রোম্যান্টিসিজমে মোড়া 'টক্সিক' যশ ! জন্মদিনে টিজারে মুগ্ধ অনুরাগীরা
কবে মুক্তি পাচ্ছে টক্সিক ?

By ETV Bharat Entertainment Team
Published : January 8, 2026 at 1:28 PM IST
হায়দরাবাদ, 8 জানুয়ারি: অনুরাগীরা ছিলেন অপেক্ষায় ৷ যশের জন্মদিনে অবশেষে হাজির বহু প্রতীক্ষিত 'টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস'-এর প্রথম ঝলক ৷ যশের জন্মদিনে অনুরাগীদের সঙ্গে সেই ঝলক ভাগ করে নেন 'কেজিএফ' তারকা ৷ 'টক্সিক' ছবির অ্যাকশন-প্যাকড ঝলক দেখে মুগ্ধ অনুরাগীরাও ৷ সিনেমার ঝলকে যশ হাজির রায়া চরিত্রে ৷
যশ এমন একজন অভিনেতা যিনি তার জন্মদিনে ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করেন। তাঁর অনুগত ভক্তরা একটি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন প্রতিবছর ৷ কিন্তু এই নিয়ে টানা চার বছর যখন অভিনেতা তা করতে পারেননি, কারণ তিনি 'টক্সিক' এবং 'রামায়ণ'-এর মতো বড় বাজেটের ছবিতে কাজ নিয়ে ব্যস্ত।
যশের 40তম জন্মদিনে, 'টক্সিক'-এর নির্মাতারা ছবিটির প্রায় 3 মিনিটের একটি ঝলক প্রকাশ করেছেন। ভিডিয়োটি শুরু হয় একটি কবরস্থানে, যেখানে যশের প্রতিপক্ষ তার ছেলেকে শেষ বিদায় জানাচ্ছে ৷ শান্তিপূর্ণ কার্যাকলাপের সময় বারবার প্রশ্ন উঠছিল রায়া আসবে কি না। এরপরেই আচমকা একটি কালো গাড়ি প্রবেশ করে ৷ বাইরে থাকা দল কে এসেছে তা জানতে উৎসুক হলেও, যশ গাড়ি থেকে নামতে বেশ কিছুটা সময় নেন, কারণ তিনি গাড়িতে রোমান্টিক মুহূর্ত কাটাতে ব্যস্ত ছিলেন।
ইঙ্গিতপূর্ণ শটগুলির সঙ্গে উত্তেজনাও বাড়তে থাকে ৷ যশ যখন তার সবচেয়ে স্টাইলিশ রূপে, দুর্দান্ত ব্যক্তিত্ব নিয়ে এক হাতে বন্দুক হাতে কবরস্থানে প্রবেশ করেন, তখন পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। তিনি কেবল একটি সংলাপই বলেন, "ড্যাডিস হোম।" হ্যাঁ, এটি মার্ক ওয়ালবার্গ এবং উইল ফেরেলের একটি কমেডি ছবির শিরোনাম। রকি ভাই থেকে রায়া হয়ে ওঠার এই চরিত্র যেমন গম্ভীর দেখানো হয়েছে তেমনই রয়েছে হাসির খোরাকও ৷
রবি বাসরুরের সঙ্গীত এবং জেজেপেরি, অন্বারিভ, কেচা খামফাকদি ও অমৃত সিংয়ের অ্যাকশন কোরিওগ্রাফি একে অপরের পরিপূরক ৷ অন্যদিকে জাতীয় পুরস্কার বিজয়ী চিত্রগ্রাহক রাজীব রবির চিত্রায়ণ বেশ আকর্ষণীয়। শিল্প নির্দেশক মোহন বি. কেরে এবং সন্দীপ জি. শর্মার নির্মিত কাল্পনিক জগতে যশ আমন্ত্রণ জানিয়েছেন অনুরাগীদের ৷
'টক্সিক' ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস, যিনি যশ-এর সঙ্গে যৌথভাবে এই সিনেমার চিত্রনাট্যও লিখেছেন। ছবিটি একই সাথে কন্নড় ও ইংরেজি ভাষায় চিত্রায়িত হয়েছে এবং হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালম ও আরও বেশ কয়েকটি ভাষায় ডাবিং হয়েছে ৷ এর আগে নির্মাতারা প্রধান অভিনেত্রী হুমা কুরেশি, তারা সুতারিয়া, কিয়ারা আডভানি এবং নয়নতারার আকর্ষণীয় চরিত্র পোস্টারের মাধ্যমে পরিচয় করিয়ে দিয়েছিলেন। টক্সিক বড়পর্দায় মুক্তি পাবে চলতি বছর 19 মার্চ ৷

