বাংলাদেশে হিন্দু নিধন অব্যাহত ! সাংবাদিক খুনের রাতেই ব্যবসায়ীকে হত্যা
একের পর এক হিন্দু খুনের ঘটনা সামনে আসছে বাংলাদেশে ৷ সংবাদপত্রের সম্পাদক ও ব্যবসায়ী খুনের কিছুক্ষণ পর দুষ্কৃতীদের হাতে বলি হিন্দু ব্যবসায়ী ৷

By PTI
Published : January 6, 2026 at 1:45 PM IST
ঢাকা, 6 জানুয়ারি: সাংবাদিককে খুনের রাতে ফের হত্যা হিন্দু ব্যবসায়ীকে ! দীপু দাস, খোকন দাস, রানা প্রতাপ বৈরাগীর পর এবার মুদিখানার দোকানের মালিক মণি চক্রবর্তীকে খুন করা হল ৷ স্থানীয় একটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নরসিংদী শহরে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ৷
সোমবার রাতে দেশের দক্ষিণ দিকে যশোর জেলায় অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে মৃত্যু হয় এক হিন্দু ব্যবসায়ীর ৷ তাঁর নাম রানা প্রতাপ বৈরাগী ৷ তিনি একটি স্থানীয় সংবাদপত্রের সম্পাদক ছিলেন বলে জানা গিয়েছে ৷ এই হত্যার খানিক পরে নরসিংদী শহরে মুদি দোকানের মালিকের হত্যার ঘটনা ঘটে ৷ বিডিনিউজ24 একটি রিপোর্টে জানিয়েছে, নিহত ব্যক্তির নাম মণি চক্রবর্তী (40) ৷ সোমবার রাত প্রায় 11টা নাগাদ পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে মুদিখানার দোকানের মালিক মণি চক্রবর্তীর উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী ৷ তাদের পরিচয় এখনও জানা যায়নি ৷
পলাশ থানার প্রধান (ওসি) শাহিদ আল মামুন জানান, মণি চক্রবর্তী শিবপুর উপজিলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা মদন ঠাকুরের পুত্র ৷ চরসিন্দুর বাজারে একটি মুদিখানার দোকান রয়েছে ওই ব্যক্তির ৷ ওই দোকানটি দীর্ঘদিনের ৷ এনিয়ে সম্প্রতি পরপর তিন জন হিন্দু ব্যবসায়ী খুনের ঘটনা ঘটল বাংলাদেশে ৷
স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, ওইদিন রাতে মণি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় তাঁর উপর হঠাৎ চড়াও হয় দুষ্কৃতীরা ৷ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ৷ ওই অস্ত্রগুলি স্থানীয় ৷ গুরুতর জখম মণি রাস্তায় লুটিয়ে পড়েন এবং পরে তাঁর মৃত্যু হয় ৷
গত ডিসেম্বরে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুতে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ ৷ ওই আবহে গত 18 ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক যুবককে প্রথমে পিটিয়ে খুন করে উন্মত্ত জনতা ৷ তারপর তাঁর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ এই ঘটনা ঘিরে বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়ে ওঠে ৷ উত্তপ্ত হয়ে ওঠে ভারতও ৷ দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনারের দফতরের সামনে তুমুল বিক্ষোভ দেখায় হিন্দু সংগঠনগুলি ৷
এমনকী ভারতের তরফে এই হত্যার কড়া সমালোচনা করা হয় ৷ ফের তিক্ত হয়ে ওঠে ভারত-বাংলাদেশ সম্পর্ক ৷ এরপর বছরের শেষ দিনে এক হিন্দুর উপর চড়াও হয় দুষ্কৃতীরা ৷ ওই হিন্দু ওষুধ ব্যবসায়ীর নাম খোকন দাস ৷ দুষ্কৃতীরা তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল ৷ তিনি প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন ৷ পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঢাকার ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন ছিলেন গুরুতর জখম খোকন ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

