'যেতে নাহি দিব...' জুবিন গর্গের ঐতিহাসিক জন্মদিন উদযাপনের প্রস্তুতি তুঙ্গে
শিলচরের ডিএসএ ময়দানে বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে চলেছে জুবিন গর্গের ঐতিহাসিক জন্মদিন পালন ৷

By ETV Bharat Entertainment Team
Published : November 1, 2025 at 3:34 PM IST
শিলচর (অসম), 1 নভেম্বর: ধুমধামের সঙ্গে উযদাপন হবে জুবিন গর্গের 53তম জন্মদিন ৷ শিল্পীর মৃত্যুতে থমকে যাওয়া অসম ফের বেঁচে থাকার খোরাজ জোগাচ্ছে জুবিনের স্মৃতিকে সঙ্গে নিয়েই ৷ জুবিনের শেষ সিনেমা 'রই রই বিনালে'কে সেই প্রাণ ভ্রমর বলা যায় ৷ 18 নভেম্বর জুবিনের জন্মদিন ৷ প্রত্যেকবার জুবিন যেভাবে অনুরাগীদের নিয়ে জন্মদিন পালন করতেন এবারও তার ব্যতিক্রম হবে না ৷ বরাক উপত্যকায় জুবিন গর্গের এক ঐতিহাসিক জন্মদিন উদ্যাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
"হাজার কণ্ঠে জুবিন গাৰ্গ"- এই শিরোনামে আগামী 18 নভেম্বর শিলচরের ডিএসএ ময়দানে বিকেল 4টায় অনুষ্ঠিত হতে চলেছে সঙ্গীত জগতের কিংবদন্তি জুবিন গর্গ–এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক মহোৎসব। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান শিবব্রত দত্ত (সভাপতি, শিলচর জেলা ক্রীড়া সংস্থা), রজত ঘোষ (অধিবক্তা, শিলচর উকিল সংস্থা) ও সুরজিৎ সোম (কাৰ্যকরী সভাপতি, স্মাইল এনজিও) ৷
তারা বলেন, "এই অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরাক উপত্যকার শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে তাঁদের প্রিয় শিল্পীকে জানাবেন শ্রদ্ধা ও ভালোবাসা। এই দিনটি শুধুমাত্র একটি জন্মদিন নয়, বরং এক সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে উদযাপিত হবে। আয়োজকরা জানান, "জুবিন গার্গ শুধুমাত্র একজন গায়ক নন, তিনি এক আবেগ, এক প্রজন্মের কণ্ঠস্বর। তাঁর জন্মদিনে 'মায়াবিনী' সংগীতটি হাজার কণ্ঠে প্রতিধ্বনিত হবে l জুবিনপ্রেমী বরাক আজ এক সুরের স্রোতে মেতে উঠতে প্রস্তুত ভালোবাসা, শ্রদ্ধা আর স্মৃতির সঙ্গীতে ৷"

