছেন । প্রায় 17 বছর বাড়ির বাইরে থাকার পর গত 25 ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক ৷

গত বছর 5 অগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদল ঘটে ৷ দেশ ছাড়েন শেখ হাসিনা ৷ পরে 8 অগস্ট অন্তর্বর্তী প্রশাসন গঠিত হয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ৷ এরপর গত বছর নভেম্বরে বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ খালেদা জিয়ার শাস্তি মকুব করে ৷ এই মামলায় অন্য দুই অভিযুক্তকেও মুক্তি দেয় আদালত ৷

পড়ুন: ঢাকা-17 আসনে লড়বেন খালেদা-পুত্র ! মনোনয়নপত্র জমা দিলেন তারেক
Last Updated : December 30, 2025 at 1:31 PM IST