ফের পিছিয়ে গেল 'টক্সিক' মুক্তির তারিখ, কী কারণ দেখালেন অভিনেতা যশ ?
যশের 'টক্সিক' (Toxic) মুক্তির তারিখ আবারও পিছিয়ে গেল ৷ অনুরাগীদের ধৈর্য্য ধরতে বললেন অভিনেতা ৷ শেয়ার করলেন মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার কারণও ৷

By ETV Bharat Entertainment Team
Published : April 29, 2026 at 12:46 PM IST
হায়দরাবাদ, 29 এপ্রিল: যশের বহু-প্রতীক্ষিত সিনেমা 'টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস' (Toxic: A Fairy Tale for Grown-ups)-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷ সিনেমাটি 4 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও, পরবর্তী সময়ে পিছিয়ে যায় সেই তারিখ ৷ ছবিটির প্রযোজনা সংস্থা কেভিএন (KVN Productions) এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস (Monster Mind Creations)- বুধবার ঘোষণা করেছে যে, 'টক্সিক' এর মুক্তির দিন ফের পরিবর্তন করা হয়েছে ৷ এখন এটা বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নতুন এক তারিখে ৷ যা শীঘ্রই ঘোষণা করা হবে।
'CinemaCon'-এ ছবিটি প্রদর্শিত হওয়ার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেখানে ছবিটি বিশ্বব্যাপী পরিবেশক এবং বিনোদন শিল্পের সংশ্লিষ্ট মহলের কাছ থেকে অত্যন্ত জোরালো ও উৎসাহপূর্ণ সাড়া পেয়েছে। ছবির নির্মাণ দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, এই বিপুল সাড়া ছবিটির জন্য আন্তর্জাতিক পর্যায়ে আরও ব্যাপকভাবে মুক্তি পাওয়ার নতুন সুযোগের দরজা খুলে দিয়েছে ৷ আর ঠিক এই কারণেই ছবির মুক্তির কৌশল পুনরায় পর্যালোচনা ও ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে সিনেমার গোটা টিম ৷
এক বিবৃতিতে, সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা যশ বলেন, "এমন কিছু সিনেমা থাকে যা আমরা তৈরি করি, আবার এমন কিছু সিনেমাও থাকে, যা আমাদের মনে করিয়ে দেয়-কেন আমরা সিনেমার প্রেমে পড়েছিলাম। 'টক্সিক' (Toxic) তেমনই একটি জার্নির সাক্ষী। CinemaCon-এ আমাদের ছবিটি উপস্থাপন করা এবং বিশ্বজুড়ে এর প্রতি যে বিপুল সাড়া আমরা দেখেছি, তা আমাদের সেই বিশ্বাসকেই আরও সুদৃঢ় করেছে যে, এই ছবিটি গ্লোবালি তার পূর্ণ সম্ভাবনা বিকাশের দাবি রাখে।"
নির্মাতারা নিশ্চিত করেছেন যে, যদিও সিনেমা তৈরির কাজ শেষ হয়েছে ৷ তবুও বর্তমানে তাঁরা এর বৈশ্বিক পরিবেশনা ও অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়গুলো সমন্বয়ের কাজ করছেন। এক বিবৃতিতে তাঁরা জানান, "যদিও পূর্বে ঘোষিত তারিখ অনুযায়ী 4 জুন আমরা ছবির মুক্তি দিচ্ছি না ৷ তবে পরবর্তীতে এক বিশ্বব্যাপী সমন্বিত তারিখে এটি মুক্তি পাবে।" বিবৃতিতে আরও বলা হয়েছে, "শীঘ্রই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে 'টক্সিক' (Toxic)।"
এই নিয়ে প্রথমবার নয়, এর আগে, 'টক্সিক' 19 মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু তা পিছিয়ে চলতি বছরের 4 জুন ঠিক করা হয় ৷ সেই সময়, নির্মাতারা মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনাকেই মুক্তি না পাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। বর্তমানে যশ বলেন যে, "এমন এক সময়ে যখন ভারতীয় সিনেমা বিশ্বমঞ্চে পা রাখছে, তখন আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হল মানদণ্ডকে আরও উঁচুতে তুলে ধরা।" তিনি তাঁর অনুরাগীদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান ৷ বলেন, "কিছু গল্পের জন্য ধৈর্যের প্রয়োজন হয়। কিছু জার্নি সেই অপেক্ষার দাবি রাখে ৷"
'টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস' সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ ৷ পাশাপাশি রয়েছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া। গীতু মোহনদাস পরিচালিত এবং যশের সহ-রচনায় নির্মিত এই সিনেমা কন্নড় ও ইংরেজি ভাষায় তৈরি হয়েছে ৷ একাধিক ভারতীয় ভাষায় এর ডাবিং সংস্করণ প্রকাশের পরিকল্পনাও রয়েছে।

