ETV Bharat / entertainment

Yearender 2025: বাংলায় নক্ষত্র পতন ! এই বছর বিনোদন-সাহিত্য জগত হারিয়েছে যাঁদের

পরিচালক অরুণ রায় থেকে সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, সাহিত্যিক প্রফুল্ল রায় এই বছর বাংলা বিনোদন-সাহিত্য জগৎ হারিয়েছে যাঁদের...

yearender-2025-pratul-mukhopadhyay-to-joy-banerjee-arun-roy-who-died-this-year-back-to-back-in-bengali-industry
বিনোদন-সাহিত্য জগত হারিয়েছে যাঁদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : December 12, 2025 at 8:17 PM IST

|

Updated : December 15, 2025 at 4:23 PM IST

8 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 12 ডিসেম্বর: সময় বহিয়া যায় নদীর স্রোতের মতো- কথাটা একশোভাগ খাঁটি। দেখতে দেখতে 2025-ও শেষের পথে। বাকি নেই আর বেশিদিন। এ বছর বাংলা বিনোদন দুনিয়া তথা বিনোদনপ্রেমী দর্শক হারিয়েছে একাধিক উজ্জ্বল নক্ষত্রকে। এক ঝলকে দেখে নেওয়া যাক কাদের হারিয়ে ফেলল বাংলা বিনোদন জগৎ এবং দর্শক।

অরুণ রায়, পরিচালক
চলতি বছরের 2 জানুয়ারি আরজি কর হাসপালতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক অরুণ রায়। মাত্র 56 বছর বয়সে তারাদের দেশে পাড়ি দিয়েছেন তিনি ৷ দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন পরিচালক। এরপর ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন আরজি কর হাসপাতালে। শেষ রক্ষা হয়নি। তাঁর পরিচালনায় '8/12', 'চোলাই', 'হীরালাল', 'এগারো', 'বাঘাযতীন' পেয়েছে দর্শক। জীবনের শেষদিন অবধি তাঁর পাশে ছিলেন অভিনেতা দেব, ডাক্তার-অভিনেতা কিঞ্জল নন্দ, অভিনেতা রেমো মাইতি।

অলোক চটোপাধ্যায়, ফিল্ম থিয়েটার অভিনেতা

6 জানুয়ারি মারা যান ভারতীয় থিয়েটার অভিনেতা এবং পরিচালক অলোক চট্টোপাধ্যায়। তিনি এনএসডি এবং পুনে ভিত্তিক এফটিআইআই- তে শিক্ষকতা করেছেন। মুম্বাইতে অনুপম খেরের ইনস্টিটিউট, অ্যাক্টর প্রেপ্রেস-এ অভিনয়ও শিখিয়েছিলেন তিনি। দিল্লির 'ন্যাশনাল স্কুল অফ ড্রামা' থেকে সেরা অভিনয়ের জন্য স্বর্ণপদক পান তিনি । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সঙ্গীত নাটক আকাদেমি পুরষ্কারও পেয়েছিলেন এই অভিনেতা।

প্রতুল মুখোপাধ্যায়, সঙ্গীতশিল্পী

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপ্পি লাহিড়ীর প্রয়াণ দিবসে হয় আরও এক নক্ষত্র পতন ৷ 15 ফেব্রুয়ারি প্র‍য়াত হন সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় । মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল 83 বছর । 'আমি বাংলায় গান গাই' এবং 'ডিঙা ভাসাও সাগরে'র মতো কালজয়ী গানকে 'অমরত্ব' দিয়েছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ৷ 'গোঁসাইবাগানের ভূত' চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় । তাঁর জীবনের প্রথম অ্যালবাম 'পাথরে পাথরে নাচে আগুন' (1988) । তবে, সেখানে তাঁর সঙ্গে ছিলেন আরও অনেক শিল্পী । এরপর 1994 সালে 'যেতে হবে' শিল্পীর প্রথম একক অ্যালবাম । শেষ অ্যালবাম 'ভোর' (2022) । সেখানে শিল্পীর অপ্রকাশিত গানগুলি প্রকাশ পায় । তাঁর জনপ্রিয় গানের মধ্যে 'আমি বাংলায় গান গাই' ছাড়াও 'আলু বেচো', 'ছোকরা চাঁদ', 'তোমার কি কোনও তুলনা হয়', 'সেই মেয়েটি', 'ফেব্রুয়ারির একুশ তারিখ'-এর মতো গানগুলি শ্রোতার মন জিতেছে বারবার ।

উত্তম মোহান্তি, অভিনেতা

ওড়িয়া সিনেজগতের মানুষ হলেও বাংলার দর্শকের মন জয় করেছিলেন উত্তম মোহান্তি ৷ একাধিক বাংলা ছবিতে কাজ করেন তিনি। লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন অভিনেতা ৷ 27 ফেব্রুয়ারি সব কষ্টের ইতি টেনে চলে যান তিনি। বয়স হয়েছিল 66 বছর। বর্ষীয়ান অভিনেতাকে শেষ বিদায় জানানো হয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ 1977 সালে সিনেদুনিয়ায় পথচলা শুরু হয় তাঁর। কয়েক দশকের কেরিয়ারে ওড়িয়ার পাশাপাশি বাংলা ছবিতে নজর কাড়েন তিনি। প্রায় 135টি ওড়িয়া ছবিতে অভিনয় করেছেন ৷ 48 বছর ধরে ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির স্তম্ভ ছিলেন তিনি ৷ পাশাপাশি 30টি বাংলা সিনেমায় নজর কাড়েন অভিনেতা ৷

দেব মুখোপাধ্যায়, অভিনেতা-প্রযোজক
বাংলায় কাজ না করলেও দেব মুখোপাধ্যায় বাঙালি অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। এই বছর 14 মার্চ মুম্বইয়ের মুখার্জি পরিবারকে কাঁদিয়ে চিরবিদায় নেন ৷ একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন দেব। যার মধ্যে বেশ কিছু ছবি ব্লকবাস্টার। যেমন, 'অভিনেত্রী', 'অধিকার', 'দো আঁখে', 'ম্যায় তুলসি তেরে আঙ্গন কি', 'বাতো বাতো মে', 'জো জিতা ওয়োহি সিকন্দর', 'দালাল' খুবই জনপ্রিয় হয়েছিল। 2009 সালে তাঁকে শেষ দেখা যায়, 'কমিনে' ছবিতে ।

হরিমাধব মুখোপাধ্যায়, নাট্যকার

18 মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, সংগঠক, অধ্যাপক হরিমাধব মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল 84 বছর। হরিমাধব মুখোপাধ্যায় ছিলেন নাটকের একনিষ্ঠ কর্মী। 1969 সালে বালুরঘাটে তিনি প্রতিষ্ঠা করেন 'ত্রিতীর্থ' নাট্যদল। তিন বছরের জন্য তিনি হাওড়ার 'নটনাট্যম' গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন।বিভিন্ন নাট্যদলে তাঁর নির্দেশিত ও অভিনীত নাটক গুলি হল 'পাপ ও পাপী', 'আক্কেল সেলামি', 'বন্দিবীর', 'ছেঁড়া কাগজের ঝুড়ি', 'পাখির বাসা', 'নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র', 'রজনীগন্ধা' প্রভৃতি। তাঁর স্বরচিত নাটকগুলির মধ্যে রয়েছে ক্রিস্টির কাহিনি অবলম্বনে 'দশ পুতুল' এবং চেকভের কাহিনি অবলম্বনে 'বহ্বারম্ভ'। এ ছাড়াও রয়েছে 'শিশুপাল', 'অনিকেত', 'বিছন', 'খারিজ', 'মাতৃতান্ত্রিক', 'নিকট গঙ্গা', 'দেবাংশী', 'ক্ষীরের পুতুল' প্রভৃতি ।

হরিদাস চট্টোপাধ্যায়, অভিনেতা

মে মাসের শুরুতেই অর্থাৎ পয়লা মে প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়। ইন্ডাট্রির সকলের কাছে তিনি মিঠু দা হিসাবে পরিচিত ছিলেন ৷ তিনি 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত' (1958) এবং 'সাড়ে আট ঘণ্টা' (1961)-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। 'ত্রিনয়নী' ধারাবাহিকে শ্রুতি দাসের দাদুর চরিত্রে অভিনয় করেন তিনি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত একাধিক ছবিতে অভিনয় করেছেন হরিদাস চট্টোপাধ্যায়।

পার্থ ঘোষ, পরিচালক

75 বছর বয়সে প্রয়াত হন বাঙালি পরিচালক পার্থ ঘোষ ৷ 9 জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বাংলা সিনেমার পাশাপাশি তিনি হিন্দি ছবিও পরিচালনা করেছেন ৷ তবে খ্যাতি পেয়েছেন জ্যাকি শ্রফ-মাধুরী দীক্ষিত অভিনীত '100 ডেজ', মিঠুন চক্রবর্তী অভিনীত 'তিসরা কৌন', 'দালাল', নানা পাটেকর-মণীশা কৈরালা অভিনীত 'অগ্নি সাক্ষী' সিনেমার হাত ধরে ৷ বাংলা সিনেমা জগতে 1985 সালে পার্থ ঘোষ ছোট ছোট সিনেমায় অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসাবে কেরিয়ার শুরু করেন ৷ কিন্তু তিনি রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান '100 Days' সিনেমার হাত ধরে ৷ পরিচালকের শেষ ছবি ছিল 2018-তে মুক্তি পাওয়া 'মৌসম ইকরার কে দো পল প্যায়ার কে' ৷ পার্থ ঘোষ পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে, 'জীবন যুদ্ধ', 'গুলাম-এ-মুস্তাফা', 'যুগ পুরুষ', 'মসীহা'-র মতো সিনেমাও ৷

প্রফুল্ল রায়, সাহিত্যিক

19 জুন প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক প্রফুল্ল রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। দীর্ঘদিন বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন প্রবীণ এই সাহিত্যিক। জুন মাসের এক বৃষ্টিমুখর দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 'কেয়া পাতার নৌকো'র স্রষ্ঠা। সাহিত্যিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর গল্প-উপন্যাস অবলম্বনে একাধিক টেলিফিল্ম, ধারাবাহিক, সিনেমা তৈরি হয়েছে ৷ তার মধ্যে উল্লেখযোগ্য, 'পিঞ্জর' (1971), 'বাঘবন্দী খেলা' (1975), 'মোহনার দিকে' (1984), 'আদমি অউর অউরত' (1984), 'একান্ত আপন'(1987), 'চরাচর'(1994), 'টার্গেট' (1997), 'মন্দ মেয়ের উপাখ্যান' (2003), 'ক্রান্তিকাল' (2005), কেয়া পাতার নৌকো ইত্যাদি ৷

বাসন্তী চট্টোপাধ্যায়, অভিনেত্রী

12 অগস্ট প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাসন্তী চট্টোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেত্রীর বয়স হয়েছিল প্রায় 88 বছর। অভিনেত্রীর শেষ ধারাবাহিক 'গীতা এলএলবি'। সেখানে বাড়ির কর্ত্রীর ভূমিকায় ছিলেন তিনি। তাঁকে দেখানো হয় আইনজীবীর চরিত্রেও অর্থাৎ এক সময় তিনিও আইনজীবী ছিলেন তেমনটাই বলা হয় গল্পে। দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন তিনি। তাই নিয়েও মনের জোরে কাজ করে চলছিলেন তিনি। উত্তর কলকাতার বাড়িতে একাই থাকতেন বাসন্তী চট্টোপাধ্যায়।

জয় বন্দ্যোপাধ্যায়, অভিনেতা
দীর্ঘ রোগভোগে কাবু ছিলেন এক সময়ের জনপ্রিয়, সুদর্শন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের 25 অগস্ট বেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একসময়ের এই বলিষ্ঠ অভিনেতা। বিদেশ সরকার পরিচালিত 'অপরূপা' (1982) ছবিতে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের । এরপর নবেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত 'চপার' (1987)-এ তাঁর অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন । অঞ্জন চৌধুরী পরিচালিত 'হীরক জয়ন্তী' ছবিতে চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর অভিনয় দর্শকের মন কেড়ে নেয় । এ ছাড়াও বাবলু সমাদ্দার পরিচালিত 'অভাগিনী', সুখেন দাস পরিচালিত 'মিলন তিথি' ছবি-সহ আরও বেশকিছু ছবিতে অভিনয় করেছেন জয় বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতেও পা রেখেছিলেন তিনি।

2014 সালের লোকসভা নির্বাচনে বীরভূম থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন ৷ তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সাংসদ তথা টলিউড অভিনেত্রী শতাব্দী রায়ের সঙ্গে । তবে জিততে পারেননি ৷ উলুবেড়িয়া থেকে 2019 সালের লোকসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী হিসাবে দাঁড়ান তিনি ৷ সেবার তাঁর লড়াই ছিল তৃণমূলের বর্তমান সাংসদ সাজদা আহমেদের বিরুদ্ধে । সেই নির্বাচনে পরাজয়ের পর 2021 সালে রাজনীতি থেকে অবসর নেন জয় বন্দ্যোপাধ্যায় ৷

ভদ্রা বসু, অভিনেত্রী-নির্দেশক

চলতি বছর 14 নভেম্বর চলে গেলেন তিনকাহন', 'তাহাদের কথা' খ্যাত অভিনেত্রী ভদ্রা বসু (Bhadra Basu) ৷ বয়স হয়েছিল 65 বছর। নাটকের মঞ্চ ও সিনেমার পর্দা, দুই ক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ ৷ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ প্রখ্যাত নাট্য নির্দেশক তথা অভিনেতা অসিত বসুর স্ত্রী ভদ্রা। জানা যায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তাঁর। অস্ত্রোপচারও হয় ৷ কিন্তু জীবন যুদ্ধে হার মানেন অভিনেত্রী তথা নাট্য নির্দেশক ভদ্রা বসু ৷

কল্যাণ চট্টোপাধ্যায়, অভিনেতা
8 ডিসেম্বর 81১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন উত্তম কুমারের এই সহ-অভিনেতা। ম্যালেরিয়া, টাইফয়েড-সহ একাধিক ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। পাশাপাশি ছিল বার্ধক্যজনিত রোগ সহ আরও নানা সমস্যা। ভর্তি ছিলেন এমআর বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই তাঁর জীবনাবসান হয়। তাঁর উল্লেখযোগ্য সিনেমার তালিকায় আছে 'ধন্যি মেয়ে', 'সাগিনা মাহাতো', 'সাগিনা', 'সবুজ দ্বীপের রাজা', 'রূপবান কন্যা', 'বাইশে শ্রাবণ', 'ব্যোমকেশ বক্সী', 'নির্ভয়া', 'দুই পৃথিবী'র মতো অগণিত ছবি। সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি'তেও অভিনয় করেন তিনি। সত্যজিৎ রায় এবং তপন সিনহার পছন্দের অভিনেতা ছিলেন তিনি।

Last Updated : December 15, 2025 at 4:23 PM IST