ETV Bharat / international

দু'বছর পর বড়দিনের উৎসব, সুদিনের আশায় যিশুর বেথলেহেম

যুদ্ধ শেষে শান্তির অপেক্ষায় শহর ৷ দু'বছর বাদে বড়দিনের উৎসব ফিরছে বহুসংস্কৃতির মেলবন্ধনের সাক্ষী বেথলহেমে ৷

Bethlehem Christmas celebrations
আলোয় সেজে উঠেছে ম্যাঞ্জর স্কোয়ার (ছবি: এপি)
author img

By AP (Associated Press)

Published : December 7, 2025 at 2:46 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বেথলেহেম, 7 ডিসেম্বর: ভয়াবহ যুদ্ধের হাত ধরে পরপর মৃত্যু ৷ দু'বছরের বেশি সময় ধরে শুধু ধ্বংসই দেখছে যিশুর জন্মস্থান বেথলেহেম ৷ বন্ধ হয়ে গিয়েছিল বড়দিনের উৎসবও ৷ ইজরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের এই জনপদ এখন শান্তির অপেক্ষায় ৷ অপেক্ষায় বড়দিনের উৎসবে মেতে উঠতে ৷

যুদ্ধ চলায় পরপর দু'বছর বড়দিনে কোনও উৎসব হয়নি এখানে ৷ ব্যাপারটা প্রদীপের তলায় অন্ধকারের মতোই ৷ তামাম দুনিয়াকে শান্তি-সহবস্থান-সহমর্মিতা শিখিয়েছিলেন বেথলেহেমর ভূমিপুত্র ৷ তাঁর আবির্ভাবকে স্মরণ করে প্রতিবছর উৎসবে মেতে ওঠে বসুন্ধরা ৷ অথচ সেই বেথলেহেম ছিল অন্ধকারে ৷ এবার ছবিটা বদলাবে বলে আশায় শহরের বাসিন্দারা ৷

Bethlehem Christmas celebrations
শনিবার সন্ধ্যায় ম্যাঞ্জর স্কোয়ারে 'ক্রিসমাস ট্রি লাইটিং' দিয়ে অনুষ্ঠানের সূচনা হল (ছবি: এপি)

ইজরায়েল-হামাসের সম্মতিতে সংঘর্ষ আপাতত স্থগিত ৷ তবে অশান্তির আগুন সম্পূর্ণ নিভে যায়নি ৷ হিংসার চোঙ রাঙানির মধ্যেই আবার আসছে বড়দিন ৷ তার আগে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ম্যাঞ্জর স্কোয়ারে 'ক্রিসমাস ট্রি লাইটিং' দিয়ে অনুষ্ঠানের সূচনা হল ৷ চিরাচরিত রীতি অনুসারে যিশুর জন্মদিনে বেথলেহেম শহরের মূল অনুষ্ঠান এখানেই হয়ে থাকে ৷ অংশ নিলেন কয়েকশো স্থানীয় বাসিন্দা ৷

সংবাদসংস্থা এপির সঙ্গে কথা হয়েছে জন জুকার ৷ সেই 1979 সাল থেকে খাবারের দোকান চালিয়ে আসছে জুকার পরিবার ৷ কিন্ত গত দুবছর দোকান বন্ধ ছিল ৷ এবার ধীরে ধীরে দোকান খুলছে ৷ বড়দিনের বেশ কিছুদিন আগেই এসে পৌঁছেছেন জনা কয়েক পর্যটক ৷ নতুন দিনের নতুন আশায় বুক বাঁধা জুকা বলছিলেন, "যুদ্ধের আগের সেদিন আর ফিরবে কি না জানি না ৷ তবে যুদ্ধের সেই ভয়াবহতা আর যেন না ফিরে আসে ৷"

এখন বলে নয়, দীর্ঘদিন ধরেই বেথলেহেমের অর্থনীতি পর্যটন-নির্ভর ৷ আর্থিক লেনদেনের কমবেশি 80 শতাংশ আসে পর্যটকদের থেকেই ৷ যুদ্ধ সে সব কেড়ে নিয়েছিল ৷ এবার ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি ৷ কাটছে যুদ্ধের ভয় ৷ নতুন ভোরের শুরুটা বড়দিন থেকেই হোক, চাইছে শহর ৷

Bethlehem Christmas celebrations
ম্যাঞ্জর স্কোয়ারে উৎসবে অংশ নিলেন বহু মানুষ (ছবি: এপি)

মেয়র মাহের নিকোলা কানেওয়াটির ব্যাখ্যা, যদি দেখা যায় শহরের 10 হাজার পর্যটক ও তীর্থযাত্রী আছেন তাহলে মাংসের দোকানে ভিড় দেখা যাবে, মানুষের কোলাহলে বাজার থাকবে সরগরম ৷ এখন আর তেমন কিছু হয় না ৷ তবে এবার কিছু পর্যটক আসছেন বলে জানালেন মেয়র ৷ শহর কানায় কানায় পূর্ণ হবে এমনটা অবশ্য আশা করছেন না তিনি ৷ তাঁর অনুমান, 2022 সালে যে পরিমাণ পর্যটক এসেছিলেন তার কমপক্ষে 70 শতাংশ পর্যটক আসবেন এবার ৷

যুদ্ধের কারণে অবস্থা কতটা খারাপ হয়েছে তা নিয়ে রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রসঙ্ঘ ৷ তাতে দেখা যাচ্ছে 2023 সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার আগে শহরে বেকারত্বের হার ছিল 14 শতাংশ ৷ এই দুবছরের মধ্যে তা বেড়ে হয়েছে 65 শতাংশ ৷ ঠিক এই মুহূর্তে কমবেশি 4 হাজার মানুষ চাকরির সন্ধানে এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরছেন ৷ রিপোর্ট আরও বলছে এমন ভয়াবহ অবস্থা আগে কখনও দেখেনি ওয়েস্ট ব্যাঙ্ক ৷ কবে আবার সুদিন ফিরবে সেই আশায় যিশুর জন্মস্থল ৷