ভোটের আগে ঢাকায় খুন বিএনপি নেতা
বসুন্ধরা মার্কেটের পিছনের তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মুসাব্বির ও মাসুদকে লক্ষ্য করে গুলি চালায় বলে খবর । হাসপাতালে মৃত্যু হয় মুসাব্বিরের ৷

By ANI
Published : January 8, 2026 at 11:09 AM IST
ঢাকা, 8 জানুয়ারি: ভোটের আগে বাংলাদেশে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা ৷ ফের খুন এক বিএনপি নেতা ৷ গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন ৷ বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে খুন করা হয়েছে বলে খবর ৷
জানা গিয়েছে, কারওয়ান বাজার ভ্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন । মুসাব্বির ছিলেন ঢাকা মহানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক । বুধবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পিছনের তেজতুরি বাজার এলাকায় ৷ সেখানেই অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা মুসাব্বির ও মাসুদকে লক্ষ্য করে গুলি চালায়
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম মুসাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, "স্টার কাবাবের পাশে একটি গলিতে দু'জন গুলিবিদ্ধ হয়েছেন । তাদের মধ্যে মুসাব্বির নিহত হয়েছেন । অন্য একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।"
রাত আটটা নাগাদ ফার্মগেট পার হয়ে কারওয়ান বাজারের স্টার কাবাবের সামনে মোটর সাইকেলে আসা হামলাকারীরা গুলি চালায় । তাতেই মুসাব্বির ও আবু সুফিয়ান মাসুদ গুরুতর আহত হন । মুসাব্বিরকে প্রথমে বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই পরে তাঁর মৃত্যু হয় । গুলির চলার পর স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা সোনারগাঁও মোড়ের কাছে বিক্ষোভ দেখায় ।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুসাব্বির সন্ধ্যার আগে সুপার স্টার হোটেলের কাছে শরিয়তপুরের বাসিন্দাদের একটি দলের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । অনুষ্ঠান শেষে মুসাব্বির ও মাসুদ পাশের একটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই হামলাকারী তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় । গুলিবিদ্ধ মাসুদকে পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানকার পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মহম্মদ ফারুক জানান, মাসুদের পেটের বা দিকে গুলি লেগেছে ৷ তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন ।
পরিবারের সদস্য ও দলীয় কর্মীরা জানিয়েছেন, মুসাব্বির আওয়ামী লিগ সরকারের আমলে দীর্ঘ সময় জেলে কাটিয়েছেন ৷ রাজনৈতিক মামলায় একাধিকবার গ্রেফতার হয়েছেন । শরিয়তপুরের বাসিন্দা মুসাব্বির তিন ভাইবোনের মধ্যে বড় ছিলেন ৷ পশ্চিম কারওয়ান বাজারের গার্ডেন রোডে পরিবারের সঙ্গেই থাকতেন । তিনি 2020 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে তেজগাঁওয়ের 26 নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ।
সাম্প্রতিক সপ্তাহে দেশজুড়ে একের পর এক রাজনৈতিক হিংসা বৃদ্ধির খবরের মধ্যে, আগামী 12 ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্ধারিত সাধারণ নির্বাচন হবে ৷ তার আগে এই ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে ।

