YEARENDER 2025: ভাইরাল যে গানের 'হুক স্টেপস' ট্রেন্ড করেছে সোশাল মিডিয়ায়
প্রতিটি গানের হুক স্টেপকে কেন্দ্র করে তৈরি হয়েছে একাধিক রিলস ৷

By ETV Bharat Entertainment Team
Published : December 15, 2025 at 5:04 PM IST
হায়দরাবাদ, 15 ডিসেম্বর: গত কয়েক বছর ধরে সোশাল মিডিয়ায় হুক-আপ ডান্স স্টেপ সম্বলিত রিল তৈরির প্রবণতা বাড়ছে। এর আগে ববি দেওলের 'জামাল কুদু', ভিকি কৌশলের 'হুসন তেরা তওবা তওবা' কিংবা আল্লু অর্জুনের 'পুষ্পা পুষ্পা' টাইটেল গানের হুক-আপ স্টেপ-সহ অসংখ্য রিল ভাইরাল হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, এই বছর দর্শক কোন গান এবং সেগুলোর হুক-আপ স্টেপগুলো সবচেয়ে বেশি উপভোগ করেছেন।
ফাকলা (FA9LA)
মিউজিক: ফ্লিপারচি
গায়ক: ফ্লিপারচি
কোরিয়োগ্রাফি: অক্ষয় খান্না
সিনেমা : ধুরন্ধর
শুরুটা করা যাক, ধুরন্ধর সিনেমা দিয়ে ৷ বিশেষ করে অক্ষয় খান্নার 'FA9LA' গান দিয়ে, যা বর্তমানে নেটপাড়ায় ঝড় তুলেছে ৷ গানটি গেয়েছেন ফ্লিপ্পেরাচি (হুসাম মোহাম্মদ আসিম), বাহরাইনের একজন সুপরিচিত হিপ-হপ শিল্পী এবং র্যাপার ৷ যিনি প্রথম এই ট্র্যাকটি 6 জুন, 2024-এ সামনে আনেন ৷ কিন্তু অক্ষয় খান্নার এন্ট্রি সিনে এই গান সামনে আসতেই তা আগুনের মতো ছড়িয়ে পড়ে ৷ বছর শেষে এই গানটাই এখন এক নম্বরে ট্রেন্ড করছে ৷
দাবিড়ি দিবিড়ি (Dabidi Dibidi)
সিনেমা: ডাকু মহারাজ
সঙ্গীত: থামন এস
গায়ক: হরিণী ইভাতুরি (হিন্দি)
কোরিয়োগ্রাফি: শেখর মাস্টার
দক্ষিণী সিনে জগতের মেগাস্টার নন্দমুরি বালাকৃষ্ণের এই গানে রিলস করেননি, এমন অনুরাগী খুঁজে পাওয়া মুশকিল ৷ চলতি বছর মুক্তি পাওয়া 'ডাকু মহারাজ' সিনেমার আইটেম গান 'দাবিড়ি দিবিড়ি' এক লহমায় চলে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে ৷ গানটিতে বালাকৃষ্ণকে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার সঙ্গে দেখা যায়। কিছু দর্শক গানের কোরিওগ্রাফি নিয়ে সমালোচনা করে ৷ তারপরে গান ও তার হুক স্টেপ ভাইরাল সেনসেশনে পরিণত হয়।
জানাব-ই-আলি (Janaab-e-Aali)
সিনেমা: ওয়ার 2
সঙ্গীতঃ প্রীতম
গায়ক: সচেত ট্যান্ডন, সাজ ভাট
কোরিয়োগ্রাফি: বস্কো মার্টিস
যশ রাজ ফিল্মস-এর স্পাই থ্রিলার 'ওয়ার ২' বক্স অফিসে তেমন সাড়া ফেলে পারেনি ৷ কিন্তু এই সিনেমার গানগুলি মন জয় করেছে দর্শকদের ৷ সিনেমায় জুনিয়র এনটিআরও হৃতিক রোশনের নাচ ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি ৷ বস্কো মার্টিসের হুক স্টেপ ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে যায় ৷ বস্কো এর আগে 'মৌজা হি মৌজা', 'জারা জারা টাচ মি', 'জুবি ডুবি', 'সেনোরিটা', 'জালিমা', 'জয় জয় শিব শঙ্কর' এবং 'ঝুমে জো পাঠান'-এর মতো বিখ্যাত গানে কোরিওগ্রাফি করেছেন।
পেহলা তু দুজা তু (Pehla Tu Duja Tu)
সিনেমা: সন অফ সর্দার 2
গায়ক: বিশাল মিশ্রা
কোরিয়োগ্রাফি : গণেশ আচার্য
অজয় দেবগন, যাঁকে বড়পর্দায় খুব একটা নাচতে দেখেন না দর্শকরা ৷ কিন্তু তাঁর ছক ভাঙা হুক স্টেপ আয়ত্ত করে নেন অনুরাগীরা ৷ 'সন অফ সর্দার 2' সিনেমায় সেই উদাহরণ আবারও ধরা পড়েছে ৷ সিনেমায় অজয় ও মৃণাল ঠাকুরের'পেহলা তু দুজা তু' রোমান্টিক গানে সহজ অথচ আকর্ষণীয় হুক স্টেপ নিশ্চই মনে আছে !সোশাল মিডিয়ায় দর্শক ও অনুরাগীদের কাছে এই স্টেপটি মজাদার লাগে ৷ ফলে যথারীতি রিলস দুনিয়ায় ছড়িয়ে পড়ে এই গান ও তার আঙুল দিয়ে নাচের হুক স্টেপ ৷
বেসোস (Besos)
সঙ্গীত: রজত নাগপাল, ফ্রিবট, কার্ল ওয়াইন
গায়ক: শ্রেয়া ঘোষাল, কার্ল ওয়াইন
কোরিয়োগ্রাফি: পীযূষ ভগত এবং শাজিয়া সামজি
'বেসোস' মিউজিক ভিডিয়োটি 2025 সালের মে মাসে মুক্তি পায়। শিখর ধাওয়ান এবং জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত এই মিউজিক ভিডিয়োটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই গানের মাধ্যমেই শিখর ধাওয়ান মিউজিক ভিডিয়োতে ডেবিউ করেন ৷ এই গান এতটাই জনপ্রিয় হয় যে একাধিক রিলস তৈরি করেন অনুরাগীরা ৷
চিকরি চিকরি (Chikri Chikri)
সঙ্গীত: এ আর রহমান
কণ্ঠশিল্পী: মোহিত চৌহান
কোরিয়োগ্রাফি: জানি মাস্টার
সিনেমা : পেড্ডি
রাম চরণ এবং জাহ্নবী কাপুরের আপকামিং সিনেমা পেড্ডি-কে ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে তুঙ্গে ৷ 2026 সালের 27 মার্চ (রাম চরণের জন্মদিনের দিন) মুক্তি পাওয়ার কথা এই সিনেমা। এরই মধ্যে ছবিটির একটি গান ইন্টারনেট ঝড় তুলেছে, আর সেটি হলো 'চিকরি-চিকরি'। এআর রহমানের সুর, মোহিত চৌহানের কণ্ঠ এবং জানি মাস্টারের কোরিয়োগ্রাফিতে তৈরি হয়েছে মাস্টারপিস ৷ গানটিতে রাম চরণের পারফরম্যান্স, বিশেষ করে ক্রিকেট ব্যাটকে প্রপ হিসেবে ব্যবহার করে অনন্য নাচের স্টেপ দেশজুড়ে ট্রেন্ডে পরিণত হয়েছে।

