দীর্ঘক্ষণ জলে থাকার পর আঙুলের চামড়া কেন কুঁচকে যায় ? খুব কম মানুষই এর কারণ জানেন
দীর্ঘ সময় ধরে জলে থাকার ফলে হাত ও পায়ের চামড়ায় ভাঁজ পড়ে । আমাদের স্নায়ুতন্ত্র এর জন্য দায়ী ।

Published : September 2, 2026 at 7:34 PM IST
আপনি হয়তো লক্ষ্য করেছেন যে, দীর্ঘ সময় ধরে জলে থাকলে হাতের তালু ও পায়ের পাতার চামড়ায় এক অদ্ভুত ধরনের কুঞ্চন বা ভাঁজ পড়ে । এই ভাঁজ পড়াটা দেখতে বেশ অদ্ভুত মনে হলেও, আপনি কি জানেন কেন এমনটা ঘটে ?
আসলে এর পিছনে একটি জৈবিক কারণ রয়েছে । জেনে নেওয়া যাক, দীর্ঘ সময় জলের সংস্পর্শে থাকার ফলে কেন হাতের তালু ও পায়ের পাতার চামড়ায় এমন ভাঁজ পড়ে ।
এর জন্য দায়ী স্নায়ুতন্ত্র: সাধারণত মানুষ মনে করে, দীর্ঘ সময় জল থাকার ফলে ত্বকের বাইরের স্তর জল শোষণ করে ফুলে ওঠে এবং তাতে ভাঁজ পড়ে । তবে বিজ্ঞান বলছে, বিষয়টি এতটা সাধারণ কোনও প্রক্রিয়া নয় । আঙুলে এই ভাঁজ পড়ার বিষয়টি মূলত আমাদের সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র (sympathetic nervous system) দ্বারা নিয়ন্ত্রিত একটি অভিযোজনমূলক প্রতিক্রিয়া ।
সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রের কাজ কী ?
সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র আমাদের শরীরের অনৈচ্ছিক কার্যকলাপগুলি যেমন- পরিপাক ও শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে । এটি আমাদের ‘ফাইট-অর-ফ্লাইট’ (অর্থাৎ লড়াই করা বা পালিয়ে যাওয়ার) প্রতিক্রিয়ার জন্যও দায়ী । জানা প্রয়োজন, আমাদের ত্বক কেন কুঁচকে যায়, তার কারণও এটি ।
জলে থাকলে ত্বক কুঁচকে যায় কেন ?
বিজ্ঞানীদের মতে, আমরা যখন জলে থাকি, তখন আমাদের সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র (sympathetic nervous system) সক্রিয় হয়ে ওঠে এবং রক্তনালীগুলিকে সংকুচিত করে দেয় । রক্তনালীর এই সংকোচনের ফলে ত্বকে ভাঁজ বা কুঁচকানো ভাব তৈরি হয় । তবে, জলে থাকার সময় এটি আসলে আমাদের জন্য একটি সুবিধাই বয়ে আনে ।
ত্বক কুঁচকে যাওয়ার ফলে জলে কোনও কিছু ধরে রাখার ক্ষমতা বা 'গ্রিপ' (grip) উন্নত হয় । ত্বক কুঁচকে গেলে আমাদের আঙুল এবং বস্তুর মাঝখানের জায়গা থেকে জল সরে যায়, যার ফলে বস্তুটি আরও শক্তভাবে ধরা সম্ভব হয় । অতীতে আমাদের পূর্বপুরুষদের জন্য এটি অত্যন্ত উপকারী ছিল, কারণ এর ফলে নদীতে মাছ ধরা তাদের জন্য সহজ হতো ।
এটি কি স্বাভাবিক ?
হ্যাঁ, জলে ত্বক কুঁচকে যাওয়ার এই বিষয়টি সম্পূর্ণ স্বাভাবিক এবং ক্ষতিকর নয় ৷ এটি সবার ক্ষেত্রেই ঘটে । আপনি হয়তো শুনে থাকবেন মানুষ এই অবস্থাকে prune fingers, prune hands বা prune skin অর্থাৎ শুকনো বা কুঁচকানো আঙুল বা ত্বকের মতো শব্দ দিয়ে বর্ণনা করে থাকে । জল থেকে উঠে আসার কিছুক্ষণ পরেই ত্বক আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ।
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC3639753/
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

